মাথার ওপর কয়েক হাজার ‘রানা প্লাজা’

আপডেট : ০২ মে ২০১৩, ২১:৪১
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভূমিকম্প বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস্ অনুষদের ডিন ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, ঢাকা শহরে মাথার উপরে কয়েক হাজার ‘রানা প্লাজা’ দাঁড়িয়ে আছে। কিন্তু এগুলো ধসে না পড়া পর্যন্ত আমাদের চেতনা ও দায়িত্ববোধ জাগ্রত হবে না। আমরা সতর্কও হবো না। মঙ্গলবার সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘নাগরিক সংহতি’ আয়োজিত ‘অগ্নিকাণ্ড-ভূমিকম্প ও ভবনধস মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি’ বিষয়ক আলোচনা সভায় একক আলোচক হিসাবে তিনি মন্তব্য করেন। আলোচনা সভায় ড. এএসএম আতীকুর রহমানের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ। ড. মাকসুদ কামাল বলেন, সারাদেশে ভবন নির্মাণের যে জোয়ার চলছে সেখানে কোন নিয়ম-নীতি মানা হচ্ছে না। নব্বই এর দশকে এদেশে গার্মেন্টস শিল্পের বিকাশ শুরু হয়। কিন্তু ইপিজেডের বাইরে যে ভবনগুলো গার্মেন্টস কারখানা হিসাবে ব্যবহূত হচ্ছে তার প্রায় শতভাগ গড়ে উঠেছে আবাসিক বা বাণিজ্যিক ভবন হিসাবে এবং এদের অনেক ভবনের স্থায়িত্বের মেয়াদও শেষ হয়ে গেছে। ফলে এই ভবনের নকশা ত্রুটিপূর্ণ। একই সাথে ভবনগুলো নির্মাণে যে উপকরণ ব্যবহূত হয়েছে তা ত্রুটিপূর্ণ যেটি রানা প্লাজাতেও ঘটেছে। এই ভবনগুলোতে হাজার হাজার সেলাই মেশিন, ভবনের দ্বিতীয় বা অন্য কোন তলায় জেনারেটর বা বয়লার স্থাপন এবং তা এক সাথে যখন চালু করা হয় তখন সেই ভবন হেলে বা ভেঙ্গে পড়লে ভবনকে কোন দোষ দেয়া যাবে না। তিনি বলেন, সাভারের ধসে পড়া ভবন থেকে যত মানুষকে উদ্ধার করা হয়েছে তাকে এক কথায় ‘অলৌকিক’ (মিরাকেল) বলা যায়। অন্যান্য দেশে এ ধরনের ঘটনায় এত মানুষকে উদ্ধারের নজির নেই। তিনি সবাইকে সতর্ক করে বলেন, আমাদের এখানে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হলে কি প্রলয়ঙ্করী ঘটনা ঘটবে তা আমাদের নীতি নির্ধারকরা অনুমান করতে পারছেন না। হয়তো সে কারণে বিল্ডিং কোড কার্যকর করার ক্ষেত্রে সরকারের সংশ্লি¬ষ্ট সংস্থা আন্তরিকতা প্রদর্শন করছেন না। তিনি জানান, পাঁচটি বিভাগীয় শহরে বিশেষজ্ঞদের নিয়ে কর্মশালা করে ভবন নির্মাণের জন্য আমরা একটি খসড়া নীতিমালা তৈরি করে সরকারকে দিয়েছিলাম। আড়াই বছর পরে জেনেছি সেটি হারিয়ে গেছে। তিনি আরও বলেন, গত বছর সারা দেশে ১৭৫০০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে প্রায় ৪৮৩ কোটি টাকার সম্পদহানি ঘটে। সে কারণে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও ভবন ধসের ভয়াবহতা বিবেচনা করে এখনই আমাদের যা করতে হবে, তা হচ্ছে— ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড কার্যকর করা। স্পেকট্রাম, ফনিক্স ও রানা প্লাজা ধসের পর অন্যান্য যেসব ভবনে গার্মেন্টস কারখানা গড়ে উঠেছে তার সক্ষমতা নিরূপণে জরুরি কমিটি গঠন করা। তবে এই কমিটিতে গার্মেন্টস মালিকদের কোন প্রতিনিধিকে মূল ভূমিকায় না রাখা। পূর্বের দুর্ঘটনাগুলো পর্যালোচনা করে উদ্ধার উপকরণ কিনতে হবে। এ নিয়ে কোনভাবে যেন ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ফুটে না ওঠে। সার্কভুক্ত দেশগুলো নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বিত ফোরাম গঠন ও এ ধরনের দুর্যোগ মোকাবেলায় যে সব দেশের উন্নত প্রযুক্তি ও জনবল রয়েছে তাদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করা। সাভারের ভবন ধস যেহেতু বিরল দুর্ঘটনা সুতরাং এখানে যারা উদ্ধার কাজে অংশ নিয়েছেন তাদের সবাইকে একত্রিত করে একটি শক্তিশালী ও প্রশিক্ষিত উদ্ধার দল গঠন করা। ‘অকুপেশনাল সেফটি ইনস্টিটিউট’ গঠনের কাজ দ্রুত শুরু করা। ফায়ার সার্ভিসকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন থেকে বের করে একে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা। ভবন নির্মাণ পর্যবেক্ষণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজে বিভিন্ন সংস্থার সমন্বয় করা। কাছাকাছি অবস্থিত এমন কয়েকটি গার্মেন্টস কারখানা থেকে বাছাই করা শ্রমিক ও তার পার্শ্ববর্তী এলাকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ গঠন এবং যে কোন উদ্ধার কাজে সর্বোচ্চ সমন্বয়ের ব্যবস্থা করা।