এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে সংলাপে বসার আহ্বান জানাইয়াছেন। গতকাল গণভবনে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সহিত মত বিনিময়কালে তিনি তাহার উদ্দেশে বলেন, ‘ আসুন, আমরা আলোচনায় বসি। আপনারা যেখানেই আলোচনায় বসতে চান, আমরা সেখানেই বসতে রাজি আছি।’ তবে তিনি সংসদকে সবচাইতে ভাল ও নিরপেক্ষ জায়গা হিসাবে আখ্যায়িত করেন। ইহার প্রত্যুত্তরে ও তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি জানাইয়াছে যে, তত্ত্বাবধায়ক বা দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয় উল্লেখ করিয়া লিখিতভাবে আহব্বান জানাইলে তবেই বিএনপি সংলাপে বসিবে। তখন নির্বাচনকালীন সরকারের প্রধান ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় প্রাধান্য পাইবে।
খোলা চোখে প্রধানমন্ত্রীর এই আহ্বানকে অনেকে ইতিবাচক হিসাবে দেখিতেছেন, এজন্য সাধুবাদ জানাইতেছেন। খু্ব ভাল কথা। তাহারা গতকাল বিএনপির ছয়জন নেতার ছয় মাসের জামিন লাভের পর আলোচনার পরিবেশ তৈরি হইতেছে এমন ইঙ্গিতও দিতেছেন। কিন্তু গ্রেফতারকৃত বিরোধী দলের নেতাদের মুক্তি যেমন নিশ্চিত নয়, তেমনি বিরোধী দল তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের দাবি হইতেও সরিয়া আসে নাই। তাহলে সংলাপ হইবে কিসের ভিত্তিতে? কোন একটি সাধারণ পয়েন্টে তো প্রধান দুই দল ঐকমত্যে পৌঁছিতে পারিতেছে না। ঐক্যমতে পৌঁছিতে না পারিলে বাদাবাদি ও সংঘর্ষ হয় যাহা আমরা দেখিয়া আসিতেছি। ইহার চাইতে বেশি হইলে শেষপর্যন্ত গৃহযুদ্ধ হইতে পারে । কিন্তু এ কথাও মনে রাখা প্রয়োজন যে, সংঘাত-সংঘর্ষ কোন সমাধান দিতে পারে না। ইহা শেষ করার জন্যও আলোচনা লাগে। এখন সেই আলোচনার পরিবেশ ও পরিস্থিতি আছে কিনা তাহাই দেখিবার বিষয়। প্রশ্ন জাগিতে পারে, নির্বাচনকালীন তত্বাবধায়ক সরকার হইবে না কেন? ইতিহাস বলে, অতীতে আমরা এরূপ সরকারের আমলে নির্বাচন করিয়াছি সফলভাবে। এখন হইবে না কেন? গত চার বত্সরে কী ঘটিয়াছে এখানে তাহা বড় কথা নয়। প্রকৃত প্রস্তাবে ওয়ান ইলেভেন আসার পর বাংলাদেশের রাজনীতির যে আমুল পরিবর্তন হইয়াছে, তাহা ও আমাদের বাঙালি চরিত্র বিশ্লেষণ না করিয়া বর্তমান প্রেক্ষিত উপলদ্ধি করা সম্ভব নহে।
