চার সিটি নির্বাচনে তৈরি ভোট কেন্দ্রের তালিকা

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:০৪
চার সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে ভোটগ্রহণের জন্য প্রায় ১২ হাজার নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেয়া হচ্ছে। এছাড়া সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সিটিগুলো রিটার্নিং অফিসারকে তাগাদা পত্র দিয়েছে কমিশন। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো ঃ শাহ নেওয়াজ ইত্তেফাককে বলেন, চার সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে কমিশন। এই নির্বাচনকে কমিশন চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছে। নির্বাচনে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকালই সংশ্লিষ্ট চার সিটি জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারদের মাধ্যমে সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করা হয়েছে। এই হিসাব অনুযায়ী রাজশাহী সিটির ভোটকেন্দ্র ১৪৮ ও ভোট কক্ষ ৯১০টি। খুলনা সিটি করপোরেশনের ভোটকেন্দ্র ২৭২ ও ভোটকক্ষ ১ হাজার ৩শ। বরিশাল সিটির ভোটকেন্দ্র ১০০ ও ভোটকক্ষ ৫৫০টি। সিলেট সিটির ভোটকেন্দ্র ১৫০ ও ভোটকক্ষ ৮২০টি। এর আগে সর্বশেষ ২০০৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে রাজশাহীর ভোটকেন্দ্র ছিল ১৩০টি এবং ভোটকক্ষ ৮৪০টি। খুলনায় ভোটকেন্দ্র ২৪১টি ও ভোটকক্ষ ১০৩৩টি। বরিশালে ভোটকেন্দ্র ৯১টি ও ভোটকক্ষ ৪৭১টি। আর সিলেট সিটিতে ছিল ভোটকেন্দ্র ১২০টি ও ভোটকক্ষ ৭২০টি। রাজশাহীতে সাধারণ ওয়ার্ড ৩০টি ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৮৬ হাজার ৮৮৮ জন। যার মধ্যে পুরুষ ১ লাখ ৮৩ হাজার ৩৮৬ জন ও নারী ১ লাখ ৪৩ হাজার ৫০২ জন। খুলনায় সাধারণ ওয়ার্ড ৩১টি এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডের মোট ভোটার ৪ লাখ ৫৩ হাজার ৬৮৫ জন। যার মধ্যে পুরুষ ২ লাখ ৩২ হাজার ৩৭৫ জন ও নারী ২ লাখ ২১ হাজার ৩১০ জন। বরিশালে সাধারণ ওয়ার্ড ৩০টি ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ১০ হাজার ৩৪৬ জন। যার মধ্যে পুরুষ ১ লাখ ৭ হাজার ০৯২ জন ও নারী ১ লাখ ৩ হাজার ২৫৪ জন এবং সিলেটে সাধারণ ওয়ার্ড ২৭টি ও সংরক্ষিত ৯টি ওয়ার্ডের মোট ভোটার ২ লাখ ৯১ হাজার ৫৭ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ১৮৪ জন ও ১ লাখ ৩৩ হাজার ৮৭৩ জন নারী। আগামী ১৫ মে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে অনুমোদন ও গেজেট নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণের জন্য বলা হয়েছে। এবার নির্বাচনী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে দু’টি বিষয়কে অধিক প্রাধান্য দেয়া হচ্ছে। এর একটি প্রথম শ্রেণির কর্মকর্তা, ক্ষেত্র বিশেষে দ্বিতীয় শ্রেণি। আর দ্বিতীয়টি হচ্ছে-শুধু অভিজ্ঞতা নয় বয়স ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে এটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আগামী ২১ মে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের প্যানেল প্রস্তুত করে নির্বাচন কমিশনে প্রেরণের জন্য বলা হয়েছে। ২২ মে এসব নির্বাচনী কর্মকর্তাদের প্যানেল প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের রিটার্নিং অফিসারের কার্যালয়ে অবলোকনের জন্য প্রকাশ করা হবে। আর ৪ জুন দেয়া হবে নিয়োগপত্র। ভোটগ্রহণ কর্মকর্তার বাইরে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন-৪ জন রিটার্নিং অফিসার ও ১২ জন সহকারী রিটার্নিং অফিসার। রিটানিং অফিসার হিসাবে রয়েছেন-স্ব স্ব এলাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। ভোটগ্রহণের আগে ও পরে মোট পাঁচ দিন নির্বাচনী মাঠে থাকবে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। এ তালিকায়, স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান (র্যাব) এবং প্রয়োজনে আধা-সামরিক বাহিনীর সদস্যের তালিকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থাকবে। আর নিয়মিত বাহিনী হিসেবে থাকবে পুলিশ, আর্মস পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) ও আনসার ব্যাটালিয়ান। মোবাইল কোর্টের দায়িত্বে থাকবেন বিচারিক ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোটগ্রহণের আগে-পরে মোট পাঁচ দিন তারা দায়িত্ব পালন করেন। নিরপেক্ষতা অক্ষুণ্ন রাখার তাগিদ : নির্বাচনী কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা সকলের নিকট সমুজ্জ্বল ও সমুন্নত রিটার্নিং অফিসারকে তাগাদা সংক্রান্ত প্রজ্ঞাপন করেছে ইসি। গত ৩০ এপ্রিলের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিশেষ কোন মহলের কোন প্রকার প্রভাব বা হস্তক্ষেপ নির্বাচনের নিরপেক্ষতা যাতে ক্ষুণ্ন্ন করতে না পারে তা আইন, বিধিমালা ও আচরণ বিধিমালার আলোকে নিশ্চিত করতে হবে। নির্বাচনের ন্যায় একটি সংবেদনশীল, স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এমন কোন কাজ করবেন না; যার দ্বারা তাদেরকে উপযুক্ত কর্তৃপক্ষ এবং স্থানীয় জনগণের নিকট হেয় প্রতিপন্ন হতে হয় এবং তারা যে পক্ষপাতদুষ্ট নন এমন ধারণা সৃষ্টির নিশ্চয়তা বিধানকল্পে প্রতিটি কাজে আইন ও বিধির যথার্থ প্রয়োগ ও অনুসরণ করতে হবে। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ঘোষিত চারটি সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। আর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে, প্রার্থিতা যাচাই-বাছাই ১৫ ও ১৬ মে এবং প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে নির্ধারণ করা হয়েছে।