টু কি টা কি

আপডেট : ০৩ মে ২০১৩, ২১:২৪
ইতিহাসে সফিউল না, এমন কিছু ঐতিহাসিক পারফরম্যান্স করেননি সফিউল ইসলাম। তারপরও গতকাল ক্রিকেট ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন বাংলাদেশি এই পেসার। এখন তিনি ইতিহাসের প্রথম বোলার, যিনি ডেলিভারির সময় উইকেট ভেঙে ফেলে নো-বল করেছেন! মূলত ইংলিশ বোলার স্টিভেন ফিনকে মাথায় রেখে সদ্যই এই আইনটা করেছে আইসিসি। আগে কোনো বোলার বল করতে গিয়ে নন স্ট্রাইকিং প্রান্তের স্ট্যাম্প ভেঙে ফেললে ডেড বল হত; স্টিভেন ফিন এই কান্ড প্রায়শ করতেন। নতুন আইনে বলা হয়, এই কাজ কেউ করলে নো-বল হবে। আর ৩০ এপ্রিল থেকে কার্যকর হয়ে গেছে এই আইন। অত্যন্ত মজার ব্যাপার, ওয়ানডে ক্রিকেটের বহু সংশোধিত আইনে প্রথম আন্তর্জাতিক ম্যাচটি বাংলাদেশ খেলেছে। এবারও তাই হয়েছে। আর সুযোগটা ‘মিস’ করেননি সফিউল। ইনিংসের দ্বিতীয় ওভারে, নিজের প্রথম বলটিই করতে গিয়ে পায়ে লাগিয়ে স্ট্যাম্প ভেঙে ফেললেন—নো-বল! ‘নতুন’ সাকিব সাকিব আল হাসান কখনোই আদর্শ ফুটওয়ার্কের জন্য উদাহরণ ছিলেন না। তারপরও বিচিত্র কিছুও করতেন না। কিন্তু গতকাল যেটুকু সময় উইকেটে ছিলেন, অন্য এক সাকিবকে যেন দেখা গেল। প্রতিটা বলে বলে উইকেটে রীতিমতো দুই পা করে হাঁটলেন। ফুটওয়ার্ক নয়; দু পা পায়চারি করে নিলেন যেন! বিচিত্র এই ফুটওয়ার্ক দর্শকদের দৃষ্টিও আকর্ষণ করল। যে বলটার পর রানআউট হলেন; সেটাতেও ওরকম পায়চারি করে খেললেন। শেষ পর্যন্ত মোমিনুলের কলে রান নেব, নেব-না করতে করতে রানআউট হয়ে ফিরলেন। সাকিবের এই পায়চারি দেখে রসিক এক পাঠক ক্রিকইনফোতে মন্তব্য করলেন, ‘সাকিব ইনজুুরির সময় সম্ভবত হেইডেনের প্রচুর ভিডিও দেখেছেন।’ এখন হেইডেনের মতো মারকুটে হয়ে উঠলেই হয়! মাসাকাদজার ‘কীর্তি’ দ্বিতীয় হারারে টেস্ট থেকে শুরু হয়েছে মাসাকাদজার একক লড়াই। এই বুলাওয়ের প্রথম ওয়ানডেতেও চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত ৩৮ রান করে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন। এতে একটা ঘটনা ঘটেছে। সেই হারারে থেকে এই পর্যন্ত ১৩ জন সঙ্গীকে আউট হতে দেখেছেন নিজে আউট হওয়ার আগে। এই ম্যাচে হারারের মতো সেঞ্চুরি করে অপরাজিত থাকলে হয়তো বাংলাদেশের জন্য বিপদই হতে পারতো। সেটা হতে দেননি বাংলাদেশের অন্যতম সফল বোলার জিয়াউর রহমান। পিতা-পুত্রের অপেক্ষা জিম্বাবুয়ের ব্যাটিং চলা অবস্থায় দৃশ্যটা বারবার দেখা গেল। ক্যামেরায় বেশ ক বার দেখা গেল, পাশাপাশি বসে পরামর্শ করছেন বাবা ও ছেলে ওয়ালার জুটি—অ্যান্ডি ওয়ালার ও ম্যালকম ওয়ালার। না, এখনও কোচ-খেলোয়াড় হয়ে দলে যুক্ত হননি ওয়ালার জুটি। যদিও ১ মে থেকেই কাজে যোগ দিয়েছেন অ্যান্ডি ওয়ালার। কিন্তু বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজই পুরোনো কোচ দায়িত্ব পালন করবেন। ফলে এখন তিনি অনেকটাই দর্শক হিসেবে ছেলের খেলা দেখছেন। আর ক’টা দিন অপেক্ষা করতেই হচ্ছে বাবা-ছেলেকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখার জন্য। অবশেষে রান দিনশেষে বোলার জিয়াউর রহমান আরও একবার আলোচনায়। কিন্তু জিয়া এদিন তার আসল ‘কীর্তি’টা করেছেন ব্যাট হাতে—ক্যারিয়ারের প্রথম ওয়ানডে রানটা করেছেন! এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতেই শূন্য রানে ফিরেছেন। ফলে ওয়ানডের প্রথম রানটার জন্য তিনি অপেক্ষায় ছিলেন। দৃশ্যত, পুরো বাংলাদেশও যেন অপেক্ষায় ছিলেন। পানায়ারাঙ্গার বলে নিলেন প্রথম রানটা; সেটা আবার তার নামে যোগ হল না; লেগবাই! এরপর ওই পানায়ারাঙ্গার বলেই চার মেরে খাতাটা খুললেন। সঙ্গে সঙ্গে যেন একটা ভার নেমে গেল। অবশেষে রানটা অন্তত করতে শুরু করলেন জিয়া। শেষ পর্যন্ত ১০ বলে ২টি চারসহ ১২ রান করে আউট হলেন। মানে, এখন অলরাউন্ডার জিয়াকে পাওয়া যাবে!