রাজনীতিতে এখন সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ হচ্ছে সংলাপ। এটি দেশের মানুষের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয়ও বটে। এ নিয়ে সরব কূটনীতিক, ব্যবসায়ী ও এনজিও ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। সংলাপের জন্য রুল পর্যন্ত জারি করেছেন হাইকোর্ট।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের ভিতরে বা বাইরে সংলাপে বসার জন্য বিরোধী নেত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি প্রকাশ্য আহ্বান জানিয়েছেন। আর এই আহবানের ফলে পাল্টে গেছে দৃশ্যপট। সংঘাত-সংঘর্ষ ও মুখোমুখি কঠোর অবস্থান থেকে সরে এসে হঠাত্ করেই নমনীয় অবস্থানে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। প্রধানমন্ত্রীর এই প্রস্তাবে সাড়া দিয়ে বিএনপি নেতৃবৃন্দও ইতিবাচক মনোভাব পোষণ করছেন। যদিও তারা শর্তের কথা বলেছেন। তবে দেশের শুভবুদ্ধিসম্পন্ন সব মানুষই আশা করে বিএনপি নেতৃত্ব প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেবেন এবং সংলাপের মাধ্যমেই বের হয়ে আসবে রাজনৈতিক সংকট থেকে সমাধানের পথ।
আমাদের দেশের মানুষ এত বেশি বঞ্চনার শিকার যে, খুব অল্পতেই আশাবাদী হয়ে উঠে। এবারও সংলাপের ব্যাপারে সবাই আশাবাদী হয়ে উঠেছেন। সবাই ভাবছেন, এবার যদি সন্ত্রাস-হরতাল-হানাহানি-নৈরাজ্যনির্ভর রাজনীতি থেকে তারা একটু রেহাই পায়! মানুষ আসলে শান্তি চায়। আর দুই প্রধান দলের মধ্যে আলোচনা বা সংলাপ মানুষকে কাঙ্ক্ষিত শান্তির পথে নিয়ে যেতে পারবে—এই ধারণা থেকেই সবাই সংলাপের ব্যাপারে এতটা আশাবাদী হয়ে উঠেছে।
দেশের মানুষের এই আকাঙ্ক্ষা বিচেনায় নিয়ে সংলাপ বা আলোচনা শুরু করাটা অত্যন্ত জরুরি। সরকার ও বিরোধী দল উভয়কে অনড় অবস্থান থেকে সরে আসতে হবে। অবশ্য তার কিছুটা হলেও লক্ষণ ইতিমধ্যেই দেখা যাচ্ছে। মনে রাখা দরকার যে, সংঘাত-সংঘর্ষের মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না, বরং আরো জটিল হয়। আলোচনার মাধ্যমেই শেষ পর্যন্ত সমাধান আসে। আগামী নির্বাচনের খুব বেশি দেরি নেই। এই নির্বাচন সব দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ হতে হবে। আর আলোচনার মাধ্যমে সেই পথই বের করতে হবে।
আলোচনায় বসলে স্বাভাবিকভাবেই নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক বা নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রসঙ্গ আসবে। সংলাপ হলে সরকার ও বিরোধী দল নিজ নিজ অবস্থানে কি যুক্তি দেয় তা জানা যাবে। দেশবাসীও জানতে পারবে। সরকার যদি অযৌক্তিক কথা বলে তাহলে তা দেশের জনগণ নিশ্চয়ই গ্রহণ করবে না।
সংলাপকে উভয়পক্ষই গুরুত্ব দেবে বলে আমরা আশা করি। চারদিকে যখন অন্ধকার, সমস্যা এবং সংকট জাতি হিসেবে আমাদের উদ্ধারের পথ বন্ধ করে অনড় দৈত্যের মতো দাঁড়িয়ে আছে, তখন একমাত্র আশার আলো সংলাপ বা আলোচনা। আলোচনার মাধ্যমেই সম্ভব সব সমস্যার সমাধান। আলোচনাই পারে মতপার্থক্য কমিয়ে আনতে। একগুঁয়েমি বা জিদ নয়, দরকার উদার ও মুক্ত মন নিয়ে আলোচনায় বসা। আলাপ-আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধানে পৌঁছানো। কিছু পেতে হলে কিছু দিতে হয়। শুধু আমিই জিতব—এমন ধারণার বশবর্তী হয়ে পথ চললে কখনই কোনো সমাধানে উপনীত হওয়া সম্ভব নয়। গায়ের জোরে হয়তো অনেক কিছুই করা যায়, কিন্তু তাতে আখেরে ভালো ফল ফলে না। এর জন্য পরে মূল্য গুনতে হয়।
