২০০৬ সালের অক্টোবর থেকে ২০০৭ সালের মার্চ পর্যন্ত ১৫টি ওয়ানডের ১৪টিই জিতেছিল বাংলাদেশ! কিন্তু এর মধ্য জিম্বাবুয়ের বিপক্ষেই ৯টি, স্কটল্যান্ডের বিপক্ষে ২টি এবং কানাডা, বারমুডার বিপক্ষে একটি করে জয় ছিল; বড় দল বলতে শুধু ভারতের বিপক্ষে জয়।
দেবব্রত মুখোপাধ্যায়
বুলাওয়ে শহরটার এক গাদা ডাক নাম আছে—রাজার শহর, দ্বিতীয় রাজধানী, আকাশের শহর, ধোঁয়া-আগুনের শহর; আরও অনেক কিছু! এর মধ্যে ‘বৈচিত্র্যের শহর’ নামটা সম্ভবত সবচেয়ে মানানসই নাম। কারণ এই শহরের আট-নয় লক্ষ বাসিন্দার মধ্যে কমপক্ষে ৯টি আফ্রিকান ভাষাভাষী মানুষ আছেন! এদের একটি ভাষায় ‘বুলাওয়ে’ শব্দের অর্থ—যেখানে যুবরাজকে হত্যা করা হয়েছে। এমন নামের কারণ হল, উনবিংশ শতকের গোড়ার দিকের গৃহযুদ্ধে তখনকার রাজার ছেলে নিহত হয়েছিলেন এই শহরে।
বাংলাদেশ ক্রিকেট দল দাবি করতে পারে, তারা বুলাওয়ে নামটার সার্থকতা রক্ষা করে যাচ্ছে!
বুলাওয়েতে যে কোনো বিদেশি দল হিসেবে সর্বোচ্চ সাতবার স্বাগতিকদের ‘স্বপ্ন নিহত’ করে ওয়ানডে ম্যাচ জিতেছে বাংলাদেশ। আর গতকাল মুশফিকুর রহিমরা অনেকটাই শেষ করে দিল জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজের স্বপ্ন। আজ বুলাওয়ে নামটা পাকাপোক্ত করার পালা। প্রথম টেস্টে অপ্রস্তুত বাংলাদেশকে বিশাল ব্যবধানে হারিয়ে জিম্বাবুয়ে যে স্বপ্ন দেখছিল; আজ ওয়ানডে সিরিজ জয়ের ভেতর দিয়ে সেই স্বপ্নকে মাটির নিচে পাঠিয়ে দিতে পারে সফরকারীরা। তাতেই শহরের নামকরণের সার্থকতা।
আজ সিরিজটা নিশ্চিত করে ফেলা বাংলাদেশের একেবারে কর্তব্য কর্মের মধ্যে পড়ে। হারারের প্রথম টেস্টে নিজেদের ইতিহাসের বৃহত্তম হারের পর শঙ্কা তৈরি হয়েছিল—আরেকবার ২০১১ সালের মতো সফর জুড়ে অঘটন ঘটতে না থাকে। দ্বিতীয় টেস্টে জয়ের ভেতর দিয়ে বাংলাদেশ ফিরে এসেছে বটে; শঙ্কা বা প্রথম টেস্টের লজ্জা তাতে শেষ হয়ে গেছে, এমন দাবি করা যায় না। লজ্জা কিছুতেই ঘুচবার নয়; কিন্তু প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দল যেমন হওয়া উচিত তেমন দাপটের সঙ্গে ম্যাচ জিতে বের হওয়ায় শঙ্কাটা অন্তত দূর হয়েছে। এখন আবার এই দলটাকে সফলতার মধ্যে ছুটতে থাকা সেই বাংলাদেশ বলেই মনে হচ্ছে।
এ কথা গত ক’দিন নানাভাবেই মনে করিয়ে দেয়া হচ্ছে যে, বাংলাদেশ মানসম্পন্ন দলের বিপক্ষে জয়ের দিক বিবেচনায় নিজেদের ক্রিকেটের সফলতম সময় অতিক্রম করছে এখন। এর আগে ২০০৯ সালে বাংলাদেশ টানা তিনটি ওয়ানডে সিরিজ জিতেছে; দুটি জিম্বাবুয়ে ও একটি খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরও আগে ২০০৬ সালের অক্টোবর থেকে ২০০৭ সালের মার্চ পর্যন্ত ১৫টি ওয়ানডের ১৪টিই জিতেছিল বাংলাদেশ! কিন্তু এর মধ্য জিম্বাবুয়ের বিপক্ষেই ৯টি, স্কটল্যান্ডের বিপক্ষে ২টি এবং কানাডা, বারমুডার বিপক্ষে একটি করে জয় ছিল; বড় দল বলতে শুধু ভারতের বিপক্ষে জয়।
কিন্তু এবারের চিত্রটা পুরো আলাদা। বুলাওয়ের প্রথম ম্যাচে জয়সহ সর্বশেষ ১১ ম্যাচে বাংলাদেশ ৭টি ম্যাচ জিতেছে; ছয়টিই সাবেক-বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিপক্ষে। এই সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কাকে দু’বার, ওয়েস্ট ইন্ডিজকে তিন বার ও ভারতকে একবার হারিয়েছে।
এমন দুরন্ত গতিতে ছুটতে থাকা বাংলাদেশ ‘পুরোনো শত্রু’ জিম্বাবুয়ের বিপক্ষে অনায়াসে জয় পাবে, এটাই স্বাভাবিক ঘটনা। শুরুর সে শঙ্কা ঘুচিয়ে অন্তত সেই স্বাভাবিক ধারায় ফিরে এসেছে মুশফিকুর রহিমের দল। এই ছন্দে ফেরার পেছনে অবদান খুঁজলে অনেকেরই খুঁজতে পারে—নাসির হোসেন, সফিউল ইসলাম, মোহাম্মদ আশরাফুল; অনেকে। কিন্তু আসল কৃতিত্বটা এখনও পর্যন্ত জিয়াউর রহমানের।
ঘরোয়া ক্রিকেটের এই অভিজ্ঞ অলরাউন্ডার অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন। আর তার এই প্রাপ্তির ফলেই জিম্বাবুয়েকে একদম গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। নিজের সাফল্যের প্রসঙ্গে কথা বলতে গিয়ে খুব সরল ব্যাখ্যা দিয়েছেন জিয়া, ‘ক্যাপ্টেন যেমন বলেছে, তেমনই জায়গা মতো বল করে গেছি। বাড়তি কিছু করার চেষ্টা করিনি। আমি জানতাম, জায়গামতো বল করলে সাফল্য আসবেই।’
মূলত বোলার পরিচয়টাই তার বড় ছিল। মাঝে ইনজুরির চাপে পড়ে ব্যাটসম্যান হয়ে উঠেছেন। এখন নিজেকে আবার বোলিং অলরাউন্ডার বলে পরিচয় দিতে পছন্দ করেন জিয়া। তার চাওয়া এই পরিচয়টা যাতে আন্তর্জাতিক ক্রিকেটেও স্থায়ী হয়ে ওঠে। সে জন্য আজকের ম্যাচের লক্ষ্যটাও ঠিক করে ফেলেছেন, ‘ব্যাট হাতে ভালো কিছু করতে হবে। আর বল হাতে আমার লক্ষ্য ১০ ওভারে ৩০ রানের বেশি না দেয়া। বাকিটা সময় বলবে।’
যা বলেছেন, তা করতে পারলেই বাংলাদেশ আরেকবার বুলাওয়েতে ‘নিহত’ করে আসতে পারে জিম্বাবুয়ের স্বপ্ন।
