চ্যালেঞ্জ নেবেন নাদাল?

আপডেট : ০৩ মে ২০১৩, ২১:২৬
দু’জনের পয়েন্টের ব্যবধান প্রায় ৭০০০। এই দুস্তর ব্যবধান ঘুচিয়ে বছর শেষে রাফায়েল নাদালের জন্য র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছানোটা কঠিনই বটে। কিন্তু লোকটি নাদাল বলেই মনে করা হচ্ছে, চ্যালেঞ্জটা তিনি নিতে পারবেন। বছরের তিনটি গ্র্যান্ড স্ল্যামই এখনো বাকি। যার মধ্যে একটি হচ্ছে নাদালের প্রিয় ফ্রেঞ্চ ওপেন। আর এ কারণেই মনে করা হচ্ছে বছর শেষে র্যাঙ্কিং-এ শীর্ষে থাকা নোভাক জোকোভিচকে কঠিন একটা চ্যালেঞ্জই ছুড়বেন নাদাল। ফ্রেঞ্চ ওপেন কড়া নাড়ছে দরজায়। আর ক্লে কোর্টের এই টুর্নামেন্টটির জন্য নিজেদের প্রস্তুত করতে খেলোয়াড়রা ব্যস্ত নানা প্রস্তুতিমূলক টুর্নামেন্ট খেলতে। ব্যস্ত রাফায়েল নাদালও। হাঁটুর ইনজুরি কাটিয়ে প্রায় সাত মাস পর কোর্টে ফিরে এরই মধ্যে খেলে ফেলেছেন ছয়টি টুর্নামেন্ট। যার প্রতিটিতেই খেলেছেন ফাইনালে। ঘরে তুলেছেন চারটি শিরোপা। ফলে ৫,৯৮৫ পয়েন্ট নিয়ে তিনি এখন অবস্থান করছেন র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে। আর ১২,৯০০ পয়েন্ট নিয়ে এটিপি র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন জোকোভিচ। এই সার্বিয়ান তারকাকে টপকে র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌছাতে হলে নাদালকে জিততে হবে সম্ভাব্য সবকটি টুর্নামেন্ট। গতকাল থেকেই শুরু হতে যাওয়া মাদ্রিদ ওপেনের পরে নাদাল খেলতে যাবেন রোম মাস্টার্সে। রোম মাস্টার্সের পরে অষ্টম শিরোপার লক্ষ্য নিয়ে এমাসের ২৬ তারিখ থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে যাবেন তিনি। এই দুই টুর্নামেন্ট নাদালকে রক্ষা করতে ৩০০০ পয়েন্ট লাগবে। তবে গত দুই বছর ধরে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সার্বিয়ান জোকোভিচকে শীর্ষস্থানচ্যুত করা সহজ হবে না মোটেই। কারণ ‘জোকার’ও আছেন দারুণ ফর্মে। এতকিছুর পরেও অনেকেই ভাবছেন নাদাল কঠিন এক পরীক্ষাতেই ফেলবেন জোকোভিচকে। তাদেরই একজন সাবেক খেলোয়াড় এবং আন্দ্রে আগাসির কোচ ব্রাড গিলবার্ট। গিলবার্ট মনে করছেন, এবছরের শেষ দিকে জোকোভিচের ঘাড়ের উপর নিশ্বাস ফেলবেন নাদাল। এই আমেরিকান বলেন, ‘বছরের এই সময়টাতে সবচেয়ে বেশী খেলা থাকে। আপনার হাতে টানা দুটি মাস্টার্স টুর্নামেন্ট আছে এবং তারপরে রয়েছে ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডন। অর্থাত্ কয়েক দিনের ব্যবধানে আপনি প্রায় ৬০০০ পয়েন্ট মুঠোয় পোরার সুযোগ পাচ্ছেন। এই সময়টাতে যা ঘটবে সেটাই ঠিক করে দেবে, বছর শেষে কে থাকছে এক নম্বরে। জোকোভিচ সুবিধাজনক অবস্থানে আছে সন্দেহ নেই, তবে এরপরেও কঠিন একটা প্রতিযোগিতাই হবে বলে আমি মনে করি।’ ইনজুরি কাটিয়ে কোর্টে ফেরার জন্য তাড়াহুড়ো না করে ‘ধীরে চলো’ নীতি অবলম্বন করাই নাদালকে আরো বেশী সাফল্য এনে দেবে, এমনটাই মনে করছেন বর্তমানে টেনিস ধারাভাষ্যকার হিসেবে কাজ করা গিলবার্ট। যদিও ইনজুরি পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে খেলতে পারেননি নাদাল। গিলবার্ট বলেন, ‘প্রতিটি টুর্নামেন্টের ফাইনালে খেলতে কি কষ্টই না তাকে (নাদাল) করতে হয়েছে। সে যেভাবে খেলছে তাতে আমি খুশি। নিজেকে পুরোপুরি ফিট না ভাবা পর্যন্ত সে তাড়াহুড়ো করেনি। (টুর্নামেন্টগুলোর) ফলাফলই বলছে তার সিদ্ধান্ত সঠিক ছিল।’