২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করিয়া প্রথম রাতেই বিচারপতি লতিফুর রহমান সাতজন সচিব বদল করেন। পরে আরও ব্যাপকভাবে প্রশাসনিক রদবদল ঘটান। এভাবে আগের সরকারের আবার ক্ষমতায় আসার ছক বদলে যায়। কিন্তু ইহা নিরপেক্ষ না হইয়া শেষাবধি একটি দলের পক্ষেই যায়। সে সময় সরল বিশ্বাসে যাহারা সেই নির্বাচনে অংশগ্রহণ করে, তাহাদের কিভাবে আহম্মক বানানো হয়, তাহা আজ সকলেরই জানা। ইহার পরে যাহারা ক্ষমতায় আসে, তাহারা অতীত হইতে শিক্ষা গ্রহণ করিয়া এমনভাবে প্রশাসন ও বিচার বিভাগ সাজায়, যাহাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানও তাহাদের মনঃপুত লোক হইতে পারেন। এমন অবস্থায় জাতীয় রাজনীতিতে যে সঙ্কটের সৃষ্টি হয়, তাহার জন্যও সংলাপের প্রয়োজনীয়তা ও দাবি উঠিতে দেখা যায়। কিন্তু প্রধান দুই দলের সাধারণ সম্পাদকের সংলাপ শেষপর্যন্ত অশ্বডিম্বই প্রসব করে নাই, ভয়াবহ ওয়ান ইলেভেনও ডাকিয়া আনে। তাহার আগে আমরা সরকারি দলকে বলিতে শুনিয়াছি, বিরোধী দল নির্বাচনে আসিবে না। যদিও তখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতির প্রতি তাহাদের বিশ্বাস ছিল ।
এখন যাহারা বিরোধী দলে আছেন তাহারা বিদ্যমান ব্যবস্থায় নির্বাচনে আসিবেন বলিয়া মনে হয় না। উদাহরণ স্বরূপ বলা যায়, গত নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করা হয়। ইহার মাধ্যমে গ্রামাঞ্চলের আসন কমাইয়া ঢাকার আসন বাড়ানো হয়। এই বৈষম্য কেন করা হইয়াছিল তাহা আজ অনেকেরই অজানা নহে। ঘ্যাচাং করিয়া নির্বাচনী আসনের মানচিত্র কাটা-ছিঁড়া করিলে বা নীল নক্সার আশ্রয় নিলেই যাহারা সুবিধা পাইবেন বলিয়া মনে করেন, তাহাদের কারণেই জাতীয় দুর্যোগ ও দুর্বিপাক আসে। উল্লেখ্য, বিগত সিইসি তাহাদের করা ভুলটি সংশোধনের কথা বলিয়া যান। তাহার পর সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিমন। কিন্তু তাহাদের মতামতকে কি তোয়াক্কা করা হইয়াছে? কেবল জনসংখ্যার ভিত্তিতে সীমানা নির্ধারণ করিলে অনেক সময় জটিলতা সৃষ্টি হয় এবং ৩০০ আসনে নির্বাচন অনুষ্ঠান অসম্ভব হইয়া পড়িবার আশঙ্কা তৈরি হয়। জনসংখ্যাকে গুরুত্ব দিতে গিয়া অতীতে ভৌগলিক অখন্ডতা ও প্রশাসনিক সুযোগ-সুবিধার বিষয়টি উপেক্ষা করা হয়। অসংখ্য উপজেলা ও ইউনিয়ন খন্ড-বিখন্ড করা হয়।
অর্থাত্ আমরা বলিতে চাই, নির্বাচন লইয়া সাপ-লুডুর খেলা যতদিন থাকিবে, ততদিন আলোচনা কোথায় হইতে শুরু হইবে তাহাই বড় প্রশ্নবোধক হইয়া থাকিবে। অতএব, এখন তত্ত্বাবধায়ক সরকারই একমাত্র সমস্যা নহে। ইহার সহিত গ্রেফতকারকৃত নেতা-কর্মীদের মুক্তি ও প্রশাসনিক রদবদলসহ নানা বিষয় এমনিতেই চলিয়া আসিবে। প্রকৃতপক্ষে আমাদের সুষ্ঠু নির্বাচনের মন-মানসিকতা গড়িয়া না উঠা পর্যন্ত কোন আলাপ-আলোচনা করিয়াই লাভ হইবে না। তাই এখন সময় নষ্ট না করিয়া তকদিরের প্রতি বিশ্বাস রাখিয়া চলাই জরুরি হইয়া পড়িয়াছে।
