কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে ২০১৩ সালের নতুন প্রশ্নপত্রের পরিবর্তে ২০১১ সালের ‘ক-সেট’ প্রশ্নপত্রে পরিসংখ্যান (তত্ত্বীয়) দ্বিতীয়পত্রের এইচএসসি পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।
জানা যায়, এইচএসসি’র পরিসংখ্যান (তত্ত্বীয়) দ্বিতীয়পত্রের পরীক্ষা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ওইদিন কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে ওই বিষয়ের ৬৬ জন পরীক্ষার্থীর মাঝে ২০১৩ সালের ‘খ-সেট’ প্রশ্নপত্রের পরিবর্তে ২০১১ সালের ‘ক-সেট’ প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করে কেন্দ্র কর্তৃপক্ষ। পরীক্ষার শেষ পর্যায়ে বিষয়টি পরীক্ষার্থীদের নজরে পড়লে এ নিয়ে পরীক্ষা কেন্দ্রে হৈ চৈ শুরু হয় ও পরীক্ষায় অংশগ্রহণকারীরা কান্নাকাটি শুরু করে। কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ ইত্তেফাককে জানান, ঐদিন রাতেই কলেজের অফিসকক্ষের স্টিলের ও কাঠের আলমারীতে থাকা ২০১৩ সালের নতুন প্রশ্নপত্র ও ২০১১ সালের পরীক্ষার ওই বিষয়ের অন্যান্য প্রশ্নপত্র জব্দ করা হয়ছে।’ তিনি আরো জানান, ‘কেন্দ্রের দায়িত্বশীলদের অযোগ্যতা, অদক্ষতা, গাফিলতি কারণে এমনটি হয়েছে।’ ৬৬ জন পরীক্ষার্থীর ভবিষ্যত্ নিয়ে কি হবে এমন প্রশ্নে কুমিল্লা শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর অলিউর রহমান জানান, ‘কমিটির রিপোর্ট পাওয়ার পর তা মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে এবং মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেয়া হবে।’ উল্লেখ্য, শিক্ষাবোর্ডের অধীন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে বৃহস্পতিবার পরিসংখ্যান (তত্ত্বীয়) দ্বিতীয়পত্রের এইচএসসি পরীক্ষায় নগরীর কুমিল্লা মহিলা মহাবিদ্যালয় ও কুমিল্লা কমার্স কলেজের ৬৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
