সাভার ট্র্যাজেডি

আঞ্জুমান মুফিদুলের কাছে ৪৬ লাশ হস্তান্তর আজ

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:০৩
সাভারের রানা প্লাজা ধসে নিহতদের মধ্যে অজ্ঞাতপরিচয়ের ৪৬টি লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টার পরে দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। গতকাল শনিবার বিকালে রানা প্লাজা ধসের ঘটনায় সাভারে স্থাপিত জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে রানা প্লাজা ধসের পর শনাক্ত করতে না পারায় ৩২টি লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের পক্ষ থেকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়। জেলা প্রশাসনের পক্ষে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান জানান, অজ্ঞাত পরিচয়ের এই ৪৬টি লাশের পরিচয় জানার জন্য এবং নিহতের স্বজনরা যাতে লাশ বুঝে নিতে পারে সে কারণে আজ রবিবার সকাল ১০টা পর্যন্ত লাশগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হবে। এসব লাশের দাবিদার কেউ থাকলে তাদের আজ সকাল ১০টার মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়েছে। এসব লাশের ওয়ারিশদের নেয়ার জন্য সাভারের অধর চন্দ্র স্কুল মাঠ থেকে সকাল ৮টায় গাড়ি ছাড়বে বলেও জানান ইউএনও। রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে গতকাল শনিবার ভোর ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৮ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ১১ দিনে উদ্ধার করা মৃতদেহের সংখ্যা দাঁড়ালো ৫৫০টি। এখনো অনেক লাশ ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে কমপক্ষে আড়াই হাজার শ্রমিককে। এখনো ৯ পদাতিক ডিভিশনের সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার অভিযান শেষ হতে আরো ১০/১২ দিন লেগে যেতে পারে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।