অলরাউন্ডার শহিদ আফ্রিদিকে ছাড়াই আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা সফর এবং ঘরোয়া ক্রিকেটে নিজেকে মেলে ধরতে পারেননি বিধায় দল থেকে বাদ পড়লেন আফ্রিদি। গত সোমবার দল ঘোষণা করা হয়।
বর্তমানে ৩৩ বছর বয়সী আফ্রিদির ওয়ানডে ক্রিকেটে গড়া কম বলে সেঞ্চুরির রেকর্ডটি অটুট রয়েছে এখনো। ১৯৯৬ সালে নাইরোবিতে শ্রীলংকার বিপক্ষে ৩৭ বলে তিনি সেঞ্চুরি করেছিলেন। তবে গত কয়েক বছর ধরে মূলত সাবেক পরিচয় লেগস্পিনার হিসেবে বেশি কার্যকর ছিলেন আফ্রিদি। কিন্তু ইদানীং তার সময় ভালো যাচ্ছে না। সর্বশেষ ছয় ওয়ানডে ম্যাচে তিনি একটিও উইকেট তুলে নিতে পারেননি।
সর্বশেষ ১৫ ওয়ানডে ম্যাচে তিনি অবশ্য দুইটি হাফ সেঞ্চুরি করেছেন। চলতি মাসে ঘরোয়া ক্রিকেটে তিনি ৭০ রান এবং তিন উইকেট নিয়েছেন চার ম্যাচে। কিন্তু প্রধান নির্বাচক ইকবাল কাশিম বলছেন, ‘এই পারফরম্যান্স যথেষ্ট নয়, আফ্রিদিকে নির্বাচিত করা হয় বোলিং অলরাউন্ডার হিসেবে। কিন্তু সে বোলিংয়ে স্বরূপে নেই। আবার গুরুত্বপূর্ণ সময়ে রানও করতে পারছে না। তাই তাকে বাদ দিতে হলো। তার ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে না। যদি সে ঘরোয়া ক্রিকেটে ভালো করতে পারে তাহলে তাকে ফিরিয়ে আনা হবে।’
আট জাতি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট এটি। পাকিস্তানের অধিনায়ক হিসেবে থাকছেন মিসবাহ-উল-হক। ইংল্যান্ডে ৬-২৩ জুন পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টে গ্রুপ ‘বি’তে পাকিস্তানের প্রতিপক্ষ হিসেবে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা। ওভালে পাকিস্তানের প্রথম ম্যাচ ৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পরবর্তীতে তারা দক্ষিণ আফ্রিকা (১০ জুন) এবং ভারতের (১৫ জুন) মোকাবিলা করবে।
অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান ৩০ সদস্যের প্রাথমিক দলে ছিলেন না। নির্ভরযোগ্য পেসার উমর গুল ইনজুরির জন্য খেলতে পারছেন না। এছাড়া দল থেকে বাদ পড়েছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান উমর আকমল ও বাঁহাতি পেসার সোহেল তানভির। তবে ২৩ বছর বয়সী মিডিয়াম পেসার উমর আমিন রয়েছেন দলটিতে। পেস বোলিং আক্রমণে এছাড়া রয়েছেন ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ ইরফান, জুনায়েদ খান, এহসান আদিল এবং আসাদ আলী।
পাকিস্তান দল : মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, নাসির জামশেদ, ইমরান ফারহাত, আসাদ শফিক, আব্দুল রেহমান, শোয়েব মালিক, কামরান আকমল (উইকেটরক্ষক), উমর আমিন, জুনায়েদ খান, মোহাম্মদ ইরফান, সাঈদ আজমল, আসাদ আলী, এহসান আদিল ও ওয়াহাব রিয়াজ।
