ক্রি কে ট

স্বর্ণ জিতলো রাজশাহী

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২২:১১
ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল দল রাজশাহী বিভাগ বাংলাদেশ গেমসের প্রথম ক্রিকেট আসরটিরও ট্রফি জিতে ইতিহাসে নামে লেখালো। রাজশাহী গতকাল শনিবার বগুড়ায় টি-টুয়েন্টিভিত্তিক এই প্রতিযোগিতার উত্তেজনাপূর্ণ ফাইনালে রংপুরকে ৫ উইকেটে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে। অষ্টম বাংলাদেশ গেমসের ক্রিকেট প্রতিযোগিতায় এছাড়া তৃতীয় স্থান নির্ধারণী খেলায় জিতে ব্রোঞ্জ পায় ঢাকা মেট্রো। দলটি খুলনাকে হারিয়ে এ কৃতিত্ব দেখায়। দুটি খেলাতেই জাতীয় স্তরের একাধিক ক্রিকেটার অংশ নেন। আয়োজকদের চরম অব্যবস্থাপনায় আগের খেলাগুলোয় মাঠে দর্শক না এলেও এদিন সে গ্লানি কিছুটা হলেও ঘুঁচে যায় ফাইনালে। জেলা ক্রীড়া সংস্থা নিজেদের উদ্যোগে শহরে প্রচারের ব্যবস্থা করায় কাল মাঠে দর্শক উপস্থিতি ছিল উল্লেখ করার মত। ব্যাটসম্যানদের চার-ছয়ের সাথে দর্শকদের মুহুর্মুহু করতালিতে মুখরিত ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। রংপুর বিভাগ কাল টসে জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫০ রান তোলে। আলাউদ্দিন বাবু সর্বোচ্চ ৩৮ এবং অধিনায়ক সোহরাওয়ার্দী শুভ করেন অপরাজিত ২৮ রান। রাজশাহীর দেলোয়ার হোসেন ও মুক্তার আলী পান তিনটি করে উইকেট। জবাবে ম্যাচ ও টুর্নামেন্ট সেরা সাব্বির রহমানের ৪৬ বলে তোলা অপরাজিত ৬৪ রানে এক ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে রাজশাহী। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ফরহাদ হোসেন (২৮) ও জুবায়ের (২৪)। সংক্ষিপ্ত স্কোর : রংপুর: ১৫০/৭, আলাউদ্দিন বাবু ৩৮, শুভ ২৮*, দেলোয়ার ৩/৩১, মুক্তার আলী ৩/২৬। রাজশাহী: ১৫৪/৫ (১৯ ওভার), সাব্বির ৬৪*, ফরহাদ হোসেন ২৮, জুবায়ের ২৪, আলাউদ্দিন বাবু ১/৩১, শুভ ১/২৫, শুভাশীষ রায় ১/২৮, তানভীর ১/৩০। ফল: রাজশাহী ৫ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট: সাব্বির রহমান (রাজশাহী)। ঢাকা মেট্রো’র ব্রোঞ্জ জয় এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খুলনাকে ৭৫ রানে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে ঢাকা মেট্রো। টসে হেরে ব্যাটিংয়ে বাধ্য হয়ে ঢাকা মেট্রো সাত উইকেট হারিয়ে করে ১৭১ রান। মার্শাল আইয়ুব ৫৩ এবং আসিফ আহম্মেদ রাতুল ২৭ রান করেন। টার্গেট তাড়া করতে গিয়ে ৯৬ রানেই শেষ হয় খুলনার ইনিংস। তাপস ঘোষের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৯ রান। রাতুল, আরাফাত সানি ও বিশ্বনাথ হলদার দুটি করে উইকেট নেন। ফিফটি করায় মার্শাল আইয়ুব পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। ৩য় স্থান নির্ধারণী ঢাকা মেট্রো: ১৭১/৭, মার্শাল আইয়ুব ৫৩, আসিফ ২৯, তাসামুল ২৬, ডলার ১/৪৬, আল-আমিন ১/৩৪, রায়হান ১/২৫, তুষার ইমরান ১/৮। খুলনা: ৯৬/১০ (১৮.২ ওভার), তাপস ঘোষ ২৯*, আরাফাত ছানি ২/২৮, আসিফ ২/১৭, বিশ্বনাথ ২/১০। ম্যান অব দ্য ম্যাচ: মার্শাল আইয়ুব। ফল: ঢাকা মেট্রো ৭৫ রানে জয়ী ।