‘বার্সার জয় আর রিয়ালের হার’- এই সমীকরণের সামনে দাঁড়িয়ে ছিল বার্সেলোনার লা লিগার শিরোপা স্বপ্ন। তবে, এই যাত্রায় অ্যাথলেটিক বিলবাওয়ের সাথে ড্র করে বসলো কাতালানরা। আর অন্যদিকে রিয়াল মাদ্রিদের জয়ে এখনই শিরোপা জেতা হলো না বার্সেলোনার। গত শনিবার শেষ মুহূর্তের গোলে ২-২ গোলে ড্র করে বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও। আর ডার্বি ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
শনিবারের ম্যাচগুলোর আগে অবশ্য পরিসংখ্যান বলছিল বার্সেলোনার জয় এবং দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের অ্যাথলেটিকোর মাদ্রিদের কাছে পরাজয়ই কাতালানদের শিরোপা নিশ্চিত করে দিবে। কারণ পাঁচ ম্যাচ হাতে রেখেই বার্সেলোনার পয়েন্ট তখন রিয়ালের তুলনায় ১৬ পয়েন্ট বেশি হয়ে যেতো। কিন্তু জয় নয় বরং এ্যান্ডার হেরেরার শেষ মুহূর্তের গোলে বার্সেলোনাকে এ্যাওয়ে ম্যাচে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। অন্যদিকে শহুরে প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকোকে ২-১ গোলে পরাজিত করে রিয়াল কিছুটা হলেও পয়েন্টের ব্যবধান কমাতে সক্ষম হয়েছে। শীর্ষ দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান এখন ১১।
ম্যাচের ২৭ মিনিটে মার্কেল সুসায়েটার গোলে বিস্ময়কর ভাবে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা ফিরে আসতে মরিয়া হয়ে ওঠে। তবে গোল পেতে বেশ দেরি হয়ে যায় তাদের। ৬৭ মিনিটে মেসির গোলে ম্যাচে ফেরে তারা। এবারের মৌসুমে এই নিয়ে ৩৩টি লীগ ম্যাচে ৪৪তম গোল করলেন মেসি। গত মৌসুমে রোনাল্ডোকে ছাড়িয়ে এখন তিনি শীর্ষ গোলদাতার তালিকায় স্থান পেলেন। এছাড়া এই ম্যাচে আরেকটি রেকর্ড গড়েছে বার্সা। টানা ২৬টি এ্যাওয়ে ম্যাচে গোল করে বার্সেলোনা নিজেদের রেকর্ডই ভেঙ্গেছে।
এর দুই মিনিট বাদেই অ্যালেক্সিস সানচেজের গোলে জয়ের পথেই হাঁটছিল কোচ টিটো ভিলানোভার শিষ্যরা। তবে, নব্বই মিনিটে অ্যান্ডার হেরেরার গোলেই থামতে হয় বার্সেলোনাকে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাই মানসিকভাবে পিছিয়েই থাকবে মেসিরা।
অপর ম্যাচে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলে জিতলো রিয়াল মাদ্রিদ। অপেক্ষার প্রহর বাড়লো অ্যাটলেটিকোর। রিয়ালের বিপক্ষে ১৪ বছর ধরে একবারও জিততে পারেনি তারা।
অথচ ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে ডিয়েগো গোদিনের ক্রস থেকে সহজ একটি হেডের মাধ্যমে স্বাগতিকদের দারুণ এক সূচনা এনে দিয়েছিলেন রাদামেল ফালকাও। যদিও হুয়ানফ্র্যানের আত্মঘাতী গোলে নয় মিনিটের মধ্যে সমতা ফেরায় রিয়াল। অ্যাঞ্জেল ডি মারিয়ার ফ্রি-কিক থেকে আত্মঘাতী গোলের লজ্জায় ডোবে অ্যাথলেটিকো। তবে ৬৩ মিনিটে করিম বেনজেমার পাস থেকে লো ড্রাইভের মাধ্যমে পরে ডি মারিয়াই গোল করে রিয়ালকে জয় এনে দেন। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়া রিয়াল মঙ্গলবার দ্বিতীয় লেগে ঘরের মাঠে আবারো মুখোমুখি হচ্ছে। সেই ম্যাচকে সামনে রেখে ডি মারিয়াকে নিয়ে কোচ হোসে মরিনহো উচ্ছ্বসিত হতেই পারেন।
গতকাল জয়ের পরে ডি মারিয়া বলেছেন, ‘মঙ্গলবারের ম্যাচের আগে আজকের এই জয় বাড়তি অনুপ্রেরণা যোগাবে। আশা করছি সেই ম্যাচটিতেই আমরা আমাদের সেরা খেলা উপহার দিতে পারবো। আমরা এখনো লীগে নিজেদের ধরে রেখেছি এবং এখন পর্যন্ত সব কিছু ঠিকমতই এগুচ্ছে। কোচের পরিকল্পনা মতই আমরা লীগে নিজেদের এগিয়ে নিয়েছি।’
