আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ছাত্রলীগের বহু সহিংস কর্মকাণ্ড নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বিব্রত হয়েছিলেন। পরবর্তীতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দও বিভিন্ন কাজের জন্য অনেক নেতাকর্মী বহিষ্কারসহ নানাবিধ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। এমন ঘটনা যে শুধু ছাত্রলীগই করছে তা নয়, এখানে উল্লেখ করা ভালো যে, বিগত সরকারের সময় ছাত্রদল এবং ছাত্রশিবিরের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রশিবিরের কোনো নেতা বা ক্যাডারকে সালাম না দেয়ার অভিযোগে কিংবা বিনয়ী ব্যবহার না করার সামান্য অভিযোগে হল থেকে বের হয়ে যেতে বাধ্য করা হয়েছে। বিগত সময়কালে ছাত্রশিবির না করতে চাইলে কিংবা তাদের মতের বাইরে অবস্থান করলে হাত কিংবা পায়ের রগ কেটে দেয়ার নৃশংস কর্মকাণ্ড ঘটেছে।
পাঁচ বছর ক্ষমতায় থেকে আদর্শ লালনের নামে রাজনীতির বুলি আওড়াতে গিয়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি, রগ কাটার মতো অপসংস্কৃতির ধারক কিংবা শিকার হওয়াই ভালো নাকি মানুষের মতো মানুষ হয়ে প্রতিষ্ঠিত রাজনীতির শরীক হওয়াটাই বুদ্ধিমানের কাজ।
শিক্ষার্থীরা স্বপ্ন দেখে, পড়াশোনা করে বড় বড় ডিগ্রী অর্জন করে মানুষের মতো মানুষ হবে। শিক্ষার্থী কিন্তু ছাত্রনেতা নামের শিক্ষার্থীরা রাজনীতি করে, চাঁদাবাজি করে, আদর্শের কথা বলে, স্বার্থে আঘাত লাগলে আদর্শ পরিবর্তন করে অথবা আধিপত্যের সাথে থাকতে আদর্শের আড়ালে ক্ষমতাসীন দলের সঙ্গে থেকে আদর্শে থাকার অভিনয় করে। আমি মাঝে মাঝে ক্লাসে ছাত্রদের সাথে বিতর্কে চলে যাই যে, আদর্শের রাজনীতি হলো এক ধরনের অভিনয়। সেজন্য যেকোনো সময়ই চরিত্র বদলে অন্য কোনো চরিত্রে অভিনয় করাটা খুব বেশি কষ্টের হয় না। কারণ আমরা জানি, বাংলাদেশের ইতিহাসে অনেকেই আছে যারা বঙ্গবন্ধুর হাত ধরে রাজনীতিতে এসেছিল তাদের অনেকেই স্বার্থের কারণে পরবর্তীতে বঙ্গবন্ধুর নাম বলতেও ভয় পায়। আজ যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত হয়ে আদর্শের রাজনীতি না করে ক্ষমতা ও আধিপত্যের রাজনীতি করছে তাদের ভবিষ্যত্ কী? তাদের স্বপ্নই বা কী? তারা কী দেশের বড় রাজনীতিবিদ হতে চায় নাকি মন্ত্রী, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে চায়। অবশ্যই আজকের তরুণদের মধ্যে আগামী দিনের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি রয়েছে এ কথা নিঃসন্দেহে বলা যায়। ইদানীং দেখা যায়, হাজার হাজার ছাত্রনেতা যারা রাজনীতি নামের এই মহান পেশাকে আঁকড়ে ধরে এগিয়ে যাচ্ছে যাদের হাতে রয়েছে দামি-দামি বিদেশি অস্ত্র কিংবা বড় রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন। অথচ তাদের হাতে থাকা উচিত পাঠ্যবই কারণ তারাই হলো আগামী দিনের পথ প্রদর্শক।
