শান্তিপূর্ণ নির্বাচন হবে কি?

আপডেট : ০৪ মে ২০১৩, ২১:২০
০০০০০ শান্তিপূর্ণ নির্বাচন: সরকারি দল ও বিরোধী দলের করণীয় শান্তিপূর্ণ নির্বাচন বলতে বোঝায় সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি এবং সরকারি দল ও প্রধান বিরোধী দলের মনোভাব কোনটিই শান্তিপূর্ণ নির্বাচনে ইঙ্গিত বহন করে না। যতদিন পর্যন্ত নেতৃস্থানীয়দের কাছে দেশের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থ অগ্রাধিকার পাবে ততদিন পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন হওয়া অসম্ভব। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বরাবরই গ্রহণযোগ্যতা পেয়ে আসছে। কিন্তু এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করার ফলে বর্তমান সরকার যেমন প্রশ্নবিদ্ধ হয়েছে তেমন অনিশ্চিত হয়ে পড়েছে আগামী নির্বাচনের নিরপেক্ষতা। অপরদিকে বিভিন্ন মহলের প্ররোচনায় দেশে বিরাজ করছে অশান্ত পরিবেশ। বলির পাঁঠা হচ্ছে সাধারণ জনগণ। এমন অস্থিতিশীল পরিস্থিতি কারো কাম্য নয়। বরং সকলেই চায় অবাধ, সুষ্ঠু তদুপরি শান্তিপূর্ণ নির্বাচন। শান্তিপূর্ণ নির্বাচন তখনই সম্ভব হবে যখন সরকারি দল ও বিরোধী দল একে-অপরের ছিদ্র অন্বেষণ না করে জনগণের স্বার্থে সংলাপে বসবেন। রুমানা সুলতানা, শেষ বর্ষ, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী। ০০০০০ সুষ্ঠু মন-মানসিকতাই এনে দিতে পারে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আমাদের দেশে প্রতিটি সংসদ নির্বাচনের আগে এই সমস্যাটি দেখা দেয় আর এ কারণে দেশে বিভিন্ন হরতাল, অবরোধসহ নানাবিধ কর্মসূচি দেয়া হয় যা আমাদের মত উন্নয়নশীল দেশেই শুধু নয় যেকোন দেশের জন্যই অর্থনৈতিক ক্ষতির কারণ। আর আমরা এটা করছি অতি সাধারণ ব্যাপার নিয়ে সেটা হলো নির্বাচনের প্রক্রিয়া নিয়ে। আমি এটাকে সাধারণ বললাম এজন্য যে, আমাদের দেশে এর চেয়ে অনেক বড় বড় সমস্যা রয়েছে যা নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো এতটা বাড়াবাড়ি করে না যতটা নির্বাচন নিয়ে করে। আসলে নির্বাচনে যাওয়ার আগেই সব দলের চিন্তা হয়ে যায় ক্ষমতায় কিভাবে যাওয়া যায়, কি করলে আমি বা আমার দল ক্ষমতায় আসতে পারবে। এছাড়া এক দলের প্রতি অন্য দলের কোন বিশ্বাস নেই, এ মন-মানসিকতা থেকেই যত ঝামেলার সৃষ্টি, আমরা যদি ক্ষমতার চিন্তা বাদ দিয়ে দেশ ও জনগণের কল্যাণের মন-মানসিকতা নিয়ে কাজ করি আর নির্বাচনের প্রক্রিয়াটা সব দল বসে চূড়ান্ত করে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। তখন যে দল বেশি দেশ ও জনগণের কাজ করবে সে এমনিতে দেশবাসীর রায় নিয়ে ক্ষমতায় এসে যাবে। এক্ষেত্রে সরকারি, বিরোধী ও অন্যান্য নিবন্ধিত দলগুলোর সাথে খোলা মন নিয়ে বসে দেশের উন্নয়নের কথা মাথায় রেখে সবার কাছে গ্রহণযোগ্য হয় এমন একটি নীতিমালা তৈরি করা যাতে করে প্রতিটি নির্বাচনের আগে আর এ ধরনের কোন সংকট সৃষ্টি না হয়। