জাতি আজ শোকবিহ্বল সাভার ভবন ধসের ঘটনায়। আমরা মনে করি ঘটনাটা ঘটেছে সম্পূর্ণ দায়িত্বহীনতার কারণে। যারা এই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে তাদের জীবনের কোন মূল্য নেই।
রিফাত
ঝিনাইদহ
রানা প্লাজায় ফাটল ধরা পড়া সত্ত্বেও ঐ স্থানে হাজার হাজার শ্রমিককে কাজ করতে বাধ্য করে কারখানার মালিক। এটা একেবারেই অমানবিক। এটা রীতিমত মানব হত্যা করা হয়েছে। আমরা চাই-এর সুষ্ঠু বিচার।
নীলুফা আক্তার
টোলারবাগ, মিরপুর, ঢাকা
সাভার ট্র্যাজেডির মর্মান্তিক নিহত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
বিপ্লব আলম
উর্দুরোড, লালবাগ, ঢাকা
আমরা বলবো এটা নির্মম হত্যাকাণ্ড। সোহেল রানার স্বীকারোক্তি— ভবনটি যে ধসে পড়বে তা আমি আগেই বুঝেছিলাম। কারণ ডোবার উপর নির্মাণ করা হয়েছে ভবনটি। সুতরাং এখন বিষয়টি খুবই ভয়ংকর। জেনে শুনে এমন ঘটনা ঘটেছে। অথচ সরকার প্রথম বিষয়টিকে এড়িয়ে যান। আমরা চাই সুষ্ঠু বিচার।
হাসান মোহাম্মদ হোসাইন চৌধুরী
কবিরহাট, নোয়াখালী
বিরোধী দলের হরতাল চলছে সে সময়। হরতালকে তারা প্রতিরোধ করার জন্য রানা প্লাজার মালিক জোর করে শ্রমিকদের কাজ করতে বাধ্য করে। এটা সত্যি দুঃখজনক বিষয়।
মাসুম আহাম্মদ
যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ-উত্কণ্ঠা ছড়িয়ে পড়েছে সারাদেশে। সেই দুর্যোগের মধ্যে রানা প্লাজা ভবন ধসে পড়ে। ধ্বংসস্তূপের মাঝে আটকা পড়ে বহুমানুষ। আমরা চাই সোহেল রানা এবং সাভার ট্র্যাজেডির জন্য দায়ী যারা তাদের শাস্তি।
মুন্সী মোহাম্মদ ওয়াহীদউল্লাহ
মিরপুর ১, ঢাকা ১২১৬
রানা প্লাজার মালিক সোহেল রানা ভবনটি একটি মরন ফাঁদ তৈরি করেছিল। ফলে নিরীহ শ্রমিকদের এমনভাবে জীবন দিতে হয়েছে। সেদিন হরতাল থাকলেও হরতালের মধ্যেও জোর করে শ্রমিকদের কাজ করতে বাধ্য করে।
কাউছার আকন্দ
মতিঝিল, ঢাকা
সাভারে উদাসীনতা ও গাফিলতিতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এটা হরতালের সঙ্গে সম্পৃক্ত নয়।
মো. শওকত আলী
ডিওএইচএস, মহাখালী, ঢাকা
আমাদের দেশে দুর্ঘটনার শেষ নেই। এখানে লঞ্চ দুর্ঘটনা, বস্তিতে অগ্নিকাণ্ড, ভবন ধসে যাওয়া, সড়ক দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২০০৫ সালে আশুলিয়াতে ১টি ৯ম তলা ফ্যাক্টরি ভবন বসে যায়। স্পেকট্রাম ভবনটিও ধসে গিয়েছিল ত্রুটির কারণে। এ রকম ত্রুটি এদেশে হচ্ছে বহু। সুতরাং আগামীতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি দিতে হবে।
এস কে মোহাম্মদ রমিজউদ্দিন
মিরপুর, ঢাকা
রানা প্লাজা ভবন ধসে সরকার ও বিরোধী দল শোক প্রকাশ করেছে। তবে এটা যদি দীর্ঘস্থায়ীভাবে তারা ধরে রাখে তাহলে অনেক ভালো।
