বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার ড্যানিয়েল ভ্যান বুইটেন জানিয়েছেন তার দল আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে বার্সেলোনার বিরুদ্ধে অবশিষ্ট কাজটুকু শেষ করতেই স্পেন যাবে। মিউনিখে প্রথম লেগে চোখ ধাঁধানো ৪-০ গোলে জয়ের পর ব্যাভারিয়ান দলটি ফাইনালের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে।
বেলজিয়ান এই খেলোয়াড় গত শনিবার বুন্দেসলিগায় ফ্রেইবুর্গের বিরুদ্ধে বায়ার্ন মিউনিখের ১-০ গোলের জয়ে দলে ঠাই পান। বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কস বার্সেলোনার বিপক্ষে খেলা দলটির দশজনকে বদলিয়ে এদিন ফ্রিইবুর্গের মুখোমুখি হন। বার্সেলোনার বিরুদ্ধে গত মঙ্গলবারের খেলাটিতে থমাস মুলার জোড়া গোল করেন এবং স্পানিশ চ্যাম্পিয়নরা ১৯৯৭ সালের পর ইউরোপে বড় হারের কবলে পড়ে।
বুইটেন বার্সেলোনার বিরুদ্ধে আসন্ন লড়াইয়ে নিয়মিত একাদশে জায়গা পেতে জেরোম বোয়েটাংয়ের সাথে লড়ছেন। ফাইনালে উঠলে এটা হবে চার বছরের মধ্যে তৃতীয়বারের মত বায়ার্নের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লড়াইয়ে যোগ দেয়া। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আগামী ২৫ মে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ফাইনাল হবে।
বর্তমানে ৩৫ বছর বয়সী বুইটেন বলেন, ‘আমাদের সবার লক্ষ্য একই। আমরা শিরোপা জিততে চাই। আমরা একসাথে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছি। আমাদের বেঞ্চও শক্তিশালী এবং সেখানে কোন অসন্তোষ নেই।’
সুইস উইঙ্গার শেরডেন শাকিরি বায়ার্নের টানা ১৪তম লিগ জয়ে শনিবার ৩৫ মিনিটে সরাসরি ফ্রি-কিক থেকে গোলটি করেন। তিন সপ্তাহ আগে বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করা বায়ার্ন চলতি মৌসুমে ৩১টি ম্যাচে এ নিয়ে ২৭টি জয় পেল।
পয়েন্ট টেবিলেও বায়ার্ন নতুন রেকর্ড গড়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৮৪ পয়েন্ট বাভারিয়ানদের। বুন্দেসলিগায় ২০১২ সালের মে তে ৮১ পয়েন্ট তুলেছিল বরুশিয়া ডর্টমুন্ড। এক মৌসুমে সবচেয়ে বেশি পয়েন্ট এতদিন ডর্টমুন্ডের ছিল। বায়ার্ন এই রেকর্ডটি ভেঙে দিল। এছাড়া বুন্দেসলিগায় হেইঙ্কসের এটি ৫০তম জয়। বায়ার্নের দায়িত্ব নিয়েছিলেন তিনি ২০১১ সালের জুলাইয়ে। বায়ার্ন এখন ট্রেবল জয়ের পথে এগিয়ে যাচ্ছে। জার্মান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা রয়েছে তাদের। আর বুন্দেসলিগা তো জয় করা হয়েছেই। প্রথম জার্মান ক্লাব হিসেবে বিরল কৃতিত্বের সামনে বায়ার্ন।
এদিকে বরুশিয়া ডর্টমুন্ড মাদ্রিদে চ্যাম্পিয়ন্স লিগ ফিরতি লেগে খেলতে যাওয়ার আগে প্রস্তুতিটা ভালই নিয়ে রাখল। শনিবার তারা স্বাগতিক ফরচুনা ডুসেলডর্ফকে ২-১ গোলে হারায়। ডর্টমুন্ডও দলের দশজনকে বদলে মাঠে নেমেছিল চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখে। আগামীকাল মঙ্গলবার রিয়াল মাদ্রিদ নিজের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ফিরতি লেগে ডর্টমুন্ডকে আতিথ্য দেবে। মাদ্রিদের বিপক্ষে চার গোল দেয়া রবার্ট লেভানডফস্কি এদিন বদলি খেলোয়াড় হিসেবে নামলেও গোল করতে পারেননি। এর আগে বুন্দেসলিগায় টানা ১২ ম্যাচে গোল করেছিলেন লেভানডফস্কি।
