১৯৯৭ সালের পর প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলো জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড; আর গত মৌসুমের মতো এবারও সেমিফাইনালেই থামতে হল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে। তবে, সব ছাপিয়ে মুখ্য হয়ে উঠলো একটি গোল। আর কেনই বা তা হবে না! আর একটি গোল করতে পারলেই তো প্রায় একযুগ পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে যায় রিয়াল মাদ্রিদ!
২-০ গোলের জয়। এই মৌসুমে এটাই বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে রিয়াল মাদ্রিদের একমাত্র জয়। এর আগে এই মৌসুমে এই চ্যাম্পিয়ন্স লিগেই আরও তিনবার মুখোমুখি হয়েছে দল দুটি। রিয়াল হেরেছে আগের দুটিতে; ড্র হয়েছে একটি ম্যাচ। সেমিফাইনালের প্রথম লেগের পরেই সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে ছিল বরুশিয়া। সেই ম্যাচে রবার্ট লেবানডস্কির চার গোলে ৪-১ গোলে পরাজয়ের পর রিয়ালের ঘরের মাঠে দরকার ছিল তিন গোল।
গোলশূন্যভাবেই কেটে যায় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে ৩-০ গোলে জয়ের চাপ আরও বেড়ে যায়। ডর্টমুন্ডও তার রক্ষণভাগকে আরও শক্ত করে। বারবার গোলের চেষ্টা করেও রক্ষণভাগের ফাঁকফোকর বের করতে পারছিলেন না হোসে মরিনহো শিষ্যরা। আগের ম্যাচের চার গোলদাতা রবার্ট লেবানডস্কি খালি বক্সে বল পেয়েও সফল হতে পারেননি। তবে, হারের পরেও দিনশেষে অবশ্য তার দলই সফল। ম্যাচের শেষ ১০ মিনিট নাটকীয়তা ফিরিয়ে আনে রিয়াল। ৮৩ মিনিটে ওজিলের পাস থেকে গোল করেন বেনজেমা। পাঁচ মিনিট পর বেনজেমা গোল বানিয়ে দেন সার্জিও রামোসকে। শেষদিকে একটিমাত্র গোলের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় মরিনহো শিষ্যদের। ম্যাচ শেষে রিয়ালের পর্তুগীজ কোচ হোসে মরিনহো বলেন, ‘আমরা দারুণ একটা শুরু করেছিলাম। আমাদের পাসিং আর আক্রমণ ছিল দেখার মতো। তবে প্রথম গোল পেতে আমরা একটু বেশি সময় নিয়ে ফেলেছিলাম।’ বাদ পড়ার কারণ ব্যাখ্যা করে মরিনহো আরও বলেন, ‘আমরা সহজ কিছু সুযোগ নষ্ট করেছি। আর তাই দ্বিতীয়ার্ধে আমরা সবটা উজাড় করে দিয়েই খেলেছি। বরুশিয়া আমাদের চেয়ে দ্রুত গতির ফুটবল খেলে। তাই সব সময় তাদের সাথে পেরে ওঠা সম্ভব নয়।’ ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পর বরুশিয়া কোচ ছিলেন বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এর আগে আমি কখনওই ওয়েম্বলিতে যাইনি। তাই এটা আমার জীবনের সবচেয়ে আনন্দদায়ক মুহূর্তগুলোর একটি। তবে, শুধু ভ্রমণের জন্যই আমরা সেখানে যেতে চাই না। আমরা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করে নতুন ইতিহাস গড়তে চাই।’
ম্যাচের আগে জার্মান ক্লাবটির কোচ জার্গেন ক্লপ বলেছিলেন, ‘সৃষ্টিকর্তা চাইলে আমরা ফাইনালে যাবো। আর উনি না চাইলে তো আর কিছু করার নেই!’ শেষ পর্যন্ত সৃষ্টিকর্তা বরুশিয়া কোচের প্রার্থনাই মানলেন!
