ভূরুঙ্গামারীতে কলেজ ছাত্রীর হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুল ও কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেছে।
গত শনিবার দুপুরে শহরের জামতলা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় ঘাতক স্বামীর গ্রেফতার ও বিচারের দাবিতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী বক্তব্য রাখেন। পরে মিছিল করে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার এজেএম এরশাদ আহসান হাবিব দোষীদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার কথা জানান।
উপজেলার দেওয়ানের খামার গ্রামের কফিল উদ্দিনের কন্যা মাহমুদা বেগম ভূরুঙ্গামারী মহিলা মহাবিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ছাত্রী। প্রায় ৩ বছর আগে বেলদহ পাইকের ছড়া গ্রামের শামছুল হকের পুত্র শাহীন মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও তার পরিবারের লোকজন তাকে বিভিন্নভাবে নির্যাতন করতো। গত ২০ এপ্রিল সকালে স্বামীর বাড়িতে ঘরের ভিতর গলায় ওড়না জড়ানো মাহমুদার লাশ পাওয়া যায়।
