ঘরোয়া ফুটবল লিগ

আরামবাগের অবনমন

আপডেট : ০৩ মে ২০১৩, ২১:২৫
নিজেদের শেষ ম্যাচে হেরে গ্রামীণফোন প্রিমিয়ার ফুটবল লিগে অবনমনের শিকার হলো আরামবাগ ক্রীড়া সংঘ। গতকাল টিম বিজেএমসির কাছে ৩-২ গোলে আসরটি থেকে বিদায় নেয় তারা। ফলে আগামী লিগে দলটিকে খেলতে হবে দ্বিতীয় সারির প্রতিযোগিতা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে এগিয়ে যায় আরামবাগই। ২১ মিনিটে নাইজেরিয়ান আবু পলের গোলে ১-০ তে লিড নেয় তারা। পিছিয়ে পড়ে ঘুম ভাঙে বিজেএমসির। ২৭ মিনিটে বিজেএমসিকে সমতায় ফেরান গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা। বিরতির আগেই আরও দুই গোল করে ৩-১ এ এগিয়ে যায় বিজেএমসি। ৩২ মিনিটে আব্দুল্লাহ পারভেজ ও ৪২ মিনিটে মোখলেসুর রহমান গোল দুটি করেন। ৬১ মিনিটে নাইজেরিয়ান কেস্টার আকনের গোলে ব্যবধান কমানো ছাড়া সুবিধা করতে পারেনি আরামবাগ। শেষ পর্যন্ত ৩-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে তারা। এ হারে ১৬ ম্যাচ শেষে মাত্র নয় পয়েন্ট নিয়ে লিগের ষষ্ঠ আসরের একমাত্র দল হিসেবে অবনমন ঘটে আরামবাগের। অন্যদিকে সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগে চার নম্বরে উঠেছে বিজেএমসি। প্রতিযোগিতায় এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।