পাকিস্তান চিরকালই পেস বোলারদের ‘খনি’ বলে পরিচিত। অজস্র পেস বোলার তৈরি করা এই দেশটির তো বটেই; বিশ্বের সর্বকালের অন্যতম সেরা পেসার ওয়াসিম আকরাম। কিন্তু ওয়াসিমদের যুগ পার করে একটু পেস বোলিং খরার ভেতর পাকিস্তান যাচ্ছে বলে অনেকে মনে করেন।
কিন্তু ওয়াসিম নিজে বলছেন, দেশে প্রচুর প্রতিভাবান ও উদীয়মান পেস বোলার রয়েছেন। দশদিনব্যাপী ‘কিং অব স্পিড’ ক্যাম্পে দায়িত্ব পালন করতে গিয়ে এমন উপলব্ধি করতে পেরেছেন সাবেক এই অধিনায়ক। আকরাম বলেন, ‘পেস বোলার নিয়ে মুমূর্ষু অবস্থায় রয়েছে পাকিস্তান এ ধারণাটি সম্পূর্ণ ভুল। দেশে অনেক উদীয়মান পেস বোলার রয়েছে।’ দেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে আছে অনেক উদীয়মান পেস বোলার। সেই ধারণা থেকেই করাচিতে ‘কিং অব স্পিড’ নামে একটি কার্যক্রম শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই কার্যক্রমের দায়িত্বে ছিলেন ওয়াসিম আকরাম। উদীয়মান পেস বোলারদের বিভিন্ন ধরনের টিপস ও সহযোগিতা করেন তিনি। এ ব্যাপারে ৪৬ বছর বয়সী আকরাম বলেন, ‘পাকিস্তানে প্রচুর পরিমাণে প্রতিভাবান পেসার রয়েছে। আগামী ৫ বছরের জন্য যা যথেষ্ট। পেস বোলার নিয়ে মুমূর্ষু অবস্থায় রয়েছে পাকিস্তান এ ধারণাটি সম্পূর্ণ ভুল। তরুণ বোলারদের সাথে কাজ করাটা আমি বেশ উপভোগ করেছি। পেস বোলিং নিয়ে পাকিস্তানকে ভাবতে হবে না এবং এদিক দিয়ে পাকিস্তানের ভবিষ্যত্ উজ্জ্বল।’ দশদিনের এই কার্যক্রমে আনকোরা পেসারদের বোলিং-এ উন্নতির জন্য বিভিন্ন ধরনের টিপস দেন আক্ররাম। তবে বোলারদের ইয়র্কার দেবার দিকে সবচেয়ে বেশি কাজ করেছেন বলে জানালেন তিনি, ‘আমি এ কার্যক্রমে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি ইয়র্কার নিয়ে, যাতে বোলাররা অনেক বেশি ইয়র্কার বল করতে পারে। আর আমার কোচিং পদ্ধতি একেবারেই সহজ ও ভিন্ন। আমি সবার আগে লক্ষ্য করি বোলারদের বোলিং অ্যাকশন এবং কোন লেন্থে তারা বল করছে। আমি বেশ শৃঙ্খলার মধ্যে কাজ করে থাকি। এখানেও সেটি বজায় রেখেছি।’ কার্যক্রমে কি কি টিপস দিয়েছেন তরুণ বোলারদের এমন প্রশ্নে আকরাম বলেন, ‘তাদের বোলিং গ্রিপ শিখিয়েছি, কোন লেন্থে বল করতে হবে তাও ধারণা দিয়েছি। এমনকি বিভিন্ন ধরনের কন্ডিশন সম্পর্কে ধারণা দিয়েছি। নিজের মাটিতে এবং বিদেশের কন্ডিশনে কিভাবে বল করতে হবে তা নিয়েও কথা বলেছি। তাদের আরও বলেছি- অনেক বেশি বোলিং অনুশীলন করতে হবে এবং প্রচুর পরিমাণে জিম করার পরামর্শ দিয়েছি।’ ১৯৮৫ থেকে ২০০৩ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ১০৪ টেস্টে ৪১৪টি ও ৩৫৬ ওয়ানডেতে ৫০২টি উইকেট শিকার করেন আকরাম।
