প্রোফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশনের (পিএফএ) দৃষ্টিতে ইংলিশ ফুটবলে বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন গ্যারেথ বেল। একই সঙ্গে বর্ষসেরা তরুণ খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন টটেনহ্যাম হটস্পারের এই তারকা।
মাত্র তৃতীয় খেলোয়াড় একই বছরে এই দুইটি সম্মাননা পাওয়ার গৌরব অর্জন করলেন তিনি। ওয়েলসের ২৩ বছর বয়সী এই খেলোয়াড় টটেনহ্যাম হটস্পারসের হয়ে গত মৌসুমে ১৯টি গোল করেছেন। গোল সংখ্যার বিচারে ম্যানচেস্টার ইউনাইটেডের রবিন ফন পার্সি (২৫) এবং লিভারপুলের লুইস সুয়ারেজই (১৯) শুধু তারচেয়ে এগিয়ে আছেন। গোল করার পাশাপাশি বেল বেশ কিছু গোলও করিয়েছেন।
বিরল এই সম্মাননা পাওয়ার পর উচ্ছ্বসিত বেল বলেন, ‘দুর্দান্ত একটা সম্মান এটি। আপনারসহ খেলোয়াড় এবং সতীর্থদের ভোট পেয়ে কিছু জয় করাটা খেলাটার সবচেয়ে বড় সম্মানের একটা ব্যাপার। সত্যিই দারুণ একটা অর্জন এবং আসলেই আনন্দিত। আপনি যদি তালিকাটার দিকে তাকান তাহলে দেখতে পাবেন বিখ্যাত কিছু ব্যক্তির নাম রয়েছে সেখানে। দলের সাহায্য ছাড়া তাদের টপকানো আমার পক্ষে সম্ভব হতো না। আমার সতীর্থরা পুরো মৌসুম জুড়েই দারুণ খেলেছে। দলের ম্যানেজারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’
এর আগে ২০১১ সালেও বেল বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জিতেছিলেন। বেলের আগে ক্রিশ্চিয়ানো রোনালদো, থিয়েরি অরি, অ্যালান শিয়েরার এবং মার্ক হিউজই শুধু দুইবার এই খেতাব জিততে পেরেছেন ।
দুর্দান্ত গতি, ক্ষিপ্রতা আর গোল করার সহজাত দক্ষতা বেলকে পরিণত করেছে ইউরোপের অন্যতম কাঙ্ক্ষিত তারকায়। তার হাত ধরেই স্পারসরা স্বপ্ন দেখছে চ্যাম্পিয়নস লিগে স্থান পাওয়ার। সঙ্গত কারণেই বেলের দিকে চোখ পড়েছে রিয়াল মাদ্রিদ, ইউনাইটেডসহ ইউরোপের বিখ্যাত সব ক্লাবের। তবে স্পারস কোচ ভিলাস বোয়াস জানিয়ে দিয়েছেন, চার কোটি পাউন্ডের কমে এই সোনার ডিম পাড়া হাঁসকে ছাড়ছেন না তারা।