ফারুক আলম
মালিবাগ, ঢাকা
আমরা শোকাহত মানবসৃষ্ট মহাবিপর্যয়ে নিহত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
অন্যদিকে এই ঘটনায় যারা জড়িত তাদের বিচার করা হোক।
আইরিন সুলতানা মন্জু
মহিজপড়া, ধুপপুর,
চট্টগ্রাম
মুনাফা লাভের নেশায় ধসে পড়ে রানা প্লাজা। এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে অতি লোভে মানুষের পরিণতি কী হতে পারে। আমরা তো এমন স্বাধীনতা আশা করিনি কখনো। যেখানে শুধু অনিয়ম ও নিয়ন্ত্রণহীন আইন-শৃংখলা। যেখান জীবনের মূল্য নেই। তাহলে আমাদের বিবেক আজ কোথায়? গার্মেন্টস শ্রমিকদের ক্ষতিপূরণ হিসেবে আসলে কী করা হবে? সেটা আজ জাতি দেখতে চায়।
খায়রুল ইসলাম (ফুল)
আরাপপুর, ঝিনাইদহ
সাভারের রানা প্লাজার ফাটল ও ত্রুটি অনেক আগেই ধরা পড়ে। সেজন্য সেখানকার ব্র্যাক ব্যাংকসহ অন্য কিছু প্রতিষ্ঠান আগেই স্থান ত্যাগ করে। অথচ মালিকরা শ্রমিকদের কাজ করতে বাধ্য করে সেদিন। এটাকে আমরা বলবো গণহত্যা।
শিশির
আজিমপুর, ঢাকা।
সম্প্রতি সাভারের ৮ তলা রানা প্লাজা ধসে পড়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন হরতাল সমর্থকরা রানা প্লাজার ফাটল ধরা দেয়ালে ও গেট ধরে নাড়াচাড়া করাতেই পুরো ভবন ধসে পড়েছে। পরে বিষয়টি পরিষ্কার হয়েছে আসলে তা নয়। মালিকের খামখেয়ালিপনাতে এ ঘটনা ঘটেছে। এখন দরকার বিচার।
জাহাঙ্গীর খান বাবু
সিরাজদিখান, মুন্সীগঞ্জ
আমাদের দেশে আশি ও নব্বই-এর দশকে পোশাকশিল্পের প্রসার লাভ করে। পরবর্তীতে এই শিল্প আমাদের দেশে একটি সম্ভাবনাময় শিল্পখাত হিসেবে স্বীকৃতি পায়। আর এই গার্মেন্টসশিল্প আজ আস্তে আস্তে নানা কারণে ডুবতে বসেছে। সম্প্রতি সাভারে রানা প্লাজা ট্র্যাজেডি বড়ই হূদয়বিদারক বিষয়। পরিকল্পিত নগরায়ন এবং ঝুঁকিমুক্ত ও নিরাপদ ব্যবস্থাপনায় সরকারের সকল সংস্থার সম্মিলিত প্রয়াস প্রয়োজন।
আবদুল মালেক মিয়া
মিরপুর ১, ঢাকা ১২১৬
রানা প্লাজার ঘটনার জন্য শুধু রানাই দায়ী নয়। আসল দায়ী হচ্ছে সংসদ সদস্য মুরাদ জং। এত বড় একটা ঘটনা যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন—যে দলেরই হোক তাকে আইনের আওতায় আসতে হবে। কিন্তু আমাদের প্রশ্ন এখন পর্যন্ত ঐ সংসদ সদস্যকে কেন আইনের আওতায় আনা হয়নি।
মোজাহারুল ইসলাম
শান্তিনগর, ঢাকা
আমাদের দেশে রাজনৈতিক ক্ষেত্রে দলীয় কর্মসূচিকে বাস্তবায়নের জন্য যে কোনো ধরনের কার্যক্রমে অংশ নিতে কোনো চিন্তা করা হয় না। সাভারের রানা প্লাজা ধসের দিন সরকারি দলের নেতা-কর্মীরা হরতাল প্রতিহত করার জন্য সাধারণ নিরীহ শ্রমিকদের কাজ করতে বাধ্য করে। মূলত তাদের কার্যক্রম ছিল হরতালকে প্রতিহত করা। হরতাল সফল হয়নি এটা দেখানোর জন্য। এক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ভবনের কথা তারা ভাবেনি। এ ধরনের নোংরা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। অন্যথায় সাভারের ট্র্যাজেডি থেকে আরো ভয়াবহ দুর্ঘটনার জন্য প্রস্তুত থাকতে হবে।
