শেষটা ভাল চান ফার্গুসন

আপডেট : ০৪ মে ২০১৩, ২১:৫২
ইংলিশ প্রিমিয়ার লিগ ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রবিবার লিভারপুল-এভারটন ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসি স্পোর্টস ডেস্ক ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় দলকে মৌসুমের শেষ পর্যন্ত স্বাধীনভাবে খেলার আহ্বান জানান। ইউনাইটেড আজ রবিবার ওল্ড ট্রাফোর্ডে শীর্ষ চারে থাকতে লড়াইরত চেলসির মুখোমুখি হওয়ার আগে এ কথা বলেন। ফার্গুসনের দল ইতোমধ্যে ২০তম লিগ শিরোপা জিতে ফেললেও তিনি চান খেলোয়াড়রা মাঠে নজর কাড়ুক। যদিও ইউনাইটেড এর আগে গত সপ্তাহে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের সাথে ড্র করে। এর ফলে এক মৌসুমে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে চেলসির রেকর্ডটি ছাড়িয়ে যেতে সক্ষম হয়নি রেড ডেভিলরা। প্রিমিয়ার লিগে এক মৌসুমে রেকর্ড ৯৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি। এখন পর্যন্ত এত পয়েন্ট কোন দল সংগ্রহ করতে পারেনি। আসন্ন লড়াইয়ের প্রাক্কালে তাই ফার্গুসন বলেন, ‘আমাদের এখন সময় দারুণ উদ্দীপনা ও ফুরফুরে মেজাজে নিজেদের খেলাটা উপভোগ করা। এমনটাই আমি দেখতে চাই এবং আশাবাদী আমরা মৌসুমটা ভালভাবে শেষ করতে পারবো।’ শিরোপা উত্সবের সময় এখন ইউনাইটেডের। প্রোফেশনাল ফুটবলারস এসোসিয়েশনের (পিএফএ) পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও যোগ দিয়েছিল খেলোয়াড়রা। ফার্গুসনের শিষ্যরা মাঠের বাইরেও সময়টা উপভোগ করছেন। আগামী ১৩ মে ট্রফি প্যারেড রয়েছে। এর আগের দিনই ওল্ড ট্রাফোর্ডে সোয়ানসি সিটির মোকাবেলা করবে রেড ডেভিলরা। এই ম্যাচ শেষে শিরোপা হাতে পাবে ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেড ৩৫ খেলা শেষে ৮৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। ৩৪ ম্যাচ খেলে ম্যানচেস্টার সিটি পেয়েছে ৭১ পয়েন্ট। সমান ম্যাচ খেলে সিটির চেয়ে ছয় পয়েন্ট পেছনে অবস্থান করছে চেলসি। আর্সেনাল ৩৫ ম্যাচ খেলে চেলসির চেয়ে এক পয়েন্ট কম নিয়ে চতুর্থস্থানে রয়েছে। আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলে টটেনহ্যাম ৬২ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে অবস্থান করছে। সব মিলিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য চেলসি, আর্সেনাল ও টটেনহ্যামের মধ্যে কঠিন লড়াই চলছে। চেলসির হাতে রয়েছে চার ম্যাচ। সম্ভাব্য ১২ পয়েন্টের মধ্যে দশ পয়েন্ট তুলতে পারলে এবং চেলসি তৃতীয়স্থানে থেকে মৌসুম শেষ করতে সক্ষম হলে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলতে পারবে। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে পরাস্ত হলে ত্রিমুখী এ লড়াই নতুন গতি পাবে। সেক্ষেত্রে লন্ডন শহরের অপর দুই প্রতিদ্বন্দ্বী আর্সেনাল ও টটেনহ্যাম এগিয়ে যাবে। বিশেষ করে যখন এর তিন দিন পরই টটেনহ্যাম স্টামফোর্ড ব্রিজে খেলতে নামবে। এ ব্যাপারে চেলসি স্ট্রাইকার ফার্নান্দো টোরেস বলেন, ‘আমাদের প্রিমিয়ার লিগেও মনোযোগী হতে হবে। কারণ আমাদের শীর্ষ চারে থাকা দরকার যাতে করে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারি।’