সানডে টাইমসের দৃষ্টিতে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে ধনী খেলোয়াড় নির্বাচিত হলেন ওয়েইন রুনি। তার মোট সম্পদের পরিমাণ পাঁচ কোটি দশ লাখ পাউন্ড। ব্রিটেন এবং আয়ারল্যান্ডের শীর্ষ ১০০ ধনী খেলোয়াড়ের মধ্যে প্রিমিয়ার লিগ থেকে রুনিসহ মোট ২৪ জন স্থান পেয়েছেন। গত বছরের তুলনায় রুনির সম্পদ এবার আরো ৬০ লাখ পাউন্ড বৃদ্ধি পেয়েছে। আর রুনি-কলিন দম্পতির সম্পদের পরিমাণ ছয় কোটি ৪০ লাখ পাউন্ড। রুনির ইউনাইটেড সতীর্থ রিও ফার্দিনান্দ চার কোটি ২০ লাখ পাউন্ড নিয়ে ধনী খেলোয়াড়ের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। আর স্টোক সিটি তারকা মাইকেল ওয়েনের অবস্থান তৃতীয়। ফুটবল সুপারস্টার ডেভিড বেকহ্যাম মোট ১৬ কোটি ৫০ লাখ পাউন্ডের সম্পদ নিয়ে পৃথিবীর শীর্ষ ক্রীড়া তারকাদের মধ্যে অবস্থান করছেন একাদশ নম্বরে। আর ৫০ কোটি ৭০ লাখ পাউন্ডের সম্পত্তি নিয়ে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ আমেরিকান গলফার টাইগার উডস।
