ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন কোমরের অস্ত্রপচারের জন্য আগামী মৌসুমের শুরুতে দলের সঙ্গে নাও থাকতে পারেন। ক্লাবের বেশ কিছু সূত্র খবরটির সত্যতা নিশ্চিত করেছে।
প্রাক-মৌসুম সফরে এ বছর ম্যানচেস্টার ইউনাইটেড থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান এবং হংকংয়ে যাচ্ছে। এর আগেই ফার্গুসন তার গ্রীষ্মকালিন ছুটি উপভোগ করবেন। আর জুলাইয়ের শেষ দিকে তিন সপ্তাহের প্রাক-মৌসুম সফর শেষ হওয়া মাত্রই ফার্গুসনকে শল্য চিকিত্সকের শরণাপন্ন হতে হবে। অস্ত্রপচারের সময়টা ফার্গুসন এরই মধ্যে নিশ্চিত করেছেন। আগামী আগস্টের ১১ তারিখ ম্যানচেস্টার সিটি অথবা উইগানের বিরুদ্ধে কমিউনিটি শিল্ডের খেলার মধ্য দিয়ে শুরু হবে ইউনাইটেডের পরবর্তী মৌসুমের সূচনা। এর সপ্তাহ বাদে ‘রেড ডেভিল’রা মাঠে নামবে শিরোপা ধরে রাখার মূল লড়াইয়ে। এই সময়ের আগেই ফার্গুসন অস্ত্রপচারের ধকল সামলে উঠতে পারবেন কিনা সেটা এখনও নিশ্চিত না। তবে ধারণা করা হচ্ছে প্রথম থেকেই দলের সঙ্গে থাকতে হলে দ্রুতই সেরে উঠতে হবে ৭১ বছর বয়সী এই কোচকে।