মো. হানিফ মিয়া
ধানমন্ডি, ঢাকা
রানা প্লাজার ধ্বংসস্তূপের উদ্ধারে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। বিধ্বস্ত রানা প্লাজায় ৫ম দিনে সর্বশেষ জীবিত হিসেবে সন্ধান পাওয়া শাহানা চলে গেছেন না ফেরার দেশে। তাকে জীবিত অবস্থায় উদ্ধার সফল হয়নি। বড় মর্মান্তিক বিষয়। তাই আমরা বলবো শুধু রানা প্লাজা নয় দেশের যতগুলো ঝুঁকিপূর্ণ ভবন আছে সেগুলোর বিষয়ে এখনই ব্যবস্থা নিতে হবে।
পারভীন সুলতানা
ঝিনাইদহ
রানা প্লাজার মালিকরা দায়ী। তাদের ট্র্যাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। এ ধরনের দুর্ঘটনার বিচার না করলে সরকারকে এ ধরনের গণহত্যার দায়-দায়িত্ব নিতে হবে। সোহেল রানা যুবলীগের নেতা তার বাবা আবদুল খালেক বিএনপির। তাদের কারণে আজকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে— নিরীহ শ্রমিকদের প্রাণ দিতে হলো। আমরা চাই এদের মৃত্যুদণ্ড। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেবার জন্য।
জাহিদ হাসান সীমান্ত
সারুলিয়া, ডেমরা, ঢাকা
হরতাল প্রতিহত করার উদ্দেশ্য নিয়ে অথবা হেফাজতের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করার উদ্দেশ্য নিয়েই সেদিন গার্মেন্টস খোলা রাখা হয়েছিল। এটি এখন আয়নার মতো স্বচ্ছ। রাজনৈতিক পরিচয়ের নগ্ন সুবিধা আদায়ে ব্যস্ত বেশিরভাগ রাজনীতিবিদ। সাভার ট্র্যাজেডির মাধ্যমে এটি আবারো প্রমাণিত হলো।
মো. ফখরুল ইসলাম টিপু
সেনবাগ, নোয়াখালী
২৪ এপ্রিল হরতাল প্রতিহত করার কর্মসূচি হিসেবে পালের গোদা সোহেল রানা পোশাক শ্রমিকসহ অন্য কর্মীদের জড়ো করেছিল রানা প্লাজাতে। এর পরক্ষণেই ঘটে ভয়াবহ সাভার ট্রাজেডি। রাজনীতিকদের স্বার্থ রক্ষার হাজারো ঠিকাদারির একজন রানা প্লাজার মালিক সোহেল রানা। সে ইতিমধ্যে স্বীকার করেছে, বিল্ডিংটি ধসে যাবে সেও বুঝতে পেরেছিল। এই সত্য উপলব্ধির পরেও সে প্রতিরোধক কোনো ব্যবস্থা না নিয়ে, বরং হরতাল প্রতিরোধের ব্যবস্থা নিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছে। সুখের বিষয় আইন প্রয়োগকারী সংস্থা ইতিমধ্যে তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনেছে।
মুরাদ হোসেন
মধুখালী, ঝিকরগাছা,
যশোর
