ভারতে ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ২১:১৯
ভারতের মধ্যপ্রদেশের চার বছর বয়সী এক কন্যাশিশু অপহরণের পর ধর্ষণের শিকার হয়ে অবশেষে চিকিত্সাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় মারা গেছে। টানা আটদিন নাগপুরের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাকে চিকিত্সা দেয়া হচ্ছিল। নির্যাচনের কারণে শিশুটি অচেতন হয়ে কোমায় চলে যায়। আর ওই অবস্থাতেই তার জীবন বাঁচাতে এবং চেতনা ফেরানোর চেষ্টা চালায় চিকিত্সকরা। শিশুটির বাবা-মা তাকে স্বাভাবিক অবস্থায় শেষবার তাদের গ্রামের বাড়ির বাইরের মাঠে খেলাধুলা করতে দেখেছিল বলে এনডিটিভির খবরে বলা হয়। দুই ব্যক্তি চকলেটের প্রলোভন দেখিয়ে ওই শিশুটিকে অপহরণ করে। রাতে তাকে ধর্ষণ করা হয়। তার বাবা-মা তাকে পরদিন সকালে একটি খামারের বাইরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকেই গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় হাসপাতালে শিশুটির অবস্থা ক্রমশ অবণতির দিকে গেলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নাগপুর হাসপাতালে পাঠানো হয়। গত ডিসেম্বরে দিল্লিতে চলন্ত বাসে এক ছাত্রী ধর্ষণের শিকার হয়ে মারা গেলে ভারতব্যাপী প্রবল প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে ভারতে ধর্ষণের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করা হয়।