বগুড়া প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হলো জলেশ্বরীতলা ক্রিকেট ক্লাব (জেসিসি)।
গত বুধবার ফাইনালে দলটি জেসন-বিপুল স্মৃতি সংঘকে ১১৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে এ কৃতিত্ব দেখায়। শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে টসে জিতে জলেশ্বরীতলা ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করে ৫০ ওভারে সাত উইকেটে ৩২২ রান তোলে। শাকিলের দল সর্বোচ্চ ৮৮ রানের পাশাপাশি শাওন (৭৬), সিজার (৬৭)-এর ব্যাটিংয়ে দলটি বড় সংগ্রহ পায়। বিপক্ষ বোলারদের মধ্যে উজ্জল, মেহেদী, রাহিদ ও আফজাল একটি করে উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে জেসন-বিপুল স্মৃতি সংঘ ৪৪.২ ওভারে ২০৪ রানে গুটিয়ে যায়। মেহেদী ৩৫, শন্টু ৩২ ও রাফি ৩০ রান করেন। শাওনা তিনটি, মশিউর ও সাথিল দু’টি করে উইকেট পান। বিজয়ী দলের শাওন অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যান অব দ্যা ম্যাচ হন। খেলা শেষে বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. গোলাম কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি ও এফবিসিসিআই-এর পরিচালক আলহাজ্ব মমতাজউদ্দীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মাছুদুর রহমান মিলন, গুঞ্জন গ্রুপের পরিচালক তালহা মোস্তাকিম, জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি খাজা আবু হায়াত হিরু, বাংলাদেশ গেমসে স্বর্ণপদক পাওয়া পরশ ও মাশরাফিসহ ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা।
