তারপরও থেকে যেতে চায় আরামবাগ

আপডেট : ০৪ মে ২০১৩, ২১:৫২
উনিশ’শ আশি থেকে দুই হাজার তের। টানা তেত্রিশটি বছর এদেশের ফুটবলের গৌরবময় মঞ্চে ছিল আরামবাগ ক্রীড়া সংঘ। আরেকটু ভেঙ্গে বললে এভাবে বলতে হয়, শুক্রবার দুপুর পর্যন্ত বাংলাদেশের ফুটবলের মর্যাদার আসরে ছিল ‘আন্ডারডগ’ আরামবাগ। আজ আর সেটা নেই। বিজেএমসির কাছে লীগের শেষ ম্যাচটি ৩-২ গোলে হেরে আরামবাগ তেত্রিশ বছরের ঐতিহ্য হারিয়েছে। কী অবস্থা ক্লাবের তা দেখতে দুপুরে মতিঝিলস্থ টেন্টে গিয়ে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। তাসের ঘরগুলো ব্যস্ত। কারণ এটাই নাকি দলের অন্যতম বড় আয়ের মাধ্যম। তাসের ঘরগুলো বড় করতে গিয়ে অফিস রুম সংকুচিত হয়ে গেছে। বেতনভুক্ত কর্মচারীরা, অফিসরুমে সোফায় শুয়ে টিভি দেখছিলেন। বিকালে আরামবাগ ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খোকনকে পাওয়া গেল ফোনে। তিনি হাসপাতাল থেকে এসেছেন বলে খুব বেশি সময় দিতে পারলেন না। জানতে চাইলে তিনি পেশাদার লীগে ১২ দল করার জন্য বাফুফের কাছে আবেদন করেছেন বলে জানিয়েছেন। অন্য একটি সূত্রে জানা গেলে, অবনমন হওয়া দল আরামবাগ ক্রীড়া সংঘ বর্তমান লীগ থেকে রেলিগেশন প্রথাটি বাতিল করার জন্য অনুরোধ জানিয়েছে। আরো এক মৌসুম তারা পেশাদার লীগে খেলার জন্য অনুরোধ জানিয়েছে। আগামী পেশাদার ফুটবল লীগে ১২ দল হলে আরামবাগ এই মৌসুমে টিকে যাবে। জাহিদুল ইসলাম খোকন বলেন, নয় দল নিয়ে লীগ খেলা হয় না। একটা করে ম্যাচ আমরা কম খেললাম। ১২ দল হলে একটা ভালো কম্পিটিশন হতো।’ প্রশ্ন উঠেছিল অবনমন হওয়ার পর কেন একথা ? ‘না না, আমরা শুরু থেকেই বলে আসছি ১২ দল হওয়া দরকার। না হলে লীগ জমবে না-বললেন তিনি। চলতি মৌসুম প্রায় শেষ। আরামবাগের অবনমন হওয়ার কয়েক দিন আগে শেখ রাসেল ক্রীড়া চক্র লীগ চ্যাম্পিয়ন হয়ে গেছে। অবশিষ্ট যে কয়টি ম্যাচ আছে তা শুধু আনুষ্ঠানিকতা মাত্র। এই সময় এসে আরামবাগের দাবি তারা আরেকবার পেশাদার লীগে খেলতে চায়। এরই মধ্যে পেশাদার লীগের ক্লাবগুলোর কাছ থেকে সমর্থন নিতে স্বাক্ষর সংগ্রহ করছে আরামবাগ ক্রীড়া সংঘ। কিন্তু সে সুযোগ তারা পাবে কি পাবে না, তা নিয়ে আলোচনা হবে লীগ কমিটির সভায়। অনেক কিছু বিবেচনার বিষয় রয়েছে। আরামবাগ ক্রীড়া সংঘ ১৯৮০ সালে প্রথম বিভাগ ফুটবলে প্রবেশ করার পর থেকে দাপটের সাথে খেলেছে। ফুটবল মাঠে আরামবাগকে ভয় পায়নি এমন দল কমই ছিল। মোহামেডান আবাহনীকে হারিয়েছে একাধিকবার। আশির দশকে আরামবাগের কাছে হেরে মোহামেডান নিশ্চিত শিরোপা জয় থেকে বঞ্চিত হয়েছিল। মোহামেডান আবাহনীর জয়রথ থামিয়ে দিয়েছিল নতুন আরামবাগ ক্রীড়া সংঘ নামের দলটি। মোহামেডানের বিরুদ্ধে আরামবাগের খেলা হলে সেদিন মাঠে অন্তত আট হাজার অতিরিক্ত দর্শক গ্যালারিতে বসতেন অঘটনের আশায়। একই দৃশ্য দেখা যেতো আবাহনীর ম্যাচেও। মনু, অপু, রক্সি, আলফাজ, লিটন, প্রাণতোষসহ বহু খেলোয়াড় আরামবাগ থেকে ক্যারিয়ার শুরু করে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন। মাঝারি দলগুলোর মধ্যে আরামবাগের স্থান ছিল চার নম্বর অথবা পাঁচ ছয় নম্বরে। ফেডারেশন কাপ ফুটবলের আরামবাগ দুই বার ফাইনাল খেলেছে। ২০০৩ সালে অনুষ্ঠিত এখন পর্যন্ত এদেশের একমাত্র ওয়ানডে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আরামবাগ। ৮২ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত আনফাকাপ ফুটবলে রানার্সআপ হয় আরামবাগ। বিভিন্ন দেশে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট খেলায় সাফ অঞ্চলে আরামবাগের পরিচিতি তৈরি হয়েছে। ফুটবলে আরামবাগের সুনাম ছিল তেমনি ফুটবল গ্যালারীতে নানা রকম মুখরোচক গল্পও ছিল। গল্প থেকে দুর্নাম সৃষ্টি হওয়া আরামবাগ পাতানো খেলা খেলে অনেক দলকে শিরোপা জয়ের পথ করে দিয়েছে। আবার কোনো দলকে অবনমন থেকেও বাঁচিয়েছে। ভাগ্যের হাত ধরে আজ তাদেরই অবনমন হয়েছে। বহুদিন পর বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বিতর্কমুক্ত লড়াই হয়েছে। কোনো ম্যাচ নিয়ে পাতানো খেলার অভিযোগ উঠেনি। এমনকি গুঞ্জন সৃষ্টি হয়নি। সেখান থেকে অবনমন হওয়া আরামবাগ ক্রীড়া সংঘ আরো একবার পেশাদার ফুটবল লীগে থাকতে চায়।