আরজিনার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ২১:৫৩
স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী আরজিনা খাতুন রানা প্লাজায় গার্মেন্টে চাকরি করতে গিয়ে গত রবিবার সন্ধ্যায় লাশ হয়ে তার বাবার বাড়ীতে ফিরেছেন। আরজিনা উপজেলার পাচুরিয়াবাড়ী গ্রামের তোফাজ্জল হোসেন তোফার মেয়ে। তার ৫ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। আরজিনাকে তার বাবা প্রায় ৬ বছর আগে চাটমোহর উপজেলার উথুলিয়া গ্রামের আরজান আলীর ছেলে আবুল কালামের সাথে বিয়ে দিয়েছিলেন। আরজিনা ও তার এক বছর বয়সী মেয়েকে দিনমজুর বাবার বাড়িতে ফেলে রেখে স্বামী আবুল কালাম আজাদ আরও একটি বিয়ে করে অন্যত্র চলে যায়। আর কোনদিন তার স্বামী তাদের খোঁজ-খবর নেয়নি। তিন বোন, এক ভাই ও তার বাবা-মার সংসারে বোঝা হয়ে না থেকে এবং মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রায় এক বছর আগে রানা প্লাজায় অবস্থিত একটি গার্মেন্টে চাকরি নিয়েছিলেন। ঘটনার দিন অন্যদের সাথে আরজিনাও কাজ করছিলেন। উদ্ধারকৃত লাশ তার ছোট ভাই কদম আলী গ্রামের কবরস্থানে দাফন করেছে। আরজিনার বাবা তার মেয়ের ক্ষতিপূরণের টাকা তাকে অথবা মৃত আরজিনার মেয়ের নামে দেয়ার দাবি জানিয়েছেন। আরজিনার মেয়ের লেখাপড়ার বন্দোবস্ত করার জন্যও তিনি মাননীয় প্রধান মন্ত্রীর নিকট আবেদন জানিয়েছেন।