সাভার রানা প্লাজায় ফাটল দেখা দেওয়ায় ভয়াবহ বিপদের আশঙ্কায় কারখানা ছুটি দেওয়া হয়েছিল। অথচ ভবনের মালিক রানা ও সংশ্লিষ্ট গার্মেন্টস মালিকেরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিজ স্বার্থ হাসিলের জন্য শত শত নিরীহ শ্রমিক-কর্মচারীকে হত্যা করেছে। এই জঘন্য হত্যা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না, এটা গণহত্যার মধ্যে পড়ে। তাই এসব অপরাধীকে কোনো অবস্থায় রেহাই দেওয়া যায় না। এসব গডফাদারের কঠিন শাস্তি হওয়া দরকার।
সোহেল রানা যুবলীগের নেতা তার বাবা খালেক বিএনপির নেতা, এসব নেতাদের শাস্তি বিশেষ ট্রাইব্যুনাল করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। বর্তমান সরকার যদি এদের দ্রুত বিচার না করেন তবে সরকারকে বা রাষ্ট্রকেই এই গণহত্যার দায় নিতে হবে। হরতাল প্রতিরোধ করতে গিয়ে এই ঘটনা ঘটছে বলে অনেকে বলছেন। সোজা কথা, রাজনীতির নামে এ গণহত্যা ঘটেছে। জাতি এ গণহত্যার দ্রুত বিচার চায়।
এস এম মিজান
আবুধাবী, ইউ.এ.ই
স্মরণকালের মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটার ২৪ ঘণ্টা আগে স্থানীয় প্রশাসকের ঐ ভঙ্গুর ভবন এবং বিপজ্জনক ফাটল প্রত্যক্ষ নজরে আসার পরও তিনি (ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুকের মত সর্ব বিষয়ে বিশেষজ্ঞ প্রশাসক) ভবন ধসের কোন কারণ খুঁজে না পেয়ে উপযুক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন বোধ করেননি। শুধু তাই নয় জনৈক প্রকৌশলীর বরাত দিয়ে ?ঐ স্থানীয় প্রশাসক এও জানাতে কসুর করেননি যে, ‘আগামী ১০০ বছরেও এ ভবনের কিছু হবে না’। ভাগ্যের নির্মম পরিহাস ১০০ বছর নয় বরং ১০০ মিনিটের মধ্যে সেই ভয়াবহ হূদয়বিদারক দুর্ঘটনা ঘটার পর তাকেই (উক্ত স্থানীয় প্রশাসককে) সেই ভবন ধসের কারণ খুঁজে বের করা তদন্ত কমিটির সদস্য বানানো হয়েছে (আজব দেশের গজব র্কীর্তি আর কাকে বলে!)। উপযুক্ত কারিগরি আধুনিক সরঞ্জামাদির অভাবে সংশ্লিষ্টদের উদ্ধার কাজে মন্থরগতি দেখে বিশেষজ্ঞরা মত দিয়েছেন এত বড় ট্র্যাজেডি মোকাবেলার জন্য জাতিসংঘ উদ্ধারকারী সংস্থা ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকু অ্যাডভাইজরি গ্রুপের (আইএনএসএআরজি) মাধ্যমে পার্শ্ববর্তী দেশ থেকে উদ্ধার কাজে সহায়তা নেয়া যেত। কারণ পার্শ্ববর্তী দেশে ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্স (এনডিএফ) ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের একটি সুসজ্জিত দল কলকাতায় আছে। ফলে কূটনৈতিক পর্যায়ে সাহায্য চাইলে পাওয়া যেত বলে অভিজ্ঞমহল মনে করেন। কারণ আমাদের দেশ ঐ আইএনএসএআরজি’র সদস্য রাষ্ট্র। অবশ্য দুর্ঘটনা ঘটার মাত্র ২০ মিনিটের মধ্যে সাভারের নবম পদাতিক ডিভিশনের জেওসি’র