চ্যা ম্পি য় ন্স ট্র ফি

বাদ পড়লেন যুবরাজ ও গম্ভীর

আপডেট : ০৪ মে ২০১৩, ২১:৩৫
ভারতের দল মহেন্দ্র ধোনি, শেখর ধাওয়ান. বিরাট কোহলি, সুরেশ রাইনা, দিনেশ কার্তিক, মুরালি বিজয়, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন আশ্বীন, ইরফান পাঠান, উমেশ যাদব, ভূবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, অমিত মিশ্র, বিনয় কুমার। গৌতম গম্ভীর এবং যুবরাজ সিংয়ের জায়গা হলো না ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। তবে তিন বছর পরে আবারো রঙ্গিন পোশাকে ফিরছেন দিনেশ কার্তিক। ইংল্যান্ডে আগামী ৬ জুন থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের জন্য গতকাল শনিবার ভারত তাদের দল ঘোষণা করে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সর্বশেষ হোম সিরিজের দলে ছিলেন গম্ভীর এবং যুবরাজ। তবে সুযোগ পেয়েও সেটাকে কাজে লাগাতে পারেননি দুজনের কেউই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলমান আসরেও তারা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। তাই এ দুজনের বাদ পড়াটা মোটামুটি অনুমিতই ছিল। সর্বশেষ সিরিজের দলে ছিলেন এমন খেলোয়াড়দের মধ্যে বাদ পড়েছেন আরো চারজন। এর মধ্যে ইনজুরির কারণে দলে জায়গা হয়নি চিতেশ্বর পূজারার। আজিঙ্কা রাহানে ছাড়াও পেসার অশোক দিন্দা এবং শামি আহমেদ বাদ পড়েছেন ফর্ম হীনতার কারণেই। টুর্নামেন্টটিতে ভারতীয় দলে পাচ্ছে মোট পাঁচ জন স্পেশালিস্ট ব্যাটসম্যানকে। তারা হচ্ছেন শেখর ধাওয়ান, মুরালি বিজয়, বিরাট কোহলি, সুরেশ রায়না এবং রোহিত শর্মা। উইকেট রক্ষক এবং মহেন্দ্র সিং ধোনির বিকল্প হিসেবে থাকছেন কার্তিক। আর বোলিং বিভাগে স্পিনারদের আধিপত্যই হটিয়ে পাঁচজন পেসার জায়গা করে নিয়েছেন দলে। ইংল্যান্ডের চিরাচরিত পেস সহায়ক উইকেটই নির্বাচকদের এমন সিদ্ধান্তের পেছনে কাজ করেছে। অফস্পিনার রবীচন্দ্রন আশ্বীনের সঙ্গে দলে আরো থাকছেন বাঁহাতি রবীন্দ্র জাদেজা এবং লেগ স্পিনার অমিত মিশ্র। আর পেসারদের মধ্যে যাদবের সঙ্গে থাকছেন ইরফান পাঠান, বিনয় কুমার, ভুবনেশ্বর কুমার এবং ইশান্ত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচ সিরিজে গম্ভীরের সংগ্রহ ছিল মাত্র ১২৭। আর ক্যান্সার অপারেশনের পরে দলে ফিরে আটটি ওয়ানডে খেলে মাত্র একবার পঞ্চাশের ঘরে পা রাখতে পেরেছেন তিনি। অন্যদিকে প্রায় এক বছর বিরতির পর ওয়ানডে দলে ফেরা ধাওয়ানকে দলে নেয়ার পেছনে বড় যুক্তি হচ্ছে তার টেস্ট পারফরম্যান্স। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের অভিষেক টেস্টে করেছেন টেস্ট ইতিহাসের দ্রুততম অভিষেক সেঞ্চুরির রেকর্ড। এরপরে ইনজুরির কারণে শেষ টেস্টটি খেলতে না পারলেও ইনজুরি কাটিয়ে ফিরে আইপিএলএ গত তিন ম্যাচে দুটি অপরাজিত হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছেন। সিনিয়র খেলোয়াড়দের মধ্যে বিরেন্দর শেবাগ এবং হরভজন সিং আবারো উপেক্ষিতই থেকে গেছেন। টুর্নামেন্টের সপ্তম দল হিসেবে ভারত তাদের ১৫ সদস্যের দল ঘোষনা করলো। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে শুধু ওয়েস্ট ইন্ডিজই তাদের দল ঘোষনা করেনি।