শ্রীলংকা স্কোয়াড :
অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দীনেশ চান্ডিমাল (সহ-অধিনায়ক), তিলকারত্নে দিলশান, কুশাল পেরেরা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাহিরু থিরিমান্নে, জীবন মেন্ডিস, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, রঙ্গনা হেরাথ, নুয়ান কুলাসেকেরা, চামিন্দা এরাঙ্গা, সাচ্চিত্রা সেনানায়েকে ও চানাকা ওয়েলেগেদেরা।
পাঁচজন পেসারকে দলে রেখে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো শ্রীলংকা জাতীয় ক্রিকেট দল। দলে ফিরেছেন চানাকা ওয়েলেগেদেরা, মাহেলা জয়াবর্ধনে ও রঙ্গনা হেরাথ। তবে দলে জায়গা হয়নি অজন্তা মেন্ডিস ও উপল থারাঙ্গার।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। তাই হয়তো ইংলিশ কন্ডিশনকে বিবেচনায় রেখেই দলে পাঁচ পেসার রেখেছেন লংকান নির্বাচকরা। ফর্মের কারণে স্কোয়াডে জায়গা হয়নি দুই তারকা খেলোয়াড় রহস্যময় স্পিনার অজন্তা মেন্ডিস ও ব্যাটসম্যান থারাঙ্গার। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে না খেলা মাহেলা জয়াবর্ধনে, রঙ্গনা হেরাথ ও চানাকা ওয়েলেগেদেরাকে দলে ফিরিয়ে এনেছেন নির্বাচকরা। ২০১০ সালে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন পেসার ওয়েলেগেদেরা। এরপর কিছুদিন মাঠের বাইরে থাকতে হয় তাকে। তবে ইনজুরি থেকে সুস্থ হয়ে আবারো খেলায় ফিরলেও ওয়ানডে খেলা হয়নি তার। তারপরও ঘরোয়া ক্রিকেটে ওয়েলেগেদেরার পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাকে দলে নিয়েছেন নির্বাচকরা। ওয়েলেগেদেরা ছাড়া দলে অন্য চার পেসার হলেন থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকেরা ও চামিন্দা এরাঙ্গা। এছাড়াও মিডিয়াম পেসার হিসেবে তো অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস আছেনই।
বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে দলে ছিলেন না মাহেলা জয়াবর্ধনে ও রঙ্গনা হেরাথ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলে রাখা হয়েছে তাদের। - বাসস