সংলাপ নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে, সংশয় আছে। কারণ অতীতে আমরা আরও অনেকবার এ ধরনের রাজনৈতিক সংলাপ দেখেছি। সেসব সংলাপের ফলাফল সম্পর্কে আমাদের অভিজ্ঞতা মোটেও স্বস্তিকর নয়। কিন্তু অতীতে ভালো কিছু হয়নি বলে এখন ভালো কিছু হবে না তা তো হতে পারে না। বরং অতীত থেকে শিক্ষা নিয়েই আমাদের ভবিষ্যত্ নির্মাণ করতে হবে। যুগে যুগে মানুষ তাই করেছে।
সংলাপ মানে সমঝোতা। সমঝোতা মানে আপোষ। আপোষ মানে ছাড় দেয়া। জাতীয় বৃহত্তর স্বার্থে উভয় দলকেই ছাড় দিতে হবে। বাস্তবতার নিরিখে পথ চলতে হবে। মনে রাখা দরকার, নিজেদের সংকীর্ণ দলীয় দৃষ্টিভঙ্গি, একগুঁয়েমি গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। রাজনৈতিক শক্তির দুর্বলতা আর একে অপরকে দেখে নেয়ার মানসিকতার কারণে অরাজনৈতিক শক্তি বিকশিত হওয়ার সুযোগ পায়। আর এই শক্তি যদি ক্ষমতা দখল করে তাহলে তার ফল বিএনপি-আওয়ামী লীগসহ সব রাজনৈতিক শক্তিকেই ভোগ করতে হয়। ‘ওয়ান ইলেভেনের’ স্মৃতি নিশ্চয়ই আমাদের দুই নেত্রী ভুলে যাননি। কাজেই শুধু একে অপরের খুঁত না ধরে ভবিষ্যতে একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে আয়োজন করা যায়, সেই চেষ্টা করতে হবে। আর মানুষ যাদের কাজে বীতশ্রদ্ধ ব্যালটের মাধ্যমে নিশ্চয়ই তাদের শিক্ষা দেবে। যাদের কাজে সন্তুষ্ট তারা নিশ্চয়ই নির্বাচনী ফলাফলে পুরস্কার পাবেন। কাজেই এখন একে অপরের ‘পাপ উন্মোচন’ করার কাজে শক্তি ক্ষয় না করে দয়া করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ-পদ্ধতি খুঁজে বের করুন, নির্বাচনে অংশগ্রহণ করুন, তখন আপনারা অবশ্যই কৃতকর্মের ফল পাবেন। এটাই এখন দেশের সাধারণ মানুষের স্বপ্ন এবং প্রত্যাশা।
রাজনীতিবিদদের মনে রাখতে হবে, মানুষ স্বপ্ন দেখে, স্বপ্নের মাঝেই বেঁচে থাকে। স্বপ্ন আছে বলেই জীবন আছে। স্বপ্ন শেষ তো জীবন শেষ। জীবনের নীল আকাশে স্বপ্নের পাখি ডানা মেলে উড়ে বেড়ায়। স্বপ্নের কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। কোনো সীমারেখার মাধ্যমে স্বপ্নকে বেঁধে রাখা যায় না। স্বপ্নের দিগন্ত অসীম। প্রতিটি মানুষের হূদয় হচ্ছে অসংখ্য স্বপ্নের মায়াজাল দিয়ে গড়া এক একটি সৌধ। মানুষ নানানরকম স্বপ্ন দেখে। সুন্দর জীবনের স্বপ্ন। দামি গাড়ি-বাড়ির স্বপ্ন। নায়িকাদের কাছে পাবার স্বপ্ন। বড়লোক হবার স্বপ্ন। আমেরিকা যাবার স্বপ্ন। প্রধানমন্ত্রী হবার স্বপ্ন। আরো ক্ষমতা, আরো ঐশ্বর্য, সুখ-সমৃদ্ধি, যশ-খ্যাতি লাভের স্বপ্ন। অথবা কার্ল মার্কসের মতো ‘সমগ্র মানবজাতিকে ভালোবেসে’ শোষণহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন।
বেকারের স্বপ্ন চাকরি। একটি ভালো চাকরির স্বপ্নে বিভোর লক্ষ-কোটি বেকার। ক্ষুধার্ত স্বপ্ন দেখে এক সানকি ভাত। অনেক স্বপ্ন বাস্তবে প্রতিফলিত হয়। অনেক স্বপ্ন চিরকাল স্বপ্নই থেকে যায়। তবুও মানুষ স্বপ্ন দেখে। নারী-পুরুষ, শিশু-তরুণ, মৃত্যু পথযাত্রী মুমূর্ষু, দুগ্ধপোষ্য শিশু সকলেই স্বপ্ন দেখে।
