ফসলের শত্রু আগাছা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে খাদ্য নিরাপত্তার জন্য একটি বড় হুমকি স্বরূপ। কারণ প্রতিবছর আগাছার কারণে প্রায় ৬ হাজার কোটি টাকার ফসল নষ্ট হচ্ছে। ফসলের এই শত্রুকে দমন করা গেলে শুধু ধানের ক্ষেত্রেই ৩০ থেকে ৪০ লাখ টন উত্পাদন বাড়ানো সম্ভব। এক্ষেত্রে আগাছা নাশক উত্পাদন শিল্পের প্রসার ঘটিয়ে বছরে প্রায় ৬ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। এজন্য দেশে আগাছা নাশক বা হার্বিসাইড উত্পাদন শিল্প গড়ে তোলা জরুরি। বাংলাদেশে আগাছা নাশক উত্পাদন শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন। শুক্রবার রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিলের মিলনায়তনে “উইড সায়েন্স সোসাইটি অব বাংলাদেশ” এর চতুর্থ জাতীয় সম্মেলন উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। উইড সায়েন্স সোসাইটি অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোঃ হযরত আলীর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ. কে. এম. রুহুল আমীন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ ড. শেখ তানভীর হোসেন। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ ওয়াইস কবির, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. মোঃ রফিকুল ইসলাম মন্ডল।
সেমিনারে বক্তারা আরো বলেন, আগাছা দমনে হার্বিসাইডের ব্যবহার বিশ্বব্যাপী একটি জনপ্রিয় প্রযুক্তি। কিন্তু আমাদের দেশে এর প্রসার এখনো তেমন ঘটেনি। অল্প জমিতে বেশি ফসলের জন্য কৃষিতে নতুন নতুন প্রযুক্তি যোগ করতে হবে। এজন্য এগ্রো কেমিক্যালের দিকে এগিয়ে যেতে হবে। শিল্পোন্নত দেশগুলো হার্বিসাইড উত্পাদন শিল্পে প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে। বাংলাদেশেও এ শিল্প বিকাশের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তারা।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের কৃষি উত্পাদনে ব্যবহূত হার্বিসাইড ও পেস্টিসাইড দেশের মাটি-মানুষ, আলো-বাতাস ও প্রাকৃতিক পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। বিদেশ থেকে আমদানি করা হার্বিসাইড আমাদের পরিবেশ ও প্রতিবেশের জন্য হুমকির কারণ হতে পারে। সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখতে হবে। ২০১২ সালে দেশে ১৫০ কোটি টাকা মূল্যের ৩ হাজার ৬২৩ টন হার্বিসাইড ব্যবহার করা হয়েছে। বর্তমানে কৃষকরা হার্বিসাইড ব্যবহার করছেন এবং সফল হচ্ছেন। তিনি পরিবেশবান্ধব আগাছা নাশক উদ্ভাবনের লক্ষ্যে গবেষণা জোরদার করতে কৃষি বিজ্ঞানী ও গবেষকদের প্রতি আহবান জানান। এ লক্ষ্যে তিনি সোসাইটির উদ্যোগে একটি আগাছা গবেষণা ইন্সটিটিউট স্থাপনের পরামর্শ দেন।
দিলীপ বড়ূয়া বলেন, জাতীয় শিল্পনীতি ২০১০-এ কৃষিভিত্তিক শিল্পকে অগ্রাধিকার শিল্পখাতের আওতাভুক্ত করা হয়েছে। হার্বিসাইড উত্পাদন শিল্পকেও কৃষিভিত্তিক শিল্পের আওতায় বিবেচনা করা হবে। জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ শিল্পের বিকাশে সরকারের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহায়তা দেয়া হবে। তিনি প্রায় ষোল কোটি মানুষের খাদ্য নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে দেশীয় কৃষি বিজ্ঞানীদের অবদানের প্রশংসা করেন। সেমিনারে তিনজন কৃষিবিজ্ঞানীকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। তারা হলেন, অধ্যাপক ড.মাহাবুবুল করিম, অধ্যাপক শেখ মো: আব্দুল ছাত্রার, অধ্যাপক ড. মাহাফুজা বেগম।
