বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্তাস আজ রবিবার ইটালির ফুটবল লিগে টিকে থাকার সংগ্রামে ব্যস্ত পালেরমোর সাথে কেবল এক পয়েন্ট পেলেই ২৯তম সিরিএ নিশ্চিত করে ফেলবে। তেমনটা হলে এটি হবে জুভেন্তাসের টানা দ্বিতীয় সিরিএ জয়। শিরোপা নিশ্চিত মানেই কালো এক অধ্যায়কে পেছনে ফেলবে তারা।
ইতালির দলটি সর্বশেষ ২০০৫ ও ২০০৬ সালে টানা দুইবার শিরোপা জিতেছিল। কিন্তু ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে দুটি শিরোপাই কেড়ে নেয়া হয়। শুধু তাই নয় নিচের বিভাগে নামিয়ে দেয়া হয় জুভেন্তাসকে। ম্যাচ ফিক্সিংয়ের সেই কালো ছায়া ইতালির ফুটবলে বাজে প্রভাব পড়ে। জুভেন্তাসের কোচ অ্যান্টোনিও কন্টে বলেন, ‘এখন আমাদের প্রয়োজন ঠিক এক পয়েন্ট এবং তিন ম্যাচ হাতে রেখে স্কুডেট্টো জিতে নেয়াটা হবে অসাধারণ। তারপরও আমি শিরোপা জয়ের আগে পর্যন্ত খেলোয়াড়দের তাড়া দিয়ে যাবো এবং তারাও এই ব্যাপারে পুরো সচেতন রয়েছে।’
তবে পালেরমোকে হারানো সহজ হবে না। কারণ দলটি রেলিগেশন এড়াতে পয়েন্ট পেতে মরিয়া হয়ে রয়েছে। গত পাঁচ ম্যাচ হারেনি তারা। ফলে সর্বনিম্ন স্থানে থাকা তিন দল থেকে বের হয়ে আসে ক্লাবটি। ১৮তম স্থানে থাকা জেনোয়ার সাথে সমান পয়েন্টে আছে পালেরমো। ‘হেড টু হেড’ রেকর্ড ভালো হওয়ায় এক ধাপ ওপরে অবস্থান করছে তারা।
এদিকে দ্বিতীয়স্থানে থাকা ন্যাপোলি আজ ইন্টার মিলানের মোকাবেলা করবে। শীর্ষে থাকা জুভেন্তাস থেকে ১১ পয়েন্টে পিছিয়ে রয়েছে ন্যাপোলি। এসি মিলানের লড়াইটা এখন চ্যাম্পিয়ন্স লিগের স্থান দখল নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে যেতে হলে শীর্ষ তিনে থাকতে হবে। ন্যাপোলি ৩৪ ম্যাচে ৬৯ পয়েন্ট তুলতে পেরেছে। মিলান ৬২ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে। ফিওরেন্টিনা এক পয়েন্ট কম নিয়ে চতুর্থস্থানে। সান সিরোতে মিলানের প্রতিপক্ষ আজ তোরিনো এবং গতকাল শনিবার ফিওরেন্টিনা এএস রোমার সাথে জিতে থাকলে মিলান নেমে যাবে চারে।
