ক্রিকেটের যাত্রা শুরু তাদের হাতে। বিশ্বকাপ জিততে না পারলেও ক্রিকেটে এখনো বেশ এক পরাশক্তি দল ইংল্যান্ড। আর্ন্তজাতিক ক্রিকেটে হাঁটি হাঁটি পা পা করতে থাকা বাংলাদেশের কোনো বিষয়ে ইংল্যান্ডকে টেক্কা দেয়ার স্বপ্ন দেখা তাই এখনো অসম্ভব কল্পনা। তবে আজ একটা জায়গায় অন্তত ইংল্যান্ডকে ছাপিয়ে যেতে পারে বাংলাদেশ!
ইংল্যান্ডকে ছাপিয়ে বুলাওয়ে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে সবচেয়ে বেশি ওয়ানডে জেতা বিদেশি দল হয়ে যেতে পারে আজ বাংলাদেশ!
রেকর্ড হিসেবে এটা বৈশ্বিকভাবে খুব বড় কিছু নিশ্চয়ই না; কিন্তু পৃথিবীর কোনো একটা মাঠে বাংলাদেশের এই একচ্ছত্র দাপট এটুকু অন্তত প্রমাণ করে যে, ওয়ানডে ক্রিকেটে আসলেই বেশ উন্নতির মধ্যে আছে দলটি। অবশ্য এই প্রমাণটা করার জন্য আজকের ম্যাচটা; আরো ভালো করে বললে বলা যায়, আজ থেকে শুরু হওয়া বুলাওয়েতে এই ওয়ানডে সিরিজটা জেতা বাংলাদেশের জন্য খুবই জরুরি।
নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়, ভারত-শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল খেলা; এসব তথ্য আসলে বাংলাদেশের জন্য স্রেফ মিথ্যে হয়ে যায় জিম্বাবুয়ের কাছে হারলেই। ২০১১ সালেই এরকম ওয়ানডে সিরিজ হারে যেন মিথ্যে হয়ে গিয়েছিল আগে-পরের অনেক সাফল্য। এবারও প্রথম টেস্টে যাচ্ছেতাইভাবে হেরে বাংলাদেশ নিজেদের পেছনের কীর্তিকে ভুলিয়ে দিতে বসেছিল। দ্বিতীয় টেস্টে ১৩৪ রানের জয় সেই মর্যাদা ফেরাতে না পারলেও দলের আত্মবিশ্বাসটা নাকি ফেরাতে পেরেছে। আজ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে জয় বের করে আনাটাই এখন মুশফিকদের চ্যালেঞ্জ।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বৈরথটা আজকের নয়। সেই আইসিসি ট্রফির যুগ থেকে বাংলাদেশের প্রধানতম ‘ঘাতক’ ছিল জিম্বাবুয়ে। কালক্রমে দুই দলই টেস্ট স্ট্যাটাস পেলেও বাংলাদেশ ২০০৫ সাল পর্যন্ত অন্তত জিম্বাবুয়ের সঙ্গে ব্যবধানটা কিছুতেই কমাতে পারেনি। ২০০৩ সাল থেকে একে একে জিম্বাবুয়ের সোনালী প্রজন্মের তারকারা বিদায় নেয়া শুরু করায় একসময় বাংলাদেশই হয়ে ওঠে শ্রেয়তর দল।
২০০৫ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ১৭ ম্যাচে ওয়ানডে জয় ছিল মাত্র একটি; কিন্তু পরের ৪৯ ম্যাচের ৩০টিই জিতে পাশার দান উল্টে দিয়েছে বাংলাদেশ। এই ওল্টানোতে বিস্ময়ের কিছু নেই; বরং এটাই বাংলাদেশের কাছে স্বাভাবিক চাওয়া। জিম্বাবুয়ের এখন যে খর্বশক্তির দল; কাগজে-কলমে তাতে বাংলাদেশের তারকাদের মতো কেউ নেই বললেই চলে। ফলে প্রতি ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জয়ের দিকে চেয়ে থাকে ক্রিকেট দুনিয়া।
আর এই চেয়ে থাকার চাপেই কি না বাংলাদেশ ইদানীং এই সিরিজটাকে ‘অ্যাশেজ’-এর মতো মনস্তাত্ত্বিক লড়াইয়ে পরিণত করেছে। বলাই বাহুল্য, চাপটা নিজেদের ওপরই নিয়েছে। যার ফল পাওয়া গেছে সর্বশেষ সফরে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে হেরে ফেরায়।
অবশ্য এই সিরিজ থেকেই বাংলাদেশ অনুপ্রেরণা খুঁজতে পারে। এই বুলাওয়েতে হয়েছিল সিরিজের শেষ দুই ম্যাচ। আর সে দুই ম্যাচে জিতেছিল বাংলাদেশ। সে ক্ষেত্রে আজ অন্তত সেই সুখস্মৃতি নিয়েই মাঠে নামতে পারবেন মুশফিকুর রহিমরা।
সুখস্মৃতি খুঁজলে বাংলাদেশ গণ্ডায় গণ্ডায় পেতে পারে। সর্বশেষ হারারে টেস্টের জয়, মিডল অর্ডারের তিন ব্যাটসম্যান মুশফিক-সাকিব-নাসিরের দুরন্ত ফর্ম, রবিউলের পেস সংকট ঘোচানো, রাজ্জাকের ফেরা, তামিমের ইনজুরির মধ্যেও রানে থাকা—অনেক ইতিবাচক ব্যাপার-স্যাপার আছে। পরিসংখ্যানেও চাইলে বাংলাদেশ বেশ খুশি হতে পারে।
জিম্বাবুয়ে-বাংলাদেশ ওয়ানডে লড়াইয়ে এ যাবত্কালের সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব আল হাসান এবং সর্বোচ্চ উইকেট সংগ্রাহক আব্দুর রাজ্জাককে মাঠেই পাচ্ছে মুশফিকরা। মনে রাখবেন, সাকিব দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও বটে!
কিন্তু এইসব সুখের স্মৃতি, এইসব পরিসংখ্যান; কিছুই মাঠে নামবে না। মাঠে নামবে শুধু মনের লড়াই আর ব্যাট-বলের যুদ্ধ। বাংলাদেশের চ্যালেঞ্জ সেই যুদ্ধটা জিতে ফেরা।