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার একটি সুষ্ঠু মন-মানসিকতার। এটা যেমন জরুরি সরকারি দলের জন্য আবার বিরোধী দলসহ অন্য সকল দলের কেউ যদি বিরূপ মনের হয়ে থাকে তাহলে এ প্রক্রিয়ায় বাধার সৃষ্টি হবে। তাই সব দলের সুষ্ঠু মন-মানসিকতাই এনে দিতে পারে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। মো. জহিরুল ইসলাম শিকদার বি.বি.এস (৩য়, বর্ষ), ঢাকা কলেজ ০০০০০ নির্বাচন হবে, তবে শান্তিপূর্ণ নাও হতে পারে আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলেছিলেন- “If elected I shall be thankful; if not, it will be all the same.” আমাদের চিন্তাটা আব্রাহাম লিঙ্কনের চিন্তা থেকে অনেক ভিন্ন, আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন। এর জন্য দরকার সমঝোতা, মধ্যস্থতা ও শান্তির পথে এগিয়ে চলার এক মিশন। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট বলেছিলেন- “একটি নির্বাচন, একটি দেশকে দিতে পারে না একটি দৃঢ় ধারণার দিকনির্দেশনা, যদিও এতে দুই বা ততোধিক জাতীয় দল থাকে, কিন্তু তাদের লক্ষ্য এবং নীতি এমন হবে যে, একই মটরশুটির দুইটি বীজকোষ বা শুটি।” আমি মনে করি, আমাদের ঠিক রুজভেল্ট এর মতো চিন্তা করা উচিত যে, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কিংবা জামায়াতে ইসলামী হলেও আমাদের নীতি হবে “সংঘাত নয়, শান্তি চাই।” শান্তিপূর্ণ নির্বাচন তখনই সম্ভব যখন, আমাদের দেশের সরকার দলীয় ও বিরোধী দলীয় নেতারা সংলাপে বসে একটি সঠিক নির্বাচন কাঠামো প্রণয়ন করে, নির্বাচনের পথে এগিয়ে যাবে। সাইদুর রহমান বিবিএ ১ম বর্ষ,ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা। ০০০০০ উভয় দল জেদ আর অনড় অবস্থানে থাকলে দেশে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়, প্রয়োজন সমঝোতা বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় অদৌ একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আশা করা অরণ্যে রোদন মাত্র। সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসলেও আজ সেই তত্ত্বাবধায়ক নামক শব্দটি শুনতে নারাজ। কেন শুনতে নারাজ তা সরকারই ভালো জানেন? অন্যদিকে বিরোধী জোটও তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে অংশ নিবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এবং সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছেন। এ অবস্থায় সংলাপের উদ্যোগ নেই। সমঝোতার কোন আলামত নেই। জেদ আর অনড় অবস্থানে নিয়ে হাঁটছেন সরকার ও বিরোধী জোট। সরকার নিজের অবস্থান দৃঢ় করতে এবং বিরোধী দলকে নির্বাচন থেকে দূরে রাখতেই সকল নেতা-কর্মীকে মামলার ফাঁদে ফেলে জেলে ভরে রাখছেন বলে অনেকে মনে করেন। কিন্তু বিরোধী দল ছাড়া এদেশে কোন নির্বাচন হবে কি-না আর হলেও তা কিভাবে হবে এবং যে সরকার ক্ষমতায় আসবে সে সরকার কতদিন মসনদে টিকে থাকতে পারবেন এ প্রশ্ন এখন সাধারণ জনগণের মুখে মুখে। তাই একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য উভয় দলকে অবশ্যই সমঝোতার পথ বেছে নিতে হবে। মো. মাহফুজুর রহমান বিভাগ- বাংলা তৃতীয় বর্ষ ঠাকুরগাঁও সরকারি কলেজ ঠাকুরগাঁও।