স্বপ্ন সত্যি হয় কি-না? কি করে হয়? সে ভারি জটিল বিষয়। তবে কোনো কোনো স্বপ্ন সত্যি হয়। আব্রাহাম লিঙ্কন একবার একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। লিঙ্কন স্বপ্নে দেখেছিলেন যে, তার ঘরে সাদা কাপড়ে মোড়া একটি লাশ এবং তার চারপাশে তারই সব চেনা-জানা লোক। লিঙ্কন সাদা চাদরটি উঠিয়ে চমকে উঠলেন। চাদরে ঢাকা শবটি তার মৃতদেহ। স্বপ্নের এ কাহিনীটি লিঙ্কন অনেককে বলেছিলেন। এক সপ্তাহের মধ্যেই স্বপ্নটি পুরোপুরি বাস্তব হলো। তিনি আততায়ীর হাতে নিহত হলেন। তার শবদেহটি স্বপ্নের মতোই ঢেকে রাখতে হলো, চারপাশে চেনাশোনা লোকের ভিড়।
স্বপ্ন ছাড়া পৃথিবী অচল। শুধু মানুষ নয়, দেবতারাও স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে দেবতারা চিরকাল ধরে নিঃসঙ্গিনী, বিরহকাতর রমণীদের দেখা দিয়েছেন। এমনকি সেসব রমণী স্বপ্নের মধ্য দিয়ে তাদের গর্ভধারণ করেছেন স্বর্গীয়সন্তান। রামায়ণে রাজা দশরথ স্বপ্নে দেখেছেন, অশোক কুঞ্জে সীতা স্বপ্ন দেখেছেন। আজ থেকে বহু বছর আগে মহাকবি ইকবাল ‘পাকিস্তান’-এর স্বপ্ন দেখেছিলেন। মহাত্মা গান্ধী স্বপ্ন দেখেছিলেন স্বাধীন ভারতবর্ষের। ব্যক্তি স্বপ্ন দেখে আবার জাতিও স্বপ্ন দেখে। কখনো কখনো স্বপ্ন দেখানোও হয়। বঙ্গবন্ধু যেমন বাঙালি জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন উনিশশ’ একাত্তরে। ব্যক্তি নিঃশেষ হয়ে যায়, স্বপ্ন বেঁচে থাকে।
মানুষ শুধু ঘুমিয়েই স্বপ্ন দেখে না, জেগে জেগেও স্বপ্ন দেখে। কতক স্বপ্নকে দিবাস্বপ্ন বলা হয়। আবার গরিব লোক যে স্বপ্ন দেখে তাকে বলে খোয়াব। দিবাস্বপ্ন আর খোয়াব নিয়েই বেঁচে আছে এ দেশের বেশিরভাগ মানুষ।
স্বপ্নতত্ত্ব বড় কঠিন জিনিস। তবে আমাদের যাবতীয় স্বপ্নের বারটা বাজিয়ে গেছেন ফ্রয়েড সাহেব। তিনি এবং তার চেলাচামুণ্ডাদের হাতে ব্যাপারটি ভয়াবহ পরিণতি লাভ করেছে। ফ্রয়েডের মতে মানুষের কোনো ভাবনাই নিষ্পাপ নয়, কোনো চিন্তাই সহজ-সরল নয় (চেতন বা অবচেতন মনের ভাবনার প্রতিক্রিয়াই নাকি স্বপ্ন)। সব জটিল হয়ে গেছে। এমনকি স্বপ্নের মতো সরল জিনিসও।
এতো কিছুর পরেও স্বপ্নই আমাদের নিজস্ব সম্পদ। আমাদের সব কিছু হাতছাড়া হয়েছে স্বপ্নটুকু ছাড়া। স্বপ্নের ওপর মালিকানা আছে বলে আজো মানুষ বেঁচে থাকতে চায়। আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ন দেখবার সাহস আমাদের আছে। স্বপ্ন বাদ দিয়ে সৃষ্টি অসম্ভব—এই স্পর্ধিত উক্তি ফাঁসির রশিতে ঝুলবার মুহূর্তে অথবা পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়াবার পুণ্যক্ষণে ‘স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক’ নিটোল প্রত্যয়ে বাঙালি যুবক উচ্চারণ করেছে। যে ব্যবস্থা আমাদের নিঃস্ব করেছে, এগুবার পথ রুদ্ধ করে রেখেছে, যে প্রক্রিয়া আমাদের মধ্যযুগীয় অন্ধকারে ফিরিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর, তার বিরুদ্ধে সংগ্রামে যদি আমাদের সফল হতে হয় তা হলে দিনবদলের স্বপ্ন-রোমান্টিকতায় প্রত্যাবর্তন করতেই হবে আমাদের। তবে সেটা অনেক দূরের স্বপ্ন। আপাতত আমাদের স্বপ্ন প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সংলাপ। এই স্বপ্নকে যদি কেউ ‘হত্যা’ করেন বা হত্যা করতে চান, তবে তার জন্য সীমাহীন মূল্য দিতে হবে, অবশ্যই।
লেখক : কলামিষ্ট
