জামায়াতকে সাথে নিলে বিএনপি’র সঙ্গে সংলাপ নয় : নাসিম

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:০৪
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, জামায়াত হলো ফ্যাসিস্ট দল। তাই জামায়াতকে সাথে নিয়ে আসলে বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই আসে না। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে যুব আইনজীবী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীর আহ্বানে ঠাণ্ডা মাথায় ইতিবাচক সাড়া দিতে খালেদা জিয়া ও তার দল বিএনপির প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, শর্ত দিয়ে আলোচনাকে বাধাগ্রস্ত করবেন না। আলোচনা বাধাগ্রস্ত হলে এর দায়ভার আপনাদেরই নিতে হবে। তাই আসুন, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়ে প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন তা নিয়ে আলোচনা করি, আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ করতে পরিবেশ সৃষ্টি করি। মোহাম্মদ নাসিম বলেন, সুপ্রিম কোর্টের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয়ে গেছে। এটা ফিরিয়ে আনা সম্ভব নয়। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে। সংগঠনের সভাপতি এবিএম বায়েজীদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ূন, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক আব্দুল বাসেত মজুমদার প্রমুখ।