নেতৃত্বে দেশপ্রেমিক সেনাবাহিনীর একটি চৌকস দল উদ্ধার কাজে আত্মনিয়োগ করে। এখনও সিভিল, পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, স্বেচ্ছাসেবক দল, সাধারণ মানুষ, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, সিভিল ডিফেন্স ও ফায়ার ব্রিগেডের সমন্বয় সাধন করে উদ্ধার কাজ চালিয়ে যাওয়ায় দেশবাসীর অকুণ্ঠ সমর্থন ও সাধুবাদ পাচ্ছে। আহতদের তাত্ক্ষণিক বিনামূল্যে এবং রেজিস্টারভুক্ত না করে দ্রুত সম্ভাব্য চিকিত্সা প্রদানের জন্য এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মালিক ডাঃ এনামুর রহমানের নেতৃত্বে সর্বস্তরের চিকিত্সক, চিকিত্সা বিজ্ঞানের ছাত্রছাত্রী, নার্স, আয়াসহ সংশ্লিষ্ট সকলে যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তা মানবতার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে । জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের নেতৃত্বে ঐ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্ধার কাজে অংশগ্রহণ প্রণিধানযোগ্য। এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারের নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবক দল ধ্বংসস্তূপের হতাহতের উদ্ধারে অংশ নিয়ে মানবতার ইতিহাসে আরেক বিজয় সূচনা করলেন। তিনি এভারেস্ট বিজয় থেকে এ কাজকে মহান বলে নিজেই আখ্যায়িত করেছেন। রাজমিস্ত্রি উজ্জ্বল যার একদিন কাজ না করলে সংসার চলে না, সে বিনা পারিশ্রমিকে উদ্ধার কাজ চালিয়ে মানবতার এক উত্কৃষ্ট নজির স্থাপন করেছেন।
এদেশে সাভার ট্র্যাজেডিই যেন শেষ ট্র্যাজেডি হয় সে ব্যাপারে সদাশয় সরকার যথাযথ ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, সাভারে ভবন ধসে বিপুল সংখ্যক গার্মেন্টস শ্রমিক হতাহতের ঘটনা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা অব্যাহত রাখার সিদ্ধান্তের শুনানিতে প্রভাব ফেলবে। কাজেই এই আরএমজি খাতকে বাঁচাতে তথা পরোক্ষ ও প্রত্যক্ষ ভাবে আর্থ-সামাজিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে সংশ্লিষ্ট সকলকে উপযুক্ত পদক্ষেপ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
ভূঁইয়া কিসলু বেগমগঞ্জী
৫ বিসিসি রোড, নবাবপুর, ঢাকা ১২০৩
যে আমানবিক বিষয়টি আজ সবার নজরে এসেছে তা হচ্ছে সাভারে ধসে যাওয়া ভবনের মধ্যে দুইজন মা সন্তান প্রসব করেছেন। যেখানে সরকারিভাবে ঘোষিত নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস, সেখানে সন্তান প্রসবের আগের দিনও একজন নারীকে গার্মেন্টসে কাজে আসতে হয়েছে। এর চেয়ে নির্মমতা এর চেয়ে পৈশাচিকতা আর কী হতে পারে ?
