বিমানের দুর্নীতি রোধে হিমশিম নয়া ব্যবস্থাপনা কর্তৃপক্ষ

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:০৩
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি দুর্নীতিবাজ চক্র দীর্ঘদিন যাবত্ তত্পর। এদের দুর্নীতির কারণে জাতীয় পতাকাবাহী এ প্রতিষ্ঠান বছরের পর বছর লোকসান দিয়ে চলেছে। গত অর্থ বছরেও বিমানের লোকসান হয়েছে ৪শ’ কোটি টাকারও বেশি। প্রায় দেড় মাস আগে বিমানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে একজন বিদেশি নাগরিককে নিয়োগ দেয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি রোধে তাকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এদিকে দুর্নীতি নির্মুলে বিমানের নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইতিমধ্যে কঠোর অবস্থান নিয়েছে। তবে এর ইতিবাচক ফল কবে পাওয়া যাবে সে সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মুখ খুলতে নারাজ। অভিযোগে প্রকাশ, বিমানে অতিরিক্ত কাজের নামে প্রতিবছর কোটি কোটি টাকা লোপাট করা হচ্ছে। এ প্রতিষ্ঠানের গ্রাহক সেবা, প্রশাসন, বিক্রয় ও বিপণন, পরিকল্পনা থেকে শুরু করে প্রতিটি বিভাগ দুর্নীতিতে নিমজ্জিত। আশির দশকে প্রশাসনের সহকারী ম্যানেজার হিসেবে চাকরি শুরু করেন এমন এক ব্যক্তির বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও তিনি পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন। বিমানের ক্রিকেট দলের খেলোয়াড়দের নামে ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে ইস্যু করা ফ্রি টিকিট হাজীদের কাছে চড়া দামে বিক্রি করে বিপুল অংকের অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে ওই কর্মকর্তার বিরুদ্ধে। এ ব্যাপারে পরিচালিত তদন্তে ওই কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হলেও বিষয়টি দীর্ঘদিন যাবত্ ধামাচাপা পড়ে আছে। এছাড়া মতিঝিলে অবস্থিত বিমানের ঢাকা জেলা কার্যালয়ের মাধ্যমে বিক্রি করা টিকিটের প্রায় আড়াই কোটি টাকা লোপাট করা হয়। বিমানের প্রশাসনিক ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে। গ্রাহক সেবা বিভাগের কাজ নিয়েও অভিযোগের অন্ত নেই। এখানে যাত্রীরা কোন অভিযোগ করে প্রতিকার পান না। এক শ্রেণির কেবিন ক্রু’র বিরুদ্ধে চোরাচালানে জড়িত থাকার বিষয়টি ‘ওপেন সিক্রেট’। গত মাসের মাঝামাঝি সময় একজন বৈমানিক ব্যক্তিগত সফরে বিমানের ফ্লাইটে ব্যাংকক যান। সেখান থেকে এক সপ্তাহ পর তিনি বিপুল পরিমাণ চোরাচালানকৃত পণ্য নিয়ে ঢাকায় ফিরে আসেন। বিমান বন্দরের শুল্ক কর্তৃপক্ষ ওই বৈমানিকের চোরাচালানের বিষয়টি গোপন সূত্রে খবর পান। তাকে তল্লাশির জন্য বিমান বন্দরে শুল্ক কর্মকর্তারা প্রস্তুত ছিলেন। কিন্তু ওই বৈমানিক মালামালসহ অন্য পথে পালিয়ে যান। বিমান কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার ওই বৈমানিককে ৭২ ঘণ্টার মধ্যে বিষয়টির ব্যাপারে তার বক্তব্য জানানোর জন্য নির্দেশ দিয়েছেন। অপরদিকে গত বুধবার ঢাকা থেকে লন্ডনগামী বিমানের একটি ফ্লাইটে ১৬ জন কেবিন ক্রু’কে হিথ্রো বিমান বন্দরের শুল্ক কর্তৃপক্ষ সিগারেট চোরাচালানের দায়ে আটক করে। এ নিয়ে হিথ্রো বিমান বন্দরে তুলকালাম কাণ্ড ঘটে। পরে ওই ফ্লাইটের বৈমানিকের মধ্যস্থতায় তাদের ছেড়ে দেয়া হয়। বিষয়টি অবহিত হওয়ার পর বিমানের ব্যবস্থাপনা পরিচালক তাদের লন্ডন থেকে ফিরিয়ে এনে চাকরি থেকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন। এদিকে নতুন ব্যবস্থাপনা পরিচালক সম্প্রতি বিমানকে আগামী দুই বছরের মধ্যে লাভজনক করার সংকল্প ব্যক্ত করেছেন। গত সপ্তাহে তিনি বিমানের দুর্নীতিবাজ চক্রের প্রতি হুশিয়ারি দিয়ে একটি সার্কুলার জারি করেছেন। এতে বলা হয়েছে, এক শ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর কারণে বিমানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিমানের অভ্যন্তরে সকল দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে সব ধরনের ব্যবস্থা অবলম্বন করা হবে। প্রয়োজনে সর্বশক্তি দিয়ে আইন প্রয়োগ এবং দুর্নীতিবাজদের আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হবে।