বার্সেলোনা আজ রবিবার লা লিগার সম্ভাব্য শিরোপা নির্ধারণী ম্যাচে রিয়াল বেটিসের মুখোমুখি হবে। ন্যূ ক্যাম্পে খেলাটির প্রাক্কালে বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি গতকাল শনিবার দলের সাথে স্বাভাবিকভাবে অনুশীলন করেন। এছাড়াও সতীর্থদের সাথে অনুশীলনে যোগ দেন মিডফিল্ডার সার্জিও বুসকেটসও।
মেসি এক মাস আগে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। দলের মেডিক্যাল কর্মীরা সবুজ সংকেত দিলেও গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে খেলতে পারেননি ফিফার বর্ষসেরা এই খেলোয়াড়।
কারণ বার্সেলোনার ম্যানেজার টিটো ভিলানোভা মেসিকে খেলানোর ঝুঁকি নিতে চাননি। যুক্তি হিসেবে ভিলানোভা জানান, আর্জেন্টাইন খেলোয়াড়টি ভাল বোধ করছিলেন না। সে খেলায় বায়ার্নের কাছে বাজেভাবে হেরে বিদায় ঘটে বার্সেলোনার। বুসকেটসও বায়ার্নের ম্যাচে খেলতে পারেননি কুঁচকিতে ইনজুরির জন্য। ভিক্টর ভালদেজের বাঁ-পায়ে ব্যথা রয়েছে। এছাড়া ফরোয়ার্ড পেদ্রো অনুশীলনে আসতে পারেননি সমস্যা থাকায়। বার্সেলোনা গত মৌসুমের চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে ১১ পয়েন্টে এগিয়ে। শিরোপার জন্য বাকি থাকা পাঁচ ম্যাচে বার্সেলোনার দরকার সমান সংখ্যক পয়েন্ট। এটি হবে পাঁচ বছরের মধ্যে বার্সেলোনার চতুর্থ শিরোপা।
অবশ্য গতকাল রাতে রিয়াল মাদ্রিদ যদি প্রতিদ্বন্দ্বী রিয়াল ভ্যালাডোলিডকে হারাতে ব্যর্থ হয় সেক্ষেত্রে বার্সেলোনা আজ বেটিসের সাথে জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে।
