বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সাভারের ঘটনায় সরকার রাতের আঁধারে লাশ গুম করে সংখ্যা কমানোর চেষ্টা করছে। তিনি বলেন, এ সরকার খুনি সরকার। এ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষ খুন হচ্ছে আর মরছে। এ সরকার অপয়া। এ সরকার যতদিন থাকবে ততদিন মানুষেরও ক্ষতি, দেশেরও ক্ষতি। এ সরকার ৩টি জিনিস উপহার দিয়েছে। এগুলো হলো খুন, সন্ত্রাস ও গুম।
বুধবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর বালুর মাঠে শ্রমিক দলের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ২০০৯ সালের জানুয়ারিতে সরকার ক্ষমতা নেয়ার এক মাস পরেই ফেব্রুয়ারি মাসে বিডিআর বিদ্রোহে ৫৭ জন অফিসারকে আমরা হারিয়েছি। রক্ত নিয়েই এ সরকারের যাত্রা শুরু। আর এ সরকারের শেষের দিকেও সরকার রক্ত নিচ্ছে।
খালেদা জিয়া বলেন, মহাজোট সরকার শ্রমিকদের জন্য কিছুই করেনি। শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকদের নিরাপত্তা নেই। কারখানায় গ্যাস, বিদ্যুত্ দিতে পারছে না। আওয়ামী লীগের লোকজন ব্যাপক চাঁদাবাজি করছে। দেশের মানুষ এখন শান্তিতে নেই। নিরাপদে নেই। নতুন সরকার আসলে নতুন নতুন শিল্প-কারখানা তৈরির নিয়ম থাকলেও এ সরকার ক্ষমতায় আসার পর ব্যর্থনীতি, দুর্নীতি ও লুটপাট চাঁদাবাজির কারণে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে।
সাভারের রানা প্লাজা সম্পর্কে খালেদা জিয়া বলেন, হিন্দু ও সরকারের সম্পদ দখল করে সেখানে যুবলীগ নেতা রানা ৫ তলার অনুমতি নিয়ে ৯ তলা করেছে। ভবনের জায়গাটি ডোবা থাকলেও তা ঠিকমত ভরাট করা হয়নি। হরতালের দিন জোর করে কাজে আনা হয়েছে। সেদিন বলা হয়েছে, কাজে যোগ না দিলে বেতন দেয়া হবে না। পরে ভবনে প্রবেশ করিয়ে নিচে তালা মেরে দেয়া হয়। খালেদা জিয়া বলেন, হরতালের সময়ে গার্মেন্ট শিল্প আওতামুক্ত থাকলেও সেদিন হরতালের বিরুদ্ধে নারী শ্রমিকদের দিয়ে মিছিল করানোর জন্যই শ্রমিকদের জোর করে ভবনে প্রবেশ করানো হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, রানা যুবলীগের কেউ না। অথচ রানা যুবলীগ সাভার যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
সাভারে ভবন ধসে নিহত শ্রমিকের পরিবারকে ২০ লাখ টাকা করে অনুদান ও আহতদের পরিবারকে সুস্থ না হওয়া পর্যন্ত চিকিত্সা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্রি. (অব) আসম হান্নান শাহ, তৈমুর আলম খন্দকার, জাফরুল হাসান, হাবিব উন নবী খান সোহেল, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, মাহাবুব আলম শাহ, জামালউদ্দিন কালু, এম এ মান্নান, আনোয়ার হোসেন খান, মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, গিয়াসউদ্দিন, আবুল কালাম, রেজাউল করীম, আতাউর রহমান আঙ্গুর, মোশাররফ হোসেন প্রমুখ।
