ক্রমশ চাপ বাড়িতেছে সামষ্টিক অর্থনীতির উপর। বর্তমানে রাজনৈতিক অস্থিরতাসহ অন্য নানাবিধ কারণে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়া যাইতেছে। কমিয়া যাইতেছে বেসরকারি বিনিয়োগের প্রবৃদ্ধি। কমিয়া যাইতেছে আমদানি। তৈরি পোশাক শিল্পের বর্তমান অস্থিরতা চলিতে থাকিলে কমিয়া যাইবে রপ্তানি প্রবৃদ্ধি। তাহার মানে কমিয়া যাইবে আমাদের পণ্যের চাহিদা। এই সবই ইঙ্গিত দিয়াছে ভবিষ্যতে আমাদের সেবা ও উত্পাদনের পরিমাণ আরো কমিয়া যাওয়ার। এই অবস্থায় সরকারি যে উদ্যোগ দরকার তাহার ক্ষেত্রেও রহিয়াছে সক্ষমতার প্রশ্ন। কারণ কমিয়া যাইতেছে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি। বেসরকারি বিনিয়োগের স্বল্পতাকে কাটাইয়া উঠার জন্য সরকারি খাতের বিনিয়োগ বাড়ানো দরকার। অর্থাত্ আমাদের উন্নয়ন ব্যয় বাড়াইতে হইবে। তাহার মানে আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রসার ঘটাইতে হবে। কিন্তু আমরা জানি, বাংলাদেশের ক্ষেত্রে উন্নয়ন বাজেট কিংবা রাজস্ব বাজেটের পুরোটাই আসে রাজস্ব আয় হইতে। রাজস্ব আয় কম হওয়ায় উন্নয়ন বাজেটের প্রায় একশভাগ বিকল্প উত্স হইতে অর্থায়ন করিতে হয়। তাহার উপর কমিয়া যাইতেছে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি। চলতি অর্থবত্সরের প্রথমার্ধে অর্থাত্ জুলাই হইতে ডিসেম্বরের মধ্যে সরকারের রাজস্ব আয় সন্তোষজনক ছিল না। লক্ষ্যমাত্রার চাইতে প্রায় তিন হাজার কোটি টাকা কম রাজস্ব আদায় হইয়াছিল ঐ সময়কালে। এনবিআর চেয়ারম্যান মনে করিয়াছিলেন যে, বত্সরের শেষ পর্যায়ে আসিয়া মোট রাজস্ব সংগ্রহ তাহার লক্ষ্যমাত্রায় পৌঁছাইবে। সাম্প্রতিক খবর অনুযায়ী, এনবিআর চেয়ারম্যান মনে করিয়াছেন যে, বত্সরের শেষ পর্যায়ে আসিয়া মোট রাজস্ব সংগ্রহ তাহার লক্ষ্যমাত্রায় পৌঁছাইবে না।
আমাদের রাজস্ব আয়ের অন্যতম খাত হইলো- মূল্য সংযোজন কর ও আমদানি পর্যায়ে শুল্ক আদায়। অর্থনৈতিক প্রবৃদ্ধি নামিয়া আসা মানে মূল্য সংযোজনেরও গতি কমিয়া যাওয়া। বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির ফলে আমদানির প্রবৃদ্ধি কমিয়া গিয়াছে। আমদানির প্রবৃদ্ধি কমিয়া যাওয়ার মানে হইলো আমদানি পর্যায়ের শুল্ক আয়ের প্রবৃদ্ধি কমিয়া যাওয়া। মনে রাখিতে হইবে, রাজস্ব আয়ের প্রবৃদ্ধি খুবই জোরালোভাবে নির্ভর করে অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হইলে রাজস্ব আয়ের প্রবৃদ্ধিও শ্লথ হইবে ইহাই স্বাভাবিক। আর রাজস্ব আয় কমিয়া যাওয়ার মানে হইলো উন্নয়ন বাজেটের ব্যয় সমপ্রসারণে আরো বড় বাধা। এই বাধা অতিক্রমের জন্য সরকার ঘাটতি বাজেটের মাধ্যমে উন্নয়ন ব্যয় বাড়াইলে তাহার অর্থায়ন করিতে হইবে মূলত ব্যাকিং খাত হইতে ঋণের মাধ্যমে। আর এই ঋণ প্রদান সম্ভব করিতে হইলে বাংলাদেশ ব্যাংককে বাড়াইতে হইবে মুদ্রা সরবরাহের প্রবৃদ্ধি। ফলে আবার বাড়িবে মূল্যস্ফীতির চাপ। এই নানামুখী চাপের মধ্যে সমন্বয় সাধন করিয়া অর্থনৈতিক ব্যবস্থাপনা চালাইয়া যাওয়ার মতো দক্ষতা আছে কি না আমাদের বর্তমান অর্থমন্ত্রীর তাহাও দেখিবার বিষয়। তবে এই বাজেট বর্তমান আওয়ামী লীগ সরকারের শেষ বাজেট হইলেও তাহাকে নির্বাচনী বৈতরণী পারাপারের বাজেট হিসাবে দেখিলে তাহা হইবে এক বিরাট ভুল। বরং অর্থনীতির উপর ক্রমবর্ধনশীল চাপগুলিকে মাথায় নিয়া অর্থনীতির সকল বিষয় বিবেচনায় রাখিয়াই আসন্ন বাজেট প্রণয়ন করা হইবে বলিয়াই আমাদের প্রত্যাশা। তাহা না হইলে, পদ্মা সেতুর মত অতিরিক্ত ব্যয়ের দ্বারা অর্থনৈতিক ব্যবস্থাপনা ভারাক্রান্ত হইয়া পড়িলে তাহা অর্থনীতির উপরকার চাপকে আরো বাড়াইয়া তুলিবে।
