প্রথম ওয়ানডে জয়ের পর নিশ্চয়ই খুব খুশি?
অবশ্যই। শুধু আমি কেন, ছেলেদের দিকে দেখ না। ওরা অনুশীলনে কেমন মজা করছে। এখন আত্মবিশ্বাসটা অনেক বেড়ে গেছে। নেটে ছেলেরা এমনিতেই খুব কষ্ট করছিল, জিম-পুলেও খুব পরিশ্রম করছিল। সেটার ফল পেয়ে সবাই খুব খুশি। এখন আগামীকাল (আজ) আরেকটা ইতিবাচক ফলের জন্য চেয়ে আছি। আশাকরি আগামীকালই (আজ) জিতে সিরিজটা নিশ্চিত করব আমরা।
সাকিবকে কী একটু ফর্মের বাইরে বলে মনে হচ্ছে?
দেখুন ক্রিকেটে এরকম উত্থান-পতন থাকে। আমার মনে হয় না, ওর সময়টাও খারাপ যাচ্ছে। ম্যাচের পর ড্রেসিংরুমেও ওকে খুব ইতিবাচক মনে হয়েছে। খুবই শান্ত আছে। তার মানে সে সঠিক পথেই আছে। ও তো নিজের খেলাটা সবচেয়ে ভালো বোঝে। ও দলের সেরা খেলোয়াড়, বিশ্বের সেরা অলরাউন্ডার। আসলে এই ম্যাচটা ছিল ওর জন্য এমন একটা ম্যাচ, ভাগ্য যেখানে সঙ্গে ছিল না। আমার মনে হয়, পরের খেলাতেই ও স্বরূপে ফিরে আসবে।
ওর কী ইনজুরির জন্য অনুশীলনের একটু অভাব হয়েছে বলে মনে হয়?
নাহ। তারপর তো টেস্ট খেললো, সেখানে ব্যাটে খুবই ভালো পারফরম করলো। বলতে পারেন, এটা আলাদা ফরম্যাট; কিন্তু ওকে দেখে বোঝা যায়, ও ঠিকই আছে।
এখানে তো আসলে সিমারদেরই কাজটা বেশি।
হ্যাঁ। আমাদের চার জন সিমার আছে। উইকেটে সামান্য ঘাস আছে। ফলে সিমারদেরই কাজটা বেশি করতে হচ্ছে। কারণ, উইকেট কমবেশি পেস-সহায়ক আচরণ করছে। গত ম্যাচে জিয়া যেমন অসাধারণ বল করেছে, তেমন আশাকরি পরের ম্যাচগুলোতেও কেউ না কেউ করবে।
এই ধরনের উইকেট কী আপনার স্পিনারদের জন্য একটু প্রতিকূলতা তৈরি করছে?
আপনারা দেখে থাকবেন, আমরা শুধু স্পিন বোলিংয়েই উন্নতি করছি না। ফাস্ট বোলিংয়ে, ব্যাটিংয়ে আসলে দল হিসেবেই উন্নতি করছে। বাংলাদেশ এক ডিপার্টমেন্টের ওপর ভরসা করা একটা দল হয়ে থাকতে চায় না; আমরা তা থাকবোও না। একটা বিভাগের ওপর ভরসা করে সব কন্ডিশনে ম্যাচ জেতা সম্ভব না। আমাদের সৌভাগ্য, সিমাররা ভালো করছে। এটা একটা ভালো লক্ষণ। ফলে উইকেট স্পিনারদের পক্ষে না থাকলেও আমাদের সমস্যা হচ্ছে না।
কিন্তু কোয়ালিটি-সিমার বলতে যা বোঝায়- তা কী আছে দলে?
কোয়ালিটি-সিমারের অভাব আমাদের নেই। সফিউল, জিয়া ভালো করছে, রবিউল দুর্দান্ত পারফরম করছে।
রাজ্জাক কী একটু নিষ্প্রভ বলে মনে হলো?
আমার মনে হয় না। এমনিতে হঠাত্ করে একটা সফরে এসে যোগ হলে মানিয়ে নিতে একটু সময় লাগে। তারপরও আমি ওর পারফরম্যান্সে খুশি। ওদের সেরা পারফরমার টেলরের উইকেটটা যেভাবে নিয়েছে, সেটা তো অসাধারণ। ওদের এই ক্যাপ্টেন দারুণ ফর্মে ছিল। আমি রাজ্জাকের বোলিং দেখে খুবই সন্তুষ্ট। ও যখন মাঠে যায়, তখন আমি বলছিলাম—দ্যাখো নেটে আমরা যথেষ্ট কাজ করেছি, যথেষ্ট কৌশল ঠিক করেছি, যথেষ্ট আলোচনা করেছি; এখন মাঠে কাজটা তোমারই করতে হবে। মাঠে নেমে তোমার যা মনে হয়, সেভাবে নিজেকে মানিয়ে নেবে, উইকেট-কন্ডিশন-পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবে। ও তাই করেছে। ফলে আমি খুশি। ও ফ্লাট বল করেছে, না কি; তা নিয়ে আমি ভাবি না। আমি ভাবি দলের জন্য ওর অবদান কী। সেটা ও করতে পেরেছে। দরকারের উইকেটটা তুলে নিয়েছে।
সব কিছুর পরও বাংলাদেশ কী জিম্বাবুয়ের চেয়ে শ্রেয়তর দল?
অবশ্যই। আমি আগে একদিন বলছিলাম, আমি এখনো বিশ্বাস করতে পারি না, আমরা জিম্বাবুয়ের বিপক্ষে কিভাবে হারলাম। অভিজ্ঞতায় বলুন, যোগ্যতায় বলুন, আমরা এগিয়ে আছি। আমরা গত কয়েক বছর ধরে জিম্বাবুয়ের চেয়ে অনেক ভালো মানের ক্রিকেট খেলছি। অবশ্যই জিম্বাবুয়ের চেয়ে আমরা বড় দল।
