অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন চাই এবং অবিলম্বে সহিংসতা বন্ধ হোক

আপডেট : ০৪ মে ২০১৩, ২১:২০
বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭১ সাল থেকে ১৯৭৫ পর্যন্ত সংসদীয় গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করে। ৭৫-এর পটপরিবর্তনের পর থেকে দেশে অগণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করে। ১৯৯০ সনে স্বৈরাচার এরশাদ বিরোধী গণঅভ্যুত্থানের পর ১৯৯১ সাল থেকে দেশে আবার সংসদীয় গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করে এবং অদ্যাবধি অর্থাত্ ২০১৩ সাল পর্যন্ত এই সংসদীয় গণতান্ত্রিক সরকার অব্যাহত আছে। ১৯৯১ থেকে ২০১৩ এই ২৩ বছর সংসদীয় গণতান্ত্রিক সরকার কর্তৃক দেশ পরিচালনাকালীন সময় যে কবার নির্বাচন হয়েছে তা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারগুলোর অধীনে যে নির্বাচন হয়েছে তা সবকটিই সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ হয়েছে। যদিও যখন যে দল নির্বাচনে পরাজিত হয়েছে তারা নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে। প্রতিবার সংসদে বিরোধীদলের অনুপস্থিতি। উপস্থিত হলেও সরকারকে সহযোগিতা না করা। আবার সরকারগুলো বিরোধীদলের প্রতি গণতান্ত্রিক আচরণ না করা পরিলক্ষিত হয়েছে। বাংলাদেশের প্রধান দুটি দল হল বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপি। উল্লেখ্য যে, আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করে। আমরা যদি বিশ্বের দিকে একটু তাকাই তাহলে দেখা যাবে বিশ্বের গণতান্ত্রিক দেশসমূহে বিশেষ করে সংসদীয় গণতান্ত্রিক দেশসমূহের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করে না। নির্বাচন কমিশনই ঐসব দেশের নির্বাচন পরিচালনা করে। বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে তাতে দেখা যায় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া দাবি করছেন আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। অপরপক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন আগামী নির্বাচন বিশ্বের অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক দেশের মত চলমান সরকারের অধীনেই পরিচালিত হবে। দুটি দল এখন একেবারেই মুখোমুখি। সংঘাত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দেশবাসী আতংকে আছে। জ্ঞানী-গুণীরা বক্তৃতা-বিবৃতি দিচ্ছে একটি সমঝোতায় আসার জন্য। এটা বলাই বাহুল্য যে, কোন দেশের সংঘাতময় অবস্থায় সরকারেরই দায়-দায়িত্ব বেশি। মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীর মধ্যে ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ক খুবই শীতল। সমঝোতার সম্ভাবনা খুবই ক্ষীণ। একথা সত্য যে, বাংলাদেশের মত একটি সংসদীয় গণতান্ত্রিক দেশে যুগ যুগ ধরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন হতে পারে না। আবার একথাও সত্য যে, আমাদের দেশের নির্বাচন কমিশন বিশ্বের অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক দেশের নির্বাচন কমিশনসমূহের মত যথেষ্ট স্বাধীন না। ভারতে সংসদ নির্বাচন বরাবর নির্বাচন কমিশন চালিয়ে আসছে। নির্বাচন নিয়ে কোন সময় কোন বিতর্ক ওঠে নাই। আমাদের দেশের নির্বাচন কমিশন কি ঐ রকম স্বাধীন। নির্বাচন কমিশনকে কেন সম্পূর্ণ স্বাধীন করা হচ্ছে না তাহলে তো আমাদের দেশে বিতর্ক