ফিরছেন জেসি রাইডার

আপডেট : ০৪ মে ২০১৩, ২১:৫২
পাঁচ সপ্তাহ আগে মারাত্মক সন্ত্রাসী হামলায় আহত হওয়ার পর সুস্থ জীবনে ফিরে আসাটাই কষ্টকর ছিল নিউজিল্যান্ড ক্রিকেটার জেসি রাইডারের। তবে, এরই মধ্যে সুস্থ হয়ে ফিরে জিম করা শুরু করলেন ক্রিকেটের ‘ব্যাড বয়’। শুক্রবার নিজের টুইটারে রাইডার লিখেছেন, তার শারীরিক অসুস্থতার মূল্য দিতে হলেও ওয়েলিংটনে তিনি একদিন জিমনেশিয়ামে পুরো দিন কাটিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘শেষ পর্যন্ত দ্বিতীয় দিন জিমনেশিয়ামে পিটি করলাম। আমি প্রায় মরেই গিয়েছিলাম। কাজ শুরু করলাম।’ গত ২৮ মার্চ একটি পানশালার বাইরে হামলার শিকার হয়ে মাথা ও ফুসফুসে মারাত্মক আঘাত পাওয়া ২৮ বছর বয়সী রাইডার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ওই হামলার পর তিনদিন কোমায় ছিলেন তিনি। ইনজুরির কারণে আকর্ষণীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন রাইডার। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে রাইডারের দুই-তিন মাস সময় লাগবে বলে গত মাসে জানিয়েছিলেন তার ম্যানেজার অ্যারন ক্লি।