বার্সায় ফেরা সম্ভাবনা নেই গার্দিওলার!

আপডেট : ০৩ মে ২০১৩, ১৯:৪৪
আগামী মৌসুমেই জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা। এটা বেশ পুরানো খবর। নতুন খবর হলো, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাজে পারফরম্যান্সের পর নতুন কোচ খুঁজছে বার্সেলোনা। তাই, অনেক গণমাধ্যমই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে গার্দিওলাকে আবারও বার্সেলোনার কোচের পদে বসিয়ে দিচ্ছে। তবে, গুজব উড়িয়ে দিলেন গার্দিওলা নিজেই। জানালেন, বার্সেলোনায় ফিরে আসার কোন সম্ভাবনাই নেই তার। বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা স্পষ্টই জানিয়ে দিলেন, আবারো ক্লাবটির দায়িত্ব নেয়ার কোন ইচ্ছাই নেই তার। একটি অনুষ্ঠানে অংশ নিতে গত বৃহস্পতিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ারসে আসা গার্দিওলা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই উত্তর দেন। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের প্রধান কোচ হিসাবে আগামী মৌসুম থেকে ইয়াপ হেইঙ্কসের স্থলাভাষিক্ত হতে যাওয়া গার্দিওলা, বার্সেলোনায় তার চার বছরের কোচিং ক্যারিয়ারে জিতেছেন ১৪টি মেজর শিরোপা। তবে এতো সব সাফল্যের পরেও গত বছর দায়িত্ব ছেড়ে প্রায় এক বছরের স্বেচ্ছা নির্বাসনে যান গার্দিওলা। বুয়েন্স আয়ারসে পা রাখার পরেই সাংবাদিকরা ঘিরে ধরেন গার্দিওলাকে। তারা জানতে চান আবারো বার্সেলোনায় ফেরার কোন সম্ভাবনা আছে কিনা তার। গার্দিওলার উত্তরটা ছিল দার্শনিকতাপূর্ণ, ‘ঐ অধ্যায়টা শেষ হয়ে গেছে। দারুণ একটা সময় কেটেছে সেখানে আমার। পৃথিবীতে একজন মানুষ জন্ম নেয়, বড় হয় এবং সে পরিবর্তিত হয়। জীবনটা এমনই।’ বার্সেলোনায় নিজের এবং ক্লাবের সেই সোনালী দিনগুলোর দিকে ইঙ্গিত করে গার্দিওলা আরো বলেন,‘বার্সেলোনায় সত্যিই আমি দারুণ সুখী ছিলাম। যে সব মানুষের সাথে আমি কাজ করেছি, সবার সাথেই দারুণ সম্পর্ক ছিল আমার। বার্সেলোনার অংশ হতে পেরে আমি গর্বিত। কিন্তু জীবন সব সময়ই এগিয়ে চলে এবং সময়ের সাথে মানুষ তার লক্ষ্য পাল্টায়। যখন আমি ক্লাবটা(বার্সেলোনা) ছাড়ি তখন, পরিপূর্ণ সন্তুষ্টি নিয়েই আমি কাজটা করেছিলাম। ক্লাবের মঙ্গলের জন্য সব সময়ই আমার সর্বোচ্চ চেষ্টাটাই আমি করেছি।’ বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিজের মধ্যে কোন আক্ষেপ নেই জানিয়ে ‘দার্শনিক’ গার্দিওলা আরো বলেন,‘সবকিছুরই একটা শুরু আছে। আবার নির্দিষ্ট সময় পরে সেটা শেষ হয়ে যায়। আর শেষটা তখনই আসে যখন আপনি ভাবেন ‘আর না, যথেষ্ট হয়েছে’।’ বরখাস্ত হওয়ার চেয়ে স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহত নেয়াটা অনেক বেশি সম্মানের উল্লেখ করে এই স্প্যানিয়ার্ড আরো বলেন, ‘আপনি যখন নিজে থেকে একটা ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতে পারবেন সেটাই সবচেয়ে ভালো। কারণ আপনার ক্লাব ছাড়ার সিদ্ধান্তটা অন্য কারো পক্ষ থেকেও আসতে পারে।’