মুহাম্মদ হাফিজুর রহমান
ঢাকা
রানা প্লাজায় বিপদের আশংকা সত্ত্বেও পরের দিন পোশাক কারখানায় কর্মীদের কাজে আসতে বাধ্য করা হয়েছিল। এক্ষেত্রে অভিযোগ রয়েছে ২৪ এপ্রিল হরতালে প্রতিহত করার জন্যই মূলত পোশাক শ্রমিকদের জড়ো করা হয়েছিল। তাই ভয়াবহ ঘটনা ঘটে।
মোশারফ হোসেন
এলিফ্যান্ট রোড, ঢাকা
হরতালের দিন শ্রমিকদের বাধ্য করা হয়েছিল কাজে যোগ দেওয়ার জন্য। সোহেল রানা ও এমপি মুরাদ জং তাদের বাধ্য করেছে কাজে যোগদানের জন্য।
আমিনুল ইসলাম
ফকিরাপুল, ঢাকা
সাভারের রানা প্লাজার সাধারণ শ্রমিকের জীবন চলে গেলো এর জন্য দায়ী নোংরা রাজনীতি। এর বিচার এ পৃথিবীতে হওয়া সম্ভব হবে না কিন্তু আল্লাহ্র শাস্তি থেকে কোনোদিন বাঁচতে পারবে না দোষীরা। আমি দোয়া করি যাঁরা জীবন দিয়েছেন আল্লাহ তাঁদের বেহেশতের নসিব করুক।
সৈয়দ হায়দার আলী
মহাখালী, ঢাকা
দায়ীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। কিন্তু আপসোস আমরা সবাই জানি অসত্ রাজনীতির কারণে কিছুই হবে না হায়, কিছুই হবে না হায়। শেয়ার বাজার খেয়েছে, ব্যাংক খেয়েছে আরো খেয়েছে পদ্মা। এবার না হয় গুটি কয়েক মূল্যহীন প্রাণ গিয়েছে তাতে কী হয়েছে। আমি সোচ্চার বেহায়া তবুও ভাঙা বাঁশি বাজাই—ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই।
মোহাম্মদ লুত্ফর রহমান
এলিফ্যান্ট রোড, ঢাকা
সাভার ট্রাজেডির মূলহোতা রানাকে আড়ালের অপচেষ্টার জন্যই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল হরতালকারীরা ধস্তাধস্তি করে ভবনটি ফেলে দিয়েছে এবং স্বয়ং সরকারপ্রধানও মহান সংসদে দাঁড়িয়ে বলেছিলেন সোহেল রানা আওয়ামী লীগের কেউ নন। অথচ স্থানীয় জনগণ ও মিডিয়া আওয়ামী লীগের এমপি মুরাদ জং-এর সঙ্গে রানার সাক্ষাত্সহ দলীয় পদমর্যাদার স্পষ্ট প্রমাণিক দলিলে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে। তাহলে কি আমরা ধরে নেবো এর আগেও একাধিকবার হরতাল প্রতিরোধকারী মিছিলের মতো এবারও আওয়ামী নেতা সোহেল রানা হরতালবিরোধী মিছিলের পূর্ব পরিকল্পনার জন্যই গার্মেন্টস কর্মীসহ স্থানীয় নেতা-কর্মীকে বাধ্য করে তুলেছিল পৌরবর্জ্যে ভরাট হওয়া জলাশয়ের ওপর গড়ে তোলা অনুমোদনহীন রানা প্লাজাটিতে।
কামরুল ইসলাম জাহাঙ্গীর
সাধারণ সম্পাদক,
হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ,
মুন্সীগঞ্জ জেলা কমিটি,
মুন্সীগঞ্জ
এদেশে প্রভাবশালীদের বিশেষ করে ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্তদের শাস্তি হওয়ার নজিরও বিরল। সে ক্ষেত্রে গ্রেফতার হওয়া মানেই বিচার ও শাস্তি হওয়া এমনটি মনে হওয়ার কারণ নেই। তবে দেশবাসী চায় এর সুষ্ঠু বিচার।
শিলা জামান
সিডনী, অস্ট্রেলিয়া।
