রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাত্

আপডেট : ০৩ মে ২০১৩, ২১:০৪
সেনাবাহিনী প্রধান ইকবাল ভুঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল মোহাম্মদ ফরিদ হাবিব ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারী গত বৃহস্পতিবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত্ করেন। বৈঠকে তিন বাহিনীর প্রধানগণ দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আবদুল হামিদকে অভিনন্দন জানান। তিন বাহিনীর প্রধানগণ সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতিকে তাদের নিজ নিজ বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। তারা তাদের দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি হামিদ তিন বাহিনীর প্রধানকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে বলেন, তিনি সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সব ধরনের সহযোগিতা দেবেন। রাষ্ট্রপতি বান্দরবানে নীলগিরি পর্যটন কেন্দ্রের মতো দেশের পর্যটন খাতে আরো অবদান রাখার জন্য তিন বাহিনীর প্রধানগণের প্রতি আহবান জানান। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।