বাংলাদেশের ফুটবলে নিখাদ শিরোপা জয়ের ঘটনা বিরল হলেও শেখ রাসেল এ ক্ষেত্রে ব্যতিক্রম। গত বুধবার দলটি শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ২-১ গোলে হারিয়ে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম শিরোপা জয় করে। এক ম্যাচ হাতে রেখে ১৫ খেলায় ৩৫ পয়েন্ট পেয়ে শিরোপা নিশ্চিত করা শেখ রাসেলের খেলাগুলোর দিকে এবার ছিল না কোনো সন্দেহের তীর। শুধু তাই নয়, খেলোয়াড়ি নৈপুণ্যেই দলটি চলতি মৌসুমে এখন পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের তিনটি ফুটবল প্রতিযোগিতার সবকটির শিরোপা তুলে নিল।
শেখ রাসেল এর আগে ফেডারেশন কাপ এবং স্বাধীনতা কাপও জিতেছিল ফাইনালে শেখ জামালকে হারিয়ে। কাকতলীয়ভাবে এবার তাদের লিগ শিরোপা নিশ্চিত হলো যে খেলায়, সেটিতেও বিপক্ষ ছিল শেখ জামাল। এই মাঠ থেকে ইতোপূর্বে মোহামেডান, আবাহনী ও শেখ জামাল শিরোপা নিয়ে গেছে। এবার তাদের সাথে যোগ হলো শেখ রাসেল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এদিন শেখ জামালের বিরুদ্ধে ড্র করলেই শিরোপা নিশ্চিত ছিল তাদের। এমনকি হেরে গেলেও শেষ খেলায় দুর্বল সকার ক্লাবের বিরুদ্ধে জিতলেই চ্যাম্পিয়ন হতো শেখ রাসেল; কিন্তু শেষ ম্যাচ পর্যন্ত যেতে হয়নি। উত্তেজনাপূর্ণ খেলায় পিছিয়ে পড়েও শেখ জামালকে হারিয়ে তারা প্রথমবারের মতো পেশাদার লিগের চ্যাম্পিয়ন হলো। শিরোপার স্বপ্ন ধূসর হয়ে যাওয়ার পরও শেখ জামাল এদিন মরণ কামড় দিতে মাঠে নেমে ৩৮ মিনিটে নাইজেরীয় আলফ্রেড এমোফির গোলে এগিয়ে গিয়েছিল।
পরের ঘটনাপ্রবাহ শুধুই ইতিহাস গড়া শেখ রাসেলের। কারণ পিছিয়ে পড়েও হতোদ্যম না হয়ে দলটি ৫৪ মিনিটে উইঙ্গার জাহিদ হোসেনের সমতাসূচক এবং শেষ বাঁশির পাঁচ মিনিট আগে অভিজ্ঞ ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলির গোলে দেখা পায় কাঙ্ক্ষিত জয় ও শিরোপার। এর আগে ২০০২ সালে মোহামেডানই শুধু শেখ রাসেলের মতো এক মৌসুমে ‘ট্রেবল’ বা হ্যাটট্রিক শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছিল।
অমন কৃতিত্বের পরও বুধবার রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেভাবে আনন্দের বান ডাকেনি, কারণ নতুন চ্যাম্পিয়নরা যে মোহামেডান কিংবা আবাহনীর মতো সমর্থকধন্য নয়। তারপরও স্টেডিয়ামে হাজির থাকা প্রায় হাজার দুই দর্শকের মধ্যে অনেকেই ছিলেন শেখ রাসেলের পরিচিত সমর্থক। মোহামেডান ও গেলবারের চ্যাম্পিয়ন আবাহনী আগেই শিরোপা লড়াই থেকে ছিটকে যাওয়ার পরও ক্লাব দুইটির গ্যালারিতে ফুটবলের টানে কিছু দর্শক ছিলেন। শেখ রাসেলের খেলোয়াড়রা এরকম প্রেক্ষাপটের মধ্যেও রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে উল্লাসে মেতে উঠেন। কোচ মারুফ ছুটে যান ভিআইপিতে বসা তার একমাত্র অভিভাবকতুল্য বড় ভাইর কাছে। চ্যাম্পিয়ন শেখ রাসেলের খেলোয়াড়রা মাঠের মাঝ বৃত্তের উপর অলিম্পিক রিংয়ের মতো করে দাঁড়িয়ে হাতে হাত রেখে উল্লাসে মেতে ওঠেন। অধিনায়ক বিপ্লব, মামুনুল ইসলাম, জাহিদ, সনি নরডে, লিংকন, মামুন মিয়াদের উল্লাস ছিল নজরকাড়া। তাদের সাথে যোগ দেন সাইড লাইন থেকে আসা স্ট্রাইকার মিঠুনসহ অন্য খেলোয়াড়রা এবং সহকারী কোচ ও কর্মকর্তারা। খেলোয়াড়দের আলিঙ্গন করেন তাদের পরিচিত সমর্থকরা। অধিনায়ক বিপ্লব তার দলের খেলোয়াড়দের নিয়ে মোহামেডান ও আবাহনী গ্যালারির সামনে গিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দেন।
দলটির নেপথ্যের কারিগর ক্লাব সভাপতি নূরুল আলম চৌধুরী আরো কিছু পরিশ্রমী সংগঠককে নিয়ে যে লক্ষ্যে চেষ্টা চালিয়ে গেছেন তাও পূর্ণতা পেল এবার। অবশ্য দল বদলের সময় জাতীয় দলের আট ফুটবলারকে চড়া পারিশ্রমিকে নিয়েই ক্লাব সভাপতি জানিয়ে দিয়েছিলেন, এবার তারা চ্যাম্পিয়ন হতে চান। চ্যাম্পিয়ন হয়ে সেকথাই স্মরণ করেছেন তিনি, বলেছেন সবার ঐকান্তিক চেষ্টায় ফসল ঘরে তুলেছেন তারা।
মোহামেডান আবাহনীর একচেটিয়া আধিপত্য ভেঙ্গে সাম্প্রতিক সময়ে উঠে আসছে অন্য দলগুলো। এবারের ষষ্ঠ আসরে যেমন শেখ রাসেল। পেশাদার লিগের গত পাঁচটি আসরে শেখ কামালের গড়া আবাহনী প্রথম তিনবার, শেখ জামাল চতুর্থবার এবং পঞ্চম আসরে আবার শিরোপা জেতে আবাহনী। ঘুরে ফিরে ছয়টি শিরোপাই তুলে নিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ জড়িত দল তিনটি।
