অল জার্মান ফাইনালের আগে...

আপডেট : ০৩ মে ২০১৩, ১৯:৪৬
কাগজে কলমে বিশ্বের অন্যতম সেরা দুটি দল। একদিকে মেসি-জাভি-ইনিয়েস্তা আর অন্যদিকে রোনালদো-জাবি-রামোস। তবে এই রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনাকে হতাশ করেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দুটি জার্মান দল। অল-জার্মান ফাইনালের প্রহর গুনছে ফুটবল বিশ্ব। এর আগে আজ হতে যাচ্ছে ফাইনালের ড্রেস রিহার্সেল। লিগ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। ২৫ মে, ২০১৩। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম; উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঠে নামবে দুই জার্মান দল বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড। এর আগে আজই বুন্দেসলিগার ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। এরই মধ্যে রেকর্ড গড়ে বুন্দেসলিগার শিরোপা জিতে নিয়েছে বায়ার্ন মিউনিখ; পুনরুদ্ধার করেছে গতবারের হারানো শিরোপা। গত মৌসুমে এই শিরোপা ছিল বরুশিয়ার দখলে। বুন্দেসলিগার বিবেচনায় এই মুহূর্তে দল দুটির মধ্যে আকাশ-পাতাল তফাত। দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের থেকে ২০ পয়েন্ট এগিয়ে আছে বায়ার্ন মিউনিখ। আর গোটা মৌসুমের পারফরমেন্স বিবেচনা করলেও এই ম্যাচে এগিয়ে থাকবে বাভারিয়ান দলটি। পরিসংখ্যানও তাদের পক্ষেই কথা বলছে। বার্সেলোনার বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে ৭-০ গোলের রেকর্ড ব্যবধানে জয়ের পর এমনিতেই বেশ ফুরফুরে মেজাজে বায়ার্ন। আর সবধরনের ফুটবলে নিজেদের শেষ ৪০টি ম্যাচে বায়ার্ন হেরেছে মাত্র একটি ম্যাচে। আর তাদের গোল করার অস্বাভাবিক ক্ষমতাকেও মাথায় রাখতে হবে। শেষ ৩১টি ম্যাচে তারা করেছে মোট ৯০টি গোল। আর এর মধ্যে ২১টি গোলই এসেছে শেষ পাঁচটি ম্যাচে। এর বিপরীতে লিগ ম্যাচগুলোতে মাত্র ১৪টি গোল হজম করেছে কোচ ইয়াপ হেইঙ্কেসের দল। বায়ার্নের মতো বিধ্বংসী না হলেও বেশ ভাল ফর্মেই আছে বরুশিয়া। গত দুটি মৌসুমে লিগ শিরোপা উঠেছে তাদেরই ঘরে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ও ফিরতি লেগের ম্যাচে হারলেও সব প্রতিযোগিতা মিলিয়ে আগের নয়টি ম্যাচেই অপরাজিত ছিল তারা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রবার্ট লেবানডস্কি একাই হারান রিয়াল মাদ্রিদকে। তার চার গোলের সামনে দাঁড়াতেই পারেনি কোচ হোসে মরিনহোর দল। বুন্দেসলিগাতেও দারুণ ফর্মে আছেন এই পোলিশ স্ট্রাইকার। ২৩টি গোল করে পৌঁছে গেছেন সর্বোচ্চ গোলদাতাদের তালিকার শীর্ষে। আর নিজেদের মাঠ সিগনাল ইডুনা পার্কে খেলা বলে কিছুটা হলেও সহায়তা পাবে বরুশিয়া। এই মৌসুম শেষেই বায়ার্ন মিউনিখের দায়িত্ব ছাড়ছেন বর্তমান কোচ ইয়াপ হেইঙ্কেস। তার স্থানে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক বার্সা কোচ পেপ গার্দিওলা। আর এর মাঝেই কোচিং থেকে অবসরের আভাস দিলেন বর্ষীয়ান এই কোচ। গণমাধ্যমকে তিনি বলেন, ‘প্রথম কথা হল আমি জানি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর আমি কি করতে যাচ্ছি। এই মাসের নয় তারিখে আমি ৬৮-তে পা রাখতে যাচ্ছি। এর মানে আমি ৫০ বছর ধরে ফুটবলের সাথে আছি। খেলোয়াড় আর কোচ হিসেবে একজনের জন্য ৫০ বছর ফুটবলের সাথে থাকাই আমার চোখে যথেষ্ট।’ আজকের ম্যাচে ইনজুরির কারণে বায়ার্ন মিউনিখের হয়ে দেখা যাবে না মিডফিল্ডার টনি ক্রুস ও ডিফেন্ডার হোলগার ব্যাডস্টাবারকে। আর বার্সেলোনার বিপক্ষে শেষ ম্যাচে ছিলেন না ব্রাজিলিয়ান ডিফেন্ডার দান্তে। এই ম্যাচেও তাকে দলে পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।