আফ্রিদির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে পিসিবি

আপডেট : ০৩ মে ২০১৩, ২১:২৩
অলরাউন্ডার শহিদ আফ্রিদির বিরুদ্ধে শৃংখলাজনিত ব্যবস্থা নেয়ার কথা চিন্তা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ১৫ সদস্যের চূড়ান্ত দল থেকে বাদ পড়ার পর গণমাধ্যমে একটি সাক্ষাত্কারে পিসিবির সিদ্ধান্তের সমালোচনা করায় আফ্রিদির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা চিন্তাভাবনা করছে বোর্ড। আফ্রিদি পাকিস্তানের জং পত্রিকায় দেয়া সাক্ষাত্কারে বলেন, অধিনায়ক মিসবাহ-উল হক তাকে দলে চাননি। পত্রিকাটিকে তিনি বলেন, ‘আমাকে বাদ দেয়াটা অধিনায়কের সিদ্ধান্ত।’ তিনি আরো বলেন, ‘একজন অধিনায়ক যদি নির্দিষ্ট কোন খেলোয়াড়কে দলে না চান তাহলে এটা আমার জন্য বড় কোন বিষয় নয়।’ পিসিবি নিয়মানুসারে দল নির্বাচনের ব্যাপারে কোন খেলোয়াড় মন্তব্য করতে পারে না। গত বছর এমন ধরনের মন্তব্য করায় অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল পিসিবি। শ্রীলংকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে সুযোগ না পেয়ে এই ঘরানার ক্রিকেটের অধিনায়ক মোহাম্মদ হাফিজকে দায়ী করে বক্তব্য দেয়ায় রাজ্জাকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছিল। পিসিবির একটি সূত্র জানায়, আফ্রিদির দেয়া সাক্ষাত্কার পর্যালোচনা করে দেখা হবে তিনি খেলোয়াড়ী আচরণ বিধি ভঙ্গ করেছেন কিনা। একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৭২০১ রান ও ৩৪৮ উইকেট শিকারী পাকিস্তানের সবচেয়ে অভিজ্ঞ অলরাউন্ডারদের অন্যতম আফ্রিদি বলেন, খুব শিগগিরই তিনি দলে ফিরবেন। আফ্রিদি বলেন, ‘দলের অনেকের চেয়ে আমি এখনো ভাল অবস্থায় আছি এবং আমি ক্রিকেট খেলা ছেড়ে দেইনি। আমি জানি এখনো কয়েক বছর আমি ক্রিকেট খেলতে পারব এবং খুব শিগগিরই আমি দলে ফিরব।’ শেষ ১০ ওয়ানডেতে উইকেট শূন্য থাকায় জাতীয় দল নির্বাচকরা আফ্রিদিকে বাদ দেন। তবে জংকে দেয়া সাক্ষাত্কারে আফ্রিদি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের জীবনেই খারাপ সময় আসে এবং এজন্য তিনি চিন্তিত নন। তিনি বলেন, ‘আমি যখন রান পাচ্ছিলাম না তখন তারা আমার ব্যাটিং নিয়ে কথা বলেছে। এখন আমি রান পেতে শুরু করেছি এবং একইভাবে বোলিংয়েও ফর্মে ফিরব।’ বাসস