রিয়ালের প্রেরণা ইতিহাস!

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২১:৪৬
প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে ৪-১ ব্যবধানে হার; জার্মানী থেকে মাথা নিচু করেই ফিরতে হয় রিয়াল মাদ্রিদকে। ফাইনালে ওঠার জন্য আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে ইতিহাস গড়ার বিকল্প নেই রিয়াল মাদ্রিদের। আর নতুন ইতিহাস গড়ার আগে ইতিহাস থেকেই প্রেরণা খুঁজছে কোচ হোসে মরিনহোর দল। কি সেই প্রেরণা? আজ থেকে প্রায় চার দশক আগের কথা। ১৯৭৫ সালে ডার্বি কাউন্টির বিপক্ষে তত্কালীন ইউরোপের সর্বোচ্চ ফুটবল টুর্নামেন্টে প্রথম লেগে ঠিক এখনকার মতোই ৪-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগ মাদ্রিদের এই বার্নাব্যু স্টেডিয়ামেই। অতিরিক্ত সময়ে মাঠে নামেন বর্তমান স্পেন জাতীয় ফুটবল দলের কোচ ভিসেন্তে দেল বক্স। ১০০ মিনিটে তার গোল, আর ৫-১ ব্যবধানে রিয়ালের বিখ্যাত সেই জয়। আজও এমন ইতিহাসকেই ফিরিয়ে আনতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ? দলের মধ্যমাঠের তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া বলছেন সম্ভব। শেষ লিগ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোল করা এই আর্জেন্টাইন বলেন, ‘আমরা আগের ম্যাচের জবাব দিতে চাই। আর গত লিগ ম্যাচের পর এখন আমরা বেশ আত্মবিশ্বাসী। এবার আর বাজে ভাবে হারবো না।’ আর গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সমর্থকদের জন্য স্বস্তির এক খবর দিলেন কোচ হোসে মরিনহো। জানালেন বিশ্রাম থেকে ফিরছেন দলের অন্যতম মূল সদস্য ক্রিশ্চিয়ানো রোনালদো। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে বিশ্রামে ছিলেন রোনালদো সহ মূল দলের মোট দশজন খেলোয়াড়। মঙ্গলবার অনুশীলনে ফিরেছেন তারা। ক্লাবের নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে মরিনহো বলেন, ‘রোনালদো সহ বাকি ১০ জন বিশ্রাম থেকে অনুশীলনে ফিরেছে। আর আগামী ম্যাচ খেলতে রোনালদো ১০০ ভাগ ফিট।’ এবারের চ্যাম্পিয়ন্স লিগে ১২টি গোল করা ‘সি আর সেভেন’ আছেন সর্বোচ্চ গোলদাতাদের শীর্ষে। তাই তিনি দলে ফিরে আসা স্প্যানিশ জায়ান্টদের জন্য অবশ্যই ইতিবাচক। মরিনহোর কথা থেকে আরও জানা যায় মূল দলের মোটামুটি সবাই ফিট আছেন। ইনজুরির কারণে খেলতে পারবেন না অ্যালভারো আরবেওলা ও মার্সেলো। তবে রোনালদো থাকার পরেও ঠিক নির্ভার থাকতে পারছে না রিয়াল শিবির। কারণ, প্রথম লেগের বড় পরাজয়। এক রবার্ট লেবানডস্কির চার গোলেই ছিটকে পড়ে নয় বারের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজয়ী লস ব্ল্যাঙ্কোসরা। আশার ব্যাপার হল নিজেদের মাঠে অনুষ্ঠিত শেষ ১৯টি ম্যাচের মাত্র ২টিতে হেরেছে রিয়াল। এই মৌসুমে এখন পর্যন্ত তিনবার বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ। হতাশার ব্যাপার হল এই ম্যাচগুলোর একটিতেও জিততে পারেনি তারা। ড্র করতে পেরেছে একটি মাত্র ম্যাচে। বুন্দেসলিগাতে মরিনহোর মতোই দলের মূল তারকাদের বিশ্রাম দিয়েছিলেন ডর্টমুন্ডের কোচ জার্গেন ক্লপ। দলের অধিনায়ক সেবাস্তিয়ান কেল বলেন, ‘আমরা জানতাম, এতো পরিবর্তন আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। তবে, দলের জন্য ভাল মনে করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে জয়ের পর আমরা এখন নির্ভার। আর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের জন্য আমার দল এখন বেশ আত্মবিশ্বাসী। শেষ ১৯৯৭ সালের পর আর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা হয়নি বরুশিয়া ডর্টমুন্ডের। আর রিয়াল মাদ্রিদের বিপক্ষে আজ বড় কোন ভুল না করলে ১৬ বছর পর শিরোপা স্বাদ পাবার কাছাকাছি পৌঁছে যাবে বরুশিয়া। তবে, রিয়াল ইতিহাস গড়ে ফেললে ভিন্ন কথা। রিয়াল সমর্থকরাও দেখতে চাইবে রিয়ালের নতুন ইতিহাস!