রাজনীতিকে পুঁজি করে কেউ যেন আর সোহেল রানার মতো আদরের ছোট ভাই ক্যাডার সৃষ্টি না করে এবং রাজনৈতিক চরিত্রকে কলুষিত না করে। সাভারের ট্রাজেডিতে জাতি ক্ষতিগ্রস্ত, জাতি শোকে পাথর হয়ে গেছে। বাড়ি থেকে ডেকে এনে এ ধরনের হত্যার জন্য দায়ী কে। ক্যাডার সৃষ্টি, ক্যাডার পোষা কোনো রাজনৈতিক নেতাকে দলের আশ্রয় না দেওয়া জাতির এই শোকে অঙ্গীকার হোক সকল রাজনীতিক দলগুলোর।
মোহাম্মদ সাইফুল ইসলাম
আশুগঞ্জ
সাভারের রানা প্লাজার কর্ণধার ও পাঁচ গার্মেন্ট মালিক সম্মিলিতভাবে শ্রমিকদের জোরপূর্বক কাজে যোগ দিতে বাধ্য করেছিল। তাই আমরা বলবো এটি কোনো দুর্ঘটনা নয়, ইচ্ছাকৃত গণহত্যা করেছে তারা।
হোসনে আরা
এনায়েতগঞ্জ লেন, ঢাকা
রানা প্লাজার পিলারে ফাটল দেখা দেওয়ার দিন দুপুরেই ছুটি দেওয়া হয়েছিল। এর পরের দিন বিপদের আশঙ্কা থাকা সত্ত্বেও পোশাক কারখানায় কর্মীদের কাজে আসতে বাধ্য করা হয়েছিল। কেন ডেকে এনে শ্রমিকদের কাজে লাগিয়ে হত্যা করা হলো এটা জাতি জানতে চায়।
সোহাগ
ভাগলপুর, ঢাকা
সাভারের এই মর্মান্তিক ট্রাজেডি আমাদের নতুনভাবে ভাবাচ্ছে। মালিকরা কি এতই নিষ্ঠুর যে হরতালের দিনে তারা তাদের আদেশ দিয়েছিল কারখানায় কাজ করতে। যার জন্যই এই ভয়াবহ ঘটনার সূত্রপাত। আমরা চাই যারা হরতালের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তাদের জড়ো করেছিল, তাদের বিচার চাই। তাদের শাস্তি চাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
জসিম উদ্দিন
ভালুকা বাজার,
ভালুকা, ময়মনসিংহ
যেখানে আগুন সেখানে নিশ্চয় কেউ অবস্থান করতে পরামর্শ বা নির্দেশ দেবে না। যেখানে মৃত্যুর আশংকা সেখান থেকে নিরাপদ স্থানে রাখা বা যাওয়াই স্বাভাবিক। রানা প্লাজার পিলারে ফাটল দেখা যাওয়ার পর দুপুরে ছুটি দেওয়া হয়। কিন্তু হরতাল প্রতিরোধে অতি উত্সাহি সরকারি দলের রাজনৈতিক নেতার কর্মকাণ্ড আজ জাতীয় শোকে পরিণত হয়েছে। জাতি আজ শোকে মুহ্যমান, স্তব্ধ। ভাষা যেন হারিয়ে গেছে। অতি উত্সাহি নেতার ভাইয়ার কী ভূমিকা ছিল হরতাল প্রতিরোধে —এই প্রশ্ন আজ জাতির সামনে বারবার জেগে উঠছে। আমরা মিডিয়াতে অনবরত ভিডিও ফুটেজ লক্ষ করছি স্থানীয় এমপির স্নেহভাজন আদরের ছোটভাই সোহেল রানা, সাভার ট্রাজেডির খলনায়কের কপাল চুম্বন। মৃত্যুবরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করি এবং আহত যাঁরা হয়েছেন যাঁরা পঙ্গুত্ববরণ করেছেন মহান আল্লাহ তায়ালার কাছে কামনা করি অতিসত্বর যেন তাঁরা সুস্থ হয়ে ওঠেন।
মনজু খন্দকার
চুয়াডাঙ্গ
