সরে দাঁড়ানোর ব্যাখ্যা দিলেন ক্যালিস

আপডেট : ০৪ মে ২০১৩, ২১:৩৫
ব্যক্তিগত কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে জ্যাক ক্যালিসের নাম প্রত্যাহার করে নেয়ায় বেশ বিস্মিত গোটা ক্রিকেট বিশ্ব। তবে, গত শুক্রবার নিজে থেকেই এগিয়ে এলেন ক্যালিস। আগামী জুন মাসে ইংল্যান্ডে দক্ষিণ আফ্রিকা দলে না থাকার কারণ জানালেন নিজের কলামে। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের ফর্মে ধারাবাহিকতার অভাবকেই সামনে নিয়ে এলেন ক্যালিস। আর এই কারণেই আট জাতির চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে না এই অলরাউন্ডারকে। তিনি লিখেছেন, ‘দলকে (কলকাতা নাইট রাইডার্স) সফলতা এনে দিতে অনেক কাজ বাকি। একজন খেলোয়াড় হিসেবে সফলতা এনে দিতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি বলে তাদের সান্ত্বনা দেয়া নয়। গত বছরের মতো এ বছর আমরা কতিপয় সিনিয়র খেলোয়াড় ভালো করতে পারছি না। অবশ্যই এ দলে আমিও একজন।’ নিজের লেখায় বার বার উঠে এসেছে ক্যালিসের প্রতিজ্ঞাবদ্ধ চরিত্রের চেহারা। তিনি বলেন, ‘এ পর্যন্ত আমি যতগুলো দলের হয়ে খেলেছি— সব দলকেই আমি নিজকে পুরোপুরি সপে দেয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ— এটা আমার চরিত্র। আমার ক্যারিয়ার ও বয়স বিবেচনা করলে খেলার বাইরে এবং ভিতরে আমাকে অনেক বিষয়ই আমলে নিতে হয়। আমার সেরাটা খেলার জন্য আমাকে কিছু পরিকল্পনা ও কাজ করতে হয়। পুরোপুরি মনোযোগী না হয়ে সাধারণভাবে আমি দলে একটি জায়গা ধরে রাখতে পারি না।” এখন তাই ফর্মে ফিরতে মরিয়া ক্যালিস। জাতীয় দলের বাইরে থেকেই নিজের ফর্ম নিয়ে কাজ করতে চান এই প্রোটিয়া। আইপিএলের এই মৌসুমেই রানে ফেরার কথা বললেন তিনি, ‘সুতরাং আগামী মাসের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রোটিয়াস দলে থাকাটা আমার কাছে অন্যায়। অবশ্যই আমি ২০১৫ সালের বিশ্বকাপ খেলার আশা ত্যাগ করিনি। প্রধান বিবেচ্য বিষয় কলকাতা নাইট রাইডার্সকে একটি ভালো জায়গায় নেয়া এবং তারপর আমার কাছে কোনটি প্রাধান্য পাবে সেটা চিন্তা করার জন্য কিছু সময় নেয়া।’ আইপিএল-এর বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট নাইডার্স এ পর্যন্ত ১০ ম্যাচের মধ্যে সাতটিতে পরাজিত হয়েছে। গত মৌসুমে ১৭ ম্যাচে ক্যালিসের মোট রান ছিলো ৪০৯। আর এ বছর এ পর্যন্ত ১০ ম্যাচে তার মোট রান মাত্র ১৮৬। এখনো একটি হাফ সেঞ্চুরিও করতে পারেননি তিনি।