ব্যাটিংয়ে গুরুত্ব দিচ্ছে পাকিস্তান

আপডেট : ০৪ মে ২০১৩, ২১:৩৬
পাহাড়ঘেরা অ্যাবোটাবাদ শহর, এমনকি মাঠটাও পাহাড়ঘেরা। এর মধ্যে এক পাশে টেনে ব্যাটিং প্র্যাকটিস করছেন সাঈদ আজমল। হঠাত্ করে বল ছেড়ে ব্যাট হাতে নেয়ার কারণ? আসলে গোটা পাকিস্তান ক্রিকেট দলই ব্যাটিংকেই বেশি গুরুত্ব দিচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগকে সামনে রেখে পাকিস্তানের দুশ্চিন্তা এখন ব্যাটিংকে ঘিরেই। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর অল্প ক’দিন বাকি। আগামী জুন মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটির সর্বশেষ আসর। হাতে সময় কম, তাই প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে প্রত্যেকটি দল। গত শুক্রবার থেকে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল নিজেদের প্রস্তুতির জন্য ক্যাম্প গড়েছে অ্যাবোটাবাদে। আর প্রস্তুতিতে মূলত দলের ব্যাটিংয়েই জোর দেয়া হচ্ছে। পাকিস্তান দলটির সাথে মূল কোচ ডেভ হোয়াটমোর ছাড়াও আছেন সাবেক দুই ক্রিকেটার ওয়াসিম আকরাম ও জাভেদ মিয়াদাদ। একদিকে মিসবাহ-উল হক, নাসির জামসেদ, উমার আমিনদের ব্যাটিং প্র্যাকটিস করান জাভেদ, অন্যদিকে সহকারী কোচ শহীদ আসলামের অধীনে অনুশীলন চালিয়ে যান তিন বোলার মোহাম্মদ ইরফান, সাঈদ আজমল ও জুনায়েদ খান। জুন মাসে ইংল্যান্ড যাওয়ার আগে আরও দুইটি আন্তর্জাতিক ম্যাচে খেলবে পাকিস্তান। দুইটি প্রস্তুতি ম্যাচে তারা মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে। দলে নেই অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান। দল থেকে বাদ দেয়া হয়েছে উমর আকমল ও অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে। তাই ব্যাটিংকে বেশি গুরুত্ব দেয়াটা যথেষ্ট যৌক্তিকই বটে। আর ব্যাটিংয়ের জন্য পাকিস্তান তাকিয়ে থাকবে আসাদ শফিকের দিকে। নিজ দেশে অনুষ্ঠিত প্রেসিডেন্ট কাপ ওয়ানডেতে টানা চারটি হাফ সেঞ্চরি করেন শফিক। দেশের প্রত্যাশার কথা জানেন শফিকও। তাই অনুশীলনে তিনি বেশ মনোযোগী। আর এর মধ্যেই বেশ আত্মবিশ্বাসী এই ব্যাটসম্যান, ‘এটা এমন একটা উইকেট যার সাথে ইংল্যান্ডের উইকেটের মিল আছে। আর এটা ব্যাটিং এবং বোলিং উভয়ের জন্যই সহায়ক। আর দক্ষিণ আফ্রিকা সিরিজের পর এখন আমি বেশ আত্মবিশ্বাসী। এখন অনুশীলনের মধ্য দিয়ে আমি নিজের ছন্দ ধরে রাখতে চাই।’ আর টুর্নামেন্টে দলের সাফল্যই দেখতে পাচ্ছেন আসাদ শফিক, ‘বলা যায় প্রস্তুতি আমরা বেশ ভালোভাবেই নিয়েছি। এখন মাঠে আমাদের পরিকল্পনামতো খেলতে পারলেই আমরা সাফল্য পাবো।’