বর্তমান সময়ে ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ কেমন তা দু-একটি উদাহরণ দিলেই স্পষ্ট হয়ে উঠবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পর্যন্ত ইদানীং নিজ আদর্শীয় ছাত্র নামের অস্ত্রধারী ক্যাডার কর্তৃক অন্যায়ভাবে লাঞ্ছিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এসব ছাত্রের শাস্তির দাবি জানালে উল্টা তাদেরকে চাকরি দিয়ে পুরস্কৃত করার নজিরও অনেক। এবার একটু ছাত্র রাজনীতির বাস্তবতা নিয়ে কথা না বললেই নয়। গত ১২-১৩ এপ্রিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর প্রথম সম্মেলনে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। সেখানে একটি বিশেষ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের বর্তমান পরিচয়পর্বে বিভিন্নজনের বর্তমান পরিচয় পাওয়া যায়। তাদের মধ্যে কেউ আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মন্ত্রণালয়ের সচিব, বড় পুলিশ অফিসার, সাংবাদিক, সাহিত্যিক কেউবা বড় ব্যবসায়ী এবং কেউ দীর্ঘদিন রাজনীতি শেষে (ছাত্রজীবন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত) ইউনিয়ন, উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত অথবা বিজয়ী প্রার্থী। এদের মধ্যে বেশিরভাগই পরাজিত যারা রাজনীতির মাঠে থেকে কোটি টাকা ঋণী হয়ে গেছেন, এমন একটি বাস্তব উদাহরণ থেকেই স্পষ্টত প্রমাণিত হয় যে, ছাত্র রাজনীতির মাঠ থেকে জাতীয় রাজনীতিতে অনুপ্রবেশ অতঃপর জাতীয় নেতা কিংবা ঋণগ্রস্ত নেতা। এখানে ধারণা করতে খুব বেশি কষ্ট হওয়ার কথা না যে, যারা সাধারণ শিক্ষার্থী হয়ে পড়ালেখা শেষে সাধারণ জীবন যাপনের স্বপ্ন দেখেছে তারা আজ দেশের বড় কর্মকর্তা কিংবা মানুষের মতো মানুষ কিন্তু যারা রাজনীতির মাঠে থেকে আদর্শ রক্ষার নামে অভিনয় করেছে তাদের বেশিরভাগই বাস্তব জীবনে ব্যর্থ। কাজেই ছাত্রনেতা নামে যেসব প্রাণপ্রিয় শিক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যেই বলতে চাই যে, অভিভাবকের স্বপ্নকে বড় করে তুলতে আধিপত্যের রাজনীতি বাদ দিয়ে গঠনমূলক রাজনীতির পাশাপাশি পড়ালেখা এবং অধ্যবসায়ের বিকল্প নেই। আজ এমন অনেক শিক্ষার্থী আছে যারা রাজনীতি করতে এসে নিজের ছাত্রত্বকে বলি দিয়ে সার্টিফিকেট না নিয়ে বাড়ি ফিরতে হয়েছে। আবার কেউ কেউ নিজের জীবন উত্সর্গ করে লাশ হয়ে ঘরে ফিরে পিতা-মাতার কোল ফাঁকা করেছে। ছাত্র রাজনীতি অনেকের জীবনেই হয়েছে অভিশাপ কিন্তু আশির্বাদ হয়েছে কয়জনের সেটা আমার জানা নেই। আর এই অভিশাপকে মুক্ত করতে ক্ষমতাসীন সরকারসহ সকল রাজনৈতিক দলকে ছাত্র রাজনীতির সুফল-কুফল বিশ্লেষণ সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে এর প্রয়োগ নিয়ে সুবিবেচনার প্রয়োজন এসেছে। এমন সুবিবেচনাপ্রসূত সিদ্ধান্তই বাঁচাতে পারে একজন অভিভাবকের স্বপ্ন, একজন শিক্ষার্থীর জীবন এবং সুন্দর স্বপ্নময় ভবিষ্যেক।
লেখক: শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
Email: [email protected]