অনেকখানি শেষ হয়ে যেত। আমাদের সংসদ এখনো বহাল আছে। সংসদই পারে সংবিধান সংশোধন করে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় স্বাধীন করতে। এ ব্যাপারে বর্তমান সরকারকে একেবারেই উদার হতে হবে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকেই এই মহান দায়িত্বটি নিয়ে দেশে স্থায়ী শান্তি স্থাপন করে ইতিহাস সৃষ্টি করতে হবে। অন্যথায় নির্বাচন কমিশনের এখন যে অবস্থা তাতে বর্তমান সরকারের অধীনে হয়ত বিরোধীদল সংসদ নির্বাচনে অংশ নিবে না। দেশে সংঘাত অনিবার্য হয়ে যাবে। একটি কথা আমি উল্লেখ করতে চাই। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। বাংলাদেশের জনগণের এখনো মাননীয় প্রধানমন্ত্রীর ওপর আস্থা আছে। তাই মানুষ আশা করে মাননীয় প্রধানমন্ত্রী তার সততার পরিচয় দিয়ে দেশে একটি সুষ্ঠু ব্যবস্থার পথ দেখাবেন। আমরা জানি বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চাওয়া-পাওয়ার কিছু নাই। তাই তিনি সততার সহিত দেশে সংঘাত এড়াবার জন্য একটি সুষ্ঠু পদক্ষেপ নিবেন। বিরোধী দলীয় নেত্রীরও অনেক দায়িত্ব আছে। তাকেও আন্তরিক হতে হবে। বর্তমান সরকারের যেটুকু ভাল তাকে ভাল বলতে হবে। ক’দিন আগে ব্যারিস্টার রফিকুল হক সাহেবের একটি সাক্ষাত্কার টিভি চ্যানেলে দেখলাম। তিনি এক পর্যায়ে বলেছেন, বর্তমান সরকার অনেক কিছুই করেছে তবে আরো করতে পারত। সমালোচনা তো এই রকমই হওয়া উচিত। সাদাকে সাদা বলতে হবে ও কালোকে কালো বলতে হবে। জাতীয় ইস্যুসমূহের ওপর দুটি বড় দলের যে মতপার্থক্য আছে তা আলোচনার মাধ্যমে সম্পূর্ণ আন্তরিক হয়ে ইতিহাসের সত্যতা বিবেচনা করে সমঝোতায় আসতে হবে। জাতি যাতে দ্বিধা-বিভক্ত না হয় সেদিকে দুজনকে আন্তরিকতার সহিত পদক্ষেপ নিতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দুদলকেই শ্রদ্ধাশীল থাকতে হবে। অত্যন্ত দুঃখের সহিত লিখতে হচ্ছে যে, ১৯৯১ সাল হতে প্রত্যেকবারই বিরোধীদল সংসদ বর্জন অব্যাহত রেখেছে। দুটি বড় দলের রাজনৈতিক সহনশীলতা ছাড়া দেশে স্থায়ী শান্তি স্থাপন করা সম্ভব হবে না। প্রত্যেকেই প্রত্যেকের সহিত গণতান্ত্রিক আচরণ করতে হবে। আমাদের মনে রাখা উচিত যে দেশটা জনগণের। জনগণের ইচ্ছা-অনিচ্ছার গুরুত্ব আমাদের দিতে হবে। সবাই চায় নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন। প্রত্যেকটি দলকে জনগণের ওপর ভরসা করতে হবে। জনগণ যাকে ক্ষমতায় দেখতে চায় সেই ক্ষমতায় বসবে। জনগণ যাকে বিরোধীদলে স্থাপন করে দিতে চায় সেই বিরোধীদলের আসনে বসবে। আমরা এদেশে আর ভোট ডাকাতির নির্বাচন চাই না। আমরা আর এদেশে ভোটারবিহীন নির্বাচন দেখতে চাই না। আমরা আর এদেশে প্রহসনের নির্বাচন দেখতে চাই না। আমরা আর এদেশে অগণতান্ত্রিক সরকার দেখতে চাই না। জনগণ পক্ষপাতহীন নির্বাচন চায়। সেটা হোক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অথবা বিশ্বের অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক দেশের মত স্বাধীন শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে। আমরা আর এদেশে হানাহানি দেখতে চাই না। হরতালের নামে সহিংসতা, জ্বালাও-পোড়াও দেখতে চাই না। দেশে-বিদেশে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সব রকম সহিংসতা বন্ধ করে সরকার ও বিরোধীদলকে আলোচনার টেবিলে বসে মন খোলা আলোচনা করে সামনের নির্বাচনের পথকে সুগম করতে হবে। লেখক : সাবেক ছাত্রনেতা ও ব্যাংকার