গত ২৪ এপ্রিল বুধবার সাভারে যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে এর পেছনে বর্তমান সরকারের লোকজন সরাসরি সম্পৃক্ত ছিল। তারা বিরোধী দলের হরতালের বিরুদ্ধে মিছিল করবার জন্য সেই রানাপ্লাজা ভবনে হাজার হাজার গার্মেন্টস কর্মীকে হুমকি দিয়ে সেখানে আসতে বাধ্য করেছিল। এখানে মূল খলনায়ক সংসদ সদস্য মুরাদ জং। কিন্তু এখন পর্যন্ত সরকার তাকে গ্রেফতার করেনি। সাভার এলাকায় শুধু রানা একাই নয় সরকার দলীয় আরো বহু হোমড়া-চোমড়া সন্ত্রাসী বাহিনী রয়েছে। যারা লুটপাট করেছে সীমাহীনভাবে, সাভারের হাজার হাজার মানুষের প্রাণ চলে যাওয়ার ঘটনাটি কোনোভাবেই দুর্ঘটনা নয়। এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
সাইফুল ইসলাম তানভীর
মোড়েলগঞ্জ, বাগেরহাট
যদি রাজনৈতিক নেতারা হরতালের বিরুদ্ধে তাদের একত্র করার পরামর্শ না দিতেন এবং তাদের নির্দেশ না দিতেন তাহলে তারা রানা প্লাজায় আসতো না। আর দুর্ঘটনায় এতোগুলো প্রাণ হারাতো না। আমি মনে করি, যারা এই শ্রমিকদের একত্র করার আদেশ দিয়েছিলো তারাই এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী। তাই তাদের বিচার অবশ্যই হতে হবে।
আলমগীর হোসেন
পুরান থানা, কিশোরগঞ্জ
আমাদের সমাজে বেশিরভাগ মানুষই খেটে খাওয়া মানুষ। তাদের প্রতি ন্যায়বিচার করা হয় না। ন্যায়বিচার হয় না বলেই আমাদের সমাজ বদলায় না। এ রকম ট্রাজেডি কাম্য নয়। পোশাক শিল্প আমাদের দেশে রফতানি আয়ের বিশাল খাত। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় দিন দিন এই শিল্পের ধস নামতে শুরু করেছে। বিদেশে এর সুনাম ক্ষুণ্ন হতে চলেছে। আমরা আশা করি, গার্মেন্টস মালিকেরা ও সরকার বিষয়টি নজরে রাখবেন। আর এই যে মর্মান্তিক দুর্ঘটনা হয়ে গেলো এর সঠিক বিচার হওয়া দরকার।
সৈয়দ নাসরিন সুলতানা
স্যানি সাইড, নিউইয়র্ক
সাভারের রানা প্লাজায় পিলারে ফাটল থেকে ধ্বংসস্তূপে পরিণত হলো শুধু খামখেয়ালি আর উদাসীনতার কারণে। আমরা এরকম মর্মান্তিক দুর্ঘটনা আর দেখতে চাই না। আর রাজনৈতিক দলগুলোকে আরো বেশি সচেতন হতে হবে।
আলহাজ ইঞ্জিনিয়ার মোমেনউদ্দিন আহমেদ (মুক্তিযোদ্ধা)
পশ্চিম মনিপুর, মিরপুর, ঢাকা
সাভার ট্রাজেডি সারা দেশবাসীকে কাঁদিয়েছে। এ কান্নার শেষ নেই। আমরা সত্যি মর্মাহত এ দুর্ঘটনার জন্য। আমরা আশা করি না যে এরকম ঘটনা আর কোনো দিন হোক।
শাহানারা ইয়াসমীন
মিরপুর ১, ঢাকা
সাভার ট্রাজেডি একটি বেদনাদায়ক বিষয়। আর সেজন্য দরকার সবার সহযোগিতা ঐ শোকাহত পরিবারগুলোর জন্য।
শিকদার,
পল্টন, ঢাকা
আমরা এ রকম মর্মান্তিক ঘটনার বিচার আশা করছি।
শাহাবউদ্দিন
বনানী, ঢাকা
সাভারে রানা প্লাজার মর্মান্তিক দুর্ঘটনার জন্য আমাদের অবহেলা রয়েছে। সেজন্য সঠিক তদন্তের মাধ্যমে আমরা বিচার চাই।
তুষার
বনানী, ঢাকা
সোহেল রানা একজন সন্ত্রাসী। আমরা তার ফাঁসি চাই।
ফিরোজ
লালবাগ, ঢাকা
