শ্রমিকদের মৃত্যুর মিছিল থামাতে সমাজ ব্যবস্থা বদলাতে হবে

আপডেট : ০৩ মে ২০১৩, ২১:০৪
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, সাভারের রানা প্লাজার হত্যাকাণ্ড ব্যক্তিগত অপরাধের জন্য হলেও, এ ধরনের হত্যাকাণ্ডের জন্য প্রধানত সামাজিক-অর্থনৈতিক ব্যবস্থাই দায়ী। সাভার হত্যাকাণ্ড প্রচলিত পুঁজিবাদী সমাজব্যবস্থার ধসে পড়াকেই নির্দেশ করছে। প্রচলিত সমাজ অসংখ্য রানাকে জন্ম দিচ্ছে, সেই রানাদের পৃষ্ঠপোষকতা চলছে। তাই শ্রমিকের মৃত্যুর মিছিল পুরোপুরি থামাতে হলে, শুধুমাত্র একজন রানার বিচার করলেই হবে না। প্রচলিত পুঁজিবাদী সমাজব্যবস্থা বদলাতে হবে। যে ব্যবস্থায় রানাদের জন্ম হয়, সে ব্যবস্থা ভেঙ্গে ফেলতে হবে। তার জন্য খুনি মালিকদের পক্ষের রাজনৈতিক শক্তির বিপরীতে শ্রমিকশ্রেণির পক্ষের রাজনৈতিক শক্তিকে শক্তিশালী করতে হবে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি আয়োজিত বিক্ষোভ-সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন সিপিবি’র সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, প্রেসিডিয়াম সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় কমিটির নেতা জলি তালুকদার, ঢাকা কমিটির ডা. সাজেদুল হক রুবেল, আক্তার হোসেন ও মিয়া বক্স